T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপে লজ্জার রেকর্ড বাড়ল উগান্ডার, নিউজিল্যান্ডের সান্ত্বনার জয়ে উজ্জ্বল সাউদি
T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপে দলগত সর্বনিম্ন রানের রেকর্ড যুগ্মভাবে উগান্ডার দখলে। এবার তারা টি২০ বিশ্বকাপে নিজেদের শেষ ম্য়াচে খেলল টুর্নামেন্টের ইতিহাসে মন্থরতম ইনিংস।
টি২০ বিশ্বকাপে দলগত সবচেয়ে কম রানের রেকর্ড এককভাবে উগান্ডা দখল করতেই পারতো। যদিও সেই লজ্জা এড়াতে পেরেছে ব্রায়ান মাসাবার দল।

ত্রিনিদাদের টারৌবায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে উগান্ডা করে ১৮.৪ ওভারে ৪০। ১৩.৩ ওভারে ২৬ রানে সাত উইকেট পড়ে গিয়েছিল। ১৮ ওভারের তৃতীয় ও চতুর্থ বলে পড়ে অষ্টম ও নবম উইকেট, ৩৯ রানের মাথায়। সেই সময় এমন সম্ভাবনাও দেখা গিয়েছিল উগান্ডা বুঝি ফের ৩৯ রানে গুটিয়ে যাবে!
চলতি টি২০ বিশ্বকাপেই ওয়েস্ট ইন্ডিজ ৩৯ রানে থামিয়ে দিয়েছিল উগান্ডাকে। ২০১৪ সালে নেদারল্যান্ডস এই ৩৯ রানেই অল আউট হয়েছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে। আজ উগান্ডার ৪০ তাই টি২০ বিশ্বকাপে দলগত দ্বিতীয় সর্বনিম্ন রান। এর আগে এই নজির ছিল নেদারল্যান্ডসের, ২০২১ সালে শ্রীলঙ্কা ম্যাচে ডাচরা করেছিল ৪৪।
উগান্ডার আজ রান রেট ছিল ২.১৪, যা টি২০ বিশ্বকাপে মন্থরতম ইনিংস। এবারের টি২০ বিশ্বকাপে উগান্ডা যে ৩৯ রানে গুটিয়ে গিয়েছিল, সেদিন তারা ১২ ওভারে অল আউট হওয়ায় নেট রান ছিল ৩.২৫। ওমান ১৩.২ ওভারে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪৭ করে, সেটি তৃতীয় মন্থরতম ইনিংস (নেট রান রেট ৩.৫২)।
এবারের টি২০ বিশ্বকাপে উগান্ডা ১৬ ওভারে ৫৮ রান করেছিল আফগানিস্তানের বিরুদ্ধে। সেটি মন্থরতম ইনিংসের তালিকায় চারে (নেট রান রেট ছিল ৩.৬২)। ২০১৪ সালে নেদারল্যান্ডস যে ৩৯ রানে অল আউট হয়েছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে, তাতে নেট রান রেট ছিল ৩.৭১।
নিউজিল্যান্ড ম্যাচে উগান্ডার পাওয়ারপ্লে বা প্রথম ৬ ওভারে স্কোর ছিল ৩ উইকেটে ৯। যা টি২০ বিশ্বকাপে সর্বনিম্ন। ২০১৪ সালে পাকিস্তান মীরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪ উইকেটে ১৩ করেছিল প্রথম ৬ ওভারে। সেই রেকর্ডটি নিজেদের দখলে নিল উগান্ডা।
নিউজিল্যান্ড বলের নিরিখে ম্যাচ জেতার নিরিখে তৃতীয় সর্বাধিক ব্যবধানে জয় সুনিশ্চিত করল। ৮৮ বল বাকি থাকতে জিতল কিউয়িরা। ২০০৭ সালের টি২০ বিশ্বকাপে নিউজিল্যান্ড কেনিয়াকে হারিয়েছিল ৭৪ রানে।
টি২০ বিশ্বকাপে ব্যাটারদের সবচেয়ে কম স্ট্রাইক রেটের রেকর্ডও উগান্ডার দখলে। রোনক প্যাটেল ২০ বলে ২ রান করেন, স্ট্রাইক রেট ১০। ব্রায়ান মাসাবা ২০ বলে ৩ রানে অপরাজিত থাকেন, স্ট্রাইক রেট ১৫।
নিউজিল্যান্ডের টিম সাউদি নিলেন ৪ রানে তিন উইকেট। পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে উগান্ডার ফ্রাঙ্ক এনসুবুগা নেন ৪ রানে ২ উইকেট। ৪ ওভারে ৪ রান দিয়ে টি২০ বিশ্বকাপে সেরা ইকনমির নিরিখে তাঁরা যুগ্মশীর্ষে। ৭ রান দিয়ে ২ উইকেট ট্রেন্ট বোল্টের। তিনি এই তালিকার দুইয়ে।
বোল্ট ও সাউদি দুই প্রান্ত থেকে বোলিং শুরু করেছিলেন। তাঁরা সম্মিলিতভাবে দেন ১১ রান, যা পুরুষদের টি২০ আন্তর্জাতিকে বোলিংয়ে ওপেনিং জুটির দেওয়া সবচেয়ে কম রানের তালিকায় ২ নম্বরে। গত বছর ম্যান আইল্যান্ডের বিরুদ্ধে স্পেনের মহম্মদ কামরান (৪/৪) ও আতিফ মেহমুদ (৪/৬) মোট ১০ রান দেন।
নিউজিল্যান্ডের বোল্ট, সাউদি ও ফার্গুসন চার ওভার করে করলেও সকলেই ১০-এর কম রান দেন। তাঁরা প্রত্যেকে একটি করে মেডেন ওভারও করেন। চলতি টি২০ বিশ্বকাপে এই নিয়ে তিনবার কোনও ইনিংসে তিনটি মেডেন ওভার হলো।












Click it and Unblock the Notifications