T20 World Cup 2024: হাসারঙ্গার নেতৃত্বে টি২০ বিশ্বকাপে শ্রীলঙ্কা, দলে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেল
T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল শ্রীলঙ্কা। ওয়ানিন্দু হাসারঙ্গা চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেও টি২০ বিশ্বকাপে নেতৃত্ব দেবেন।
অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের মেলবন্ধন ঘটিয়েই শ্রীলঙ্কার দল গঠন হয়েছে। চমক একটিও টি২০ আন্তর্জাতিক না খেলা বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার দুনিথ ওয়েল্লালাগে।

তাঁর সঙ্গেই বিশ্বকাপের দলে রয়েছেন টপ অর্ডার ব্যাটার কামিন্দু মেন্ডিস, রাউন্ড-আর্ম সিমার নুয়ান তুষারা। সিনিয়রদের মধ্যে দলে সুযোগ পেয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ, ধনঞ্জয় ডি সিলভা, দাসুন শনাকা। গোড়ালির চোট সারিয়ে হাসারঙ্গা টি২০ বিশ্বকাপে খেলতে পারবেন বলে নিশ্চিত নির্বাচকরা।
সম্প্রতি শ্রীলঙ্কায় প্র্যাকটিস ম্যাচে মাঠে নেমেছেন হাসারঙ্গা। প্রথম দুটি ম্যাচে তিনি ব্যাটিং করলেও এখনও বল করেননি। ওপেনিং ব্যাটার আবিষ্কা ফার্নান্দো, বাঁহাতি সিমার বিনুরা ফার্নান্দো, ব্যাটার কুশল পেরেরা বিশ্বকাপের দলে জায়গা পাননি। আবিষ্কা মার্চে বাংলাদেশ সফরে সাফল্য পাননি। চোট সারিয়ে ফিরে নির্বাচকদের মন জয়ে ব্যর্থ কুশল।
তুষারা হ্যাটট্রিক-সহ ২০ রানে পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন। সে কারণে তিনি দৌড়ে পিছনে ফেলে দিয়েছেন বিনুরাকে। শ্রীলঙ্কার ব্যাটিং অর্ডারের প্রথম ছয় হতে পারে এরকম- পাথুম নিসঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, সাদিরা সমরবিক্রমা, চরিথ আসালঙ্কা ও অ্যাঞ্জেলো ম্যাথিউজ।
স্পিন আক্রমণ হাসারঙ্গার সঙ্গে সামলাবেন মাহিশ থিকশানা। ব্যাটিং অর্ডারে হাসারঙ্গা নিজেকে উপরের দিকে তুলে আনতে পারেন প্রয়োজন। জোরে বোলারদের মধ্যে একাদশে সুযোগের জোর লড়াই হতে পারে। দুষ্মন্ত চামিরা থাকবেন। তুষারা, মাথিশা পাথিরানা ও দিলশান মাদুশঙ্কার মধ্যে এক বা দু-জন একাদশে থাকবেন।
বাংলাদেশ, নেপাল, নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে গ্রুপ ডি-তে রয়েছে শ্রীলঙ্কা। ৩ জুন নিউ ইয়র্কে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচ। ৮ জুন ডালাসে খেলবে বাংলাদেশের বিরুদ্ধে। ১২ জুন ফ্লোরিডায় নেপাল ও ১৭ জুন সেন্ট লুসিয়ায় নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামবে শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কার টি২০ বিশ্বকাপ দল- ওয়ানিন্দু হাসারঙ্গা (অধিনায়ক), চরিথ আসালঙ্কা (সহ অধিনায়ক), কুশল মেন্ডিস, পাথুম নিসঙ্কা, কামিন্দু মেন্ডিস, সাদিরা সমরবিক্রমা, অ্যাঞ্জেলো ম্য়াথিউজ, দাসুন শনাকা, ধনঞ্জয় ডি সিলভা, মাহিশ থিকশানা, দুনিথ ওয়েল্লালাগে, দুষ্মন্ত চামিরা, মাথিশা পাথিরানা, নুয়ান তুষারা, দিলশান মাদুশঙ্কা। ট্রাভেলিং রিজার্ভ- আসিথা ফার্নান্দো, বিজয়কান্ত বিয়াসকান্ত, ভানুকা রাজাপক্ষ, জানিথ লিয়ানাগে।












Click it and Unblock the Notifications