T20 World Cup 2024: শাকিব, রিশাদদের দাপটে বাংলাদেশের জয়, নেদারল্যান্ডস হারতেই বিদায় শ্রীলঙ্কার
T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপে শেষ আটে ওঠার আশা উজ্জ্বল করল বাংলাদেশ। আজ নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয় টাইগারদের। শাকিব আল হাসানের অর্ধশতরান, সেই সঙ্গে নিয়ন্ত্রিত বোলিংয়ে সুনিশ্চিত হলো জয়।
দক্ষিণ আফ্রিকা গ্রুপ ডি থেকে সুপার এইটে পৌঁছে গিয়েছে আগেই। শেষ আটে ওঠার লড়াইয়ে নেদারল্যান্ডসের চেয়ে সুবিধাজনক জায়গাতেই এখন বাংলাদেশ। তাদের জয়ে ছিটকে গেল শ্রীলঙ্কা।

সেন্ট ভিনসেন্টে টস জিতে নেদারল্যান্ডস ফিল্ডিং নিয়েছিল। বাংলাদেশ ২০ ওভারে ৫ উইকেটে ১৫৯ রান তোলে। শাকিব আল হাসান চারে নেমে ৪৬ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে রয়েছে ৯টি চার। ওপেনার তানজিদ হাসান ২৬ বলে ৩৫ ও মাহমুদুল্লাহ ২১ বলে ২৫ রান করেন।
অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৩ বলে ১ ও লিটন দাস ২ বলে ১ রান করে সাজঘরে ফেরেন। তৌহিদ হৃদয় ১৫ বলে ৯ রান করে আউট হন। ৭ বলে ১৪ রানে অপরাজিত থাকেন জাকের আলি। আরিয়ান দত্ত ৪ ওভারে ১৭ ও পল ভ্যান মিকেরেন ৪ ওভারে ১৫ রান দিয়ে ২টি করে উইকেট নেন। টিম প্রিঙ্গল নেন ১ উইকেট।
জবাবে খেলতে নেমে নেদারল্যান্ডস ৯.৩ ওভারের মধ্যে ৬৯ রানে তিন উইকেট হারায়। এরপর পরিস্থিতি সামাল দিয়ে জেতানোর চেষ্টা করছিলেন সিব্রান্ড এঙ্গেলব্রেখট ও অধিনায়ক স্কট এডওয়ার্ডস। যদিও ১৪তম ওভারে ২ বলের ব্যবধানে দুটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ডাচরা।
১১১ রানে দুটি এবং ১১৭ রানে দুটি উইকেট খুইয়েই ম্যাচ থেকে ছিটকে যেতে থাকে নেদারল্যান্ডস। মাইকেল লেভিট ১৮, ম্যাক্স ও'ডাউড ১২, বিক্রমজিৎ সিং ১৬ বলে ২৬, সিব্রান্ড ২২ বলে ৩৩, এডওয়ার্ডস ২৩ বলে ২৫ রান করেন। বাস ডি লিড ০ ও লোগান ভ্যান বিক করেন ২।
নেদারল্যান্ডস তোলে ৮ উইকেটে ১৩৪। আরিয়ান দত্ত অপরাজিত থাকেন ১২ বলে ১৫ রানে। ১০ বলে ১ রান করেন টিম প্রিঙ্গল, শেষ বলে তাঁকে বোল্ড করে দেন তাসকিন আহমেদ। ৪ ওভারে ৩৩ রান দিয়ে রিশাদ হোসেন নেন তিন উইকেট।
তাসকিন ৪ ওভারে ৩০ রান খরচ করে নেন ২ উইকেট। বাংলাদেশের জয় এলো ২৫ রানে। মুস্তাফিজুর রহমান ৪ ওভারে ১২, তানজিম হাসান সাকিব ৩ ওভারে ২৩ ও মাহমুদুল্লাহ ১ ওভারে ৬ রান দিয়ে একটি করে উইকেট নেন। শাকিব ৪ ওভারে ২৯ রান দেন, উইকেট পাননি।
দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচে ৬ পয়েন্ট। বাংলাদেশের ৩ ম্যাচে ৪ পয়েন্ট। নেদারল্যান্ডস ৩ ম্যাচে ২ পয়েন্টে দাঁড়িয়ে থাকল। ফলে শেষ ম্যাচে শ্রীলঙ্কা যদি ডাচদের হারায় তবুও তিন পয়েন্টের বেশি যেতে পারবে না। আজকের বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ পরিত্যক্ত হলেই টিকে থাকতো শ্রীলঙ্কার ক্ষীণ আশা। বাংলাদেশের নেট রান রেট ০.৪৭৮, নেদারল্যান্ডসের মাইনাস (-) ০.৪০৮। ফলে সুপার এইটে ওঠার বিষয়ে ফেভারিট বাংলাদেশই।












Click it and Unblock the Notifications