T20 World Cup: বিশ্বকাপে অপরাজিত প্রোটিয়ারা, আয়োজকদের ছিটকে দিয়ে সেমিতে দক্ষিণ আফ্রিকা
ইংল্যান্ডের পর দ্বিতীয় দল হিসাবে টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল দক্ষিণ আফ্রিকা। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৩ উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে হারাল প্রোটিয়ারা। সেইসঙ্গে বিদায় নিল ওয়েস্ট ইন্ডিজ।
এই গ্রুপ থেকে আগেই সেমিফাইনালে স্থান নিশ্চিত করেছে ইংল্যান্ড। ফলে দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ ছিল কার্যত কোয়ার্টার ফাইনালের সামিল। যে দল জিতবে তারাই শেষ চারে জায়গা করে নেবে। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা।

শুরুতেই ২ উইকেট হারিয়ে চাপে পড়া ওয়েস্ট ইন্ডিজকে টানলেন রোস্টন চেজ এবং কাইল মেয়ার্স জুটি। এই জুটি ৮১ রানের পার্টনারশিপ গড়ে তোলে। ৪২ বলে ৫২ রান করেন রোস্টন। তাঁর ইনিংসে ছিল তিনটি চার এবং দুটি ছক্কা। ৩৪ বলে ৩৫ রান করেন মেয়ার্স। এরপর আর কোনও ক্যারিবিয়ান ব্যাটার সেভাবে রান পেলেন না। পাওয়েল, আন্দ্রে রাসেল বা আকিল হোসেন কেউই ব্যাট হাতে সফল হলেন না।
নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৫ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। প্রোটিয়াদের হয়ে শামসি ৪ ওভারে ২৭ রান দিয়ে ৩ উইকেট সংগ্রহ করলেন। একটি করে উইকেট পেলেন মার্করাম, জানসেন, কেশব মহারাজ, রাবাদা।
বৃষ্টির জন্য ওভার কমে সঙ্গে রানও। প্রোটিয়াদের জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ১৭ ওভারে ১২৩। ব্যাটিং করতে নেমে শুরুতেই রেজা হেনড্রিকস্ (০) এবং কুইন্টন ডি ককের (১২) উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক মার্করাম ১৫ বলে ১৮ রান করে আউট হলেন। মিডল ওর্ডারে প্রোটিয়াদের টানলেন ত্রিস্তান স্টাবস এবং ক্লাসেন দুটি। স্টাবস করলেন ২৭ বলে ২৯। ১০ বলে ২২ রানের ঝোড়ো ইনিংস খেললেন ক্লাসেন।
এরপর মিলার ৪ রানে এবং কেশব মহারাজ ২ রানে আউট হতেই খেলা জমে উঠে। শেষ দিকে প্রোটিয়াদের চেপে ধরে ক্যারিবিয়ানরা। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ৫ রান। কিন্তু ৫ বল বাকি থাকতেই ম্যাচ জিতে শেষ চারে পৌঁছে গেল প্রোটিয়ারা। শেষ দিকে মার্কো জানসেন ২১ রান করে দলের জয় নিশ্চিত করলেন। সেই সঙ্গে আমেরিকার পর আয়োজক ওয়েস্ট ইন্ডিজও টুর্নামেন্ট থেকে বিদায় নিল।
এখনও পর্যন্ত টুর্নামেন্টে কোনও ম্যাচ হারেনি প্রোটিয়ারা। ফলে সুপার ৮-র গ্রুপ বি থেকে শীর্ষে থেকেই সেমিতে গেল মার্করামের দল। বি গ্রুপ থেকে সেমির দুটি দলই নিশ্চিত হয়ে গেল। এ গ্রুপে শীর্ষে আছে টিম ইন্ডিয়া। এখন দেখার এই গ্রুপ থেকে কোনও দুই দল সেমিতে স্থান করে নেয়।












Click it and Unblock the Notifications