T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপ দ্বিতীয়বার ওয়েস্ট ইন্ডিজে! কখনও চ্যাম্পিয়ন হয়েছে আয়োজক দেশ?
T20 World Cup Statistics: টি২০ বিশ্বকাপ এই নিয়ে প্রথমবার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে একযোগে আমেরিকা এবার টি২০ বিশ্বকাপের আয়োজক।
ওয়েস্ট ইন্ডিজে টি২০ বিশ্বকাপ এই নিয়ে হচ্ছে দ্বিতীয়বার। শেষবার হয়েছিল ২০১০ সালে। যদিও একটি পরিসংখ্যান চিন্তায় রাখবে দু-বারের টি২০ বিশ্বজয়ীদের।

ওয়েস্ট ইন্ডিজ পোর্ট অব স্পেনে গতকাল টি২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ৯ জনের অস্ট্রেলিয়াকে হারিয়েছে ৩৫ রানে। নিকোলাস পুরাণ ২৫ বলে ৭৫ ও অধিনায়ক রভম্যান পাওয়েল ২৫ বলে ৫২ করায় ওয়েস্ট ইন্ডিজ তুলেছিল ৪ উইকেটে ২৫৭। অ্যাডাম জাম্পা নেন ২ উইকেট।
জবাবে জশ ইনগ্লিসের ৩০ বলে ৫৫ ও নাথান এলিসের ২২ বলে ৩৯ রানে ভর করে অজিরা ৭ উইকেটে ২২২ তোলে। আইপিএল খেলে দেশে ফেরা গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস, ক্যামেরন গ্রিন, প্যাট কামিন্স, ট্রাভিস হেড ও মিচেল স্টার্কদের ছাড়াই খেলে অস্ট্রেলিয়া। দুটি প্রস্তুতি ম্যাচ খেললেও ওমানের বিরুদ্ধে প্রথম ম্যাচে অজি অধিনায়ক মিচেল মার্শ বোলিং করবেন না।
ওয়েস্ট ইন্ডিজ বিগত দুটি টি২০ বিশ্বকাপে হতাশ করেছে ভক্তদের। এবার দেশের মাটিতে টি২০ বিশ্বকাপ জিততে মুখিয়ে থাকবে ক্যারিবিয়ান ব্রিগেড। অজিদের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ আত্মবিশ্বাস বাড়ানোর পক্ষে যথেষ্ট হলেও উদ্বেগে রাখবে পরিসংখ্যান। কেন না, কোনও আয়োজক দেশ আজ অবধি টি২০ বিশ্বকাপ জিততে পারেনি।
২০০৭ সালে প্রথম টি২০ বিশ্বকাপের আয়োজক দেশ ছিল দক্ষিণ আফ্রিকা। ফাইনালে পাকিস্তানকে হারিয়ে খেতাব জেতে ভারত। ২০০৯ সালের টি২০ বিশ্বকাপ হয় ইংল্যান্ডে, সেবার পাকিস্তান চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কাকে হারিয়ে। ২০১০ সালের টি২০ বিশ্বকাপ হয় ওয়েস্ট ইন্ডিজে, অস্ট্রেলিয়াকে হারিয়ে খেতাব জেতে ইংল্যান্ড।
২০১২ সালে শ্রীলঙ্কা ছিল টি২০ বিশ্বকাপের আয়োজক। শ্রীলঙ্কাই একমাত্র আয়োজক দেশ যারা ফাইনাল অবধি পৌঁছেছিল। কিন্তু ফাইনালে হেরে যায় ওয়েস্ট ইন্ডিজের কাছে। ২০১৪ সালের টি২০ বিশ্বকাপের আয়োজক ছিল বাংলাদেশ। শ্রীলঙ্কা খেতাব জিতেছিল ভারতকে পরাস্ত করে।
২০১৬ সালে টি২০ বিশ্বকাপের আয়োজক দেশ ছিল ভারত। সেবার কলকাতার ইডেনে ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০২১ সালে টি২০ বিশ্বকাপ আয়োজন করেছিল সংযুক্ত আরব আমিরশাহী ও ওমান। অস্ট্রেলিয়া খেতাব জিতেছিল নিউজিল্যান্ডকে হারিয়ে। ২০২২ সালের টি২০ বিশ্বকাপের আয়োজক দেশ ছিল অস্ট্রেলিয়া। ইংল্যান্ড ফাইনালে হারায় পাকিস্তানকে। এবার কী হবে? উত্তর মিলবে ২৯ জুন।












Click it and Unblock the Notifications