T20 World Cup 2024: ইংল্যান্ডকে ছিটকে দিতে অস্ট্রেলিয়ার কুবুদ্ধি! নির্বাসিত হতে পারেন অধিনায়ক মার্শ
T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপে ইংল্যান্ডের ভাগ্য নির্ভর করছে আবহাওয়া আর অস্ট্রেলিয়ার উপর! ওমান ও নামিবিয়ার বিরুদ্ধে কোনও একটি ম্যাচ ভেস্তে গেলেই বিদায় নেবে গতবারের চ্যাম্পিয়নরা।
তবে নামিবিয়া ও ওমানকে হারালেও ইংল্যান্ডকে তাকিয়ে থাকতে হবে অস্ট্রেলিয়া বনাম স্কটল্যান্ড ম্যাচের ফলাফলের উপর। যে ম্যাচে কম ব্যবধানে স্কটল্যান্ড হারলেও ইংল্যান্ড ছিটকে যাবে।

অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক টিম পেইন থেকে অজি পেসার জশ হ্যাজলউড- প্রকাশ্যে বলে ফেলেছেন, ইংল্যান্ডকে ছিটকে দিতে স্কটল্যান্ডের বিরুদ্ধে কম রানে হারতেই পারে অস্ট্রেলিয়া। আর তাতেই তুঙ্গে উঠেছে বিতর্ক। এমন পরিকল্পনার কুবুদ্ধির কথা জনসমক্ষে অস্ট্রেলিয়া দলের হ্যাজলউড বলে ফেলাতেই বিতর্ক শুরু হয়েছে।
হ্যাজলউডের বক্তব্য, এমন পরিস্থিতিতে আগে অস্ট্রেলিয়া পড়েনি, যেখানে তাদের ফলাফলের উপর নির্ভর করছে ইংল্যান্ডের ভাগ্য। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে ইংল্যান্ডের মুখোমুখি হতেই হবে। টি২০-তে অস্ট্রেলিয়াকেও কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয়। ফলে বিশ্বের অন্যতম সেরা দল ইংল্যান্ডকে ছিটকে দেওয়া গেলে তা সব দলের কাছেই মঙ্গল।
নামিবিয়ার বিরুদ্ধে বড় জয় ছিনিয়ে নিয়ে অস্ট্রেলিয়া পৌঁছে গিয়েছে সুপার এইটে। বিদায় নিয়েছে ওমান ও নামিবিয়া। যদিও নামিবিয়া অধিনায়ক জেরার্ড এরাসমাস শেষ ম্যাচে ইংল্যান্ডকে হারানোর বিষয়ে প্রত্যয়ী। ফলে যদি এই অঘটন নামিবিয়া ঘটাতে পারে তাহলে এমনিতেই ছিটকে যাবে ইংল্যান্ড।
অস্ট্রেলিয়া যদি কম ব্যবধানে স্কটল্যান্ডের কাছে হারে তাহলে বড় শাস্তির মুখে পড়তে পারেন অধিনায়ক মিচেল মার্শ। আইসিসির আচরণবিধি অনুযায়ী, কোনও দল যদি ইচ্ছাকৃতভাবে কোনও দলকে ছিটকে দিতে ম্যাচের ফলাফলকে প্রভাবিত করে, এমনকী নেট রান রেটে কোনও দলকে ইচ্ছাকৃতভাবে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে শাস্তি হবে সংশ্লিষ্ট দলের অধিনায়কের।
স্ট্র্যাটেজি বা ট্যাকটিক্যাল কারণে এমন অবৈধ পন্থা অবলম্বন করে ন্যূনতম শাস্তি ম্যাচ ফি-র ৫০ শতাংশ জরিমানা। সর্বাধিক শাস্তির বিধান রয়েছে চারটি ডিরেমিট পয়েন্ট ও দুটি সাসপেনশন পয়েন্ট যোগ হবে অধিনায়কের নামের পাশে। ফলে মিচেল মার্শ সুপার এইটে তিনটি ম্যাচের দুটিতেই খেলতে পারবেন না।
যদিও অস্ট্রেলিয়া ইচ্ছাকৃতভাবে ম্যাচের ফলাফল প্রভাবিত করে ইংল্যান্ডকে ছিটকে দিতে চেয়েছে স্কটল্যান্ডকে রেখে দিতে, এ বিষয়ে আম্পায়ারদের নিশ্চিত হওয়া সহজ ব্যাপার নয়। যদি না দাপট দেখানোর পর আচমকা পট পরিবর্তন হয়। এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার বাঁচার রাস্তা খোলা রয়েছে।
অস্ট্রেলিয়া ইতিমধ্যেই যেহেতু সুপার এইটে চলে গিয়েছে, ফলে কয়েকজন তারকাকে বিশ্রাম দিয়ে রিজার্ভ বেঞ্চের ক্রিকেটারদের স্কটল্যান্ড ম্যাচে খেলাতে পারে অজিরা। উল্লেখ্য, ১৯৯৯ সালের বিশ্বকাপে নিউজিল্যান্ডের সুপার সিক্সে যাওয়ার পথ কঠিন করে দিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অস্ট্রেলিয়া মন্থর ব্যাটিং করায় বিতর্ক হয়েছিল। সবমিলিয়ে বেশ টানটান পরিস্থিতি উদ্বেগের মধ্যেই রাখছে জশ বাটলারদের।












Click it and Unblock the Notifications