T20 World Cup 2024: বাবরকে টপকাতে পারবেন বিরাট? টি২০ বিশ্বকাপে জোড়া রেকর্ডের কাছে অর্শদীপ
T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপে সুপার এইটের ম্যাচে আজ অ্যান্টিগায় ভারতের সামনে বাংলাদেশ। জিতলেই শেষ চারের টিকিট কনফার্ম হয়ে যাবে রোহিত শর্মাদের।
এই ম্যাচে বিরাট কোহলির দিকে যেমন নজর থাকবে, তেমনই বল হাতে দুটি রেকর্ড দখলে নেওয়ার হাতছানি অর্শদীপ সিংয়ের সামনে।

অর্শদীপ চলতি টি২০ বিশ্বকাপে চারটি ম্যাচ খেলেছেন। ভারতীয় দলের হয়ে বোলিং ওপেন করছেন। ৪ ম্যাচে ১৬ ওভার হাত ঘুরিয়েছেন, মেডেন ২টি। ১১১ রান খরচ করে ১০টি উইকেট দখল করেছেন। সেরা বোলিং আমেরিকার বিরুদ্ধে ৯ রানে চার উইকেট। গড় ১১.১০, ইকনমি ৬.৯৩।
২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজে টি২০ বিশ্বকাপে আশিস নেহরা ১০ উইকেট নিয়েছিলেন। ফলে আর একটি শিকার ঝুলিতে পুরলেই ক্যারিবিয়ানে টি২০ বিশ্বকাপে সর্বাধিক উইকেট দখলের নিরিখে নেহরাকে টেক্কা দেবেন অর্শদীপ।
ভারতীয়দের মধ্যে টি২০ বিশ্বকাপের কোনও সংস্করণে সবচেয়ে বেশি উইকেট দখলের নজির রয়েছে রুদ্রপ্রতাপ সিংয়ের। ২০০৭ সালের টি২০ বিশ্বকাপে আরপি সিং ৭ম্যাচে ১২ উইকেট নিয়ে যুগ্ম দ্বিতীয় সর্বাধিক উইকেটশিকারী হয়েছিলেন। আরপির সেই রেকর্ড ছুঁতে অর্শদীপের দরকার ২ উইকেট, ৩ শিকারে ভাঙবেন আরপির রেকর্ড।
বাংলাদেশের মিডিয়াম পেসার তানজিম হাসান সাকিব এবারের টি২০ বিশ্বকাপে ৫ ম্যাচে ৯টি উইকেট নিয়েছেন। ২০২১ সালের টি২০ বিশ্বকাপে শাকিব আল হাসান ৬ ম্যাচে ১১টি উইকেট নিয়েছিলেন। কোনও টি২০ বিশ্বকাপে বাংলাদেশের কোনও বোলারের সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডটি শাকিবের থেকে ছিনিয়ে নিতে সাকিবের লাগবে ৩ উইকেট।
টি২০ আন্তর্জাতিকে বর্তমানে সর্বাধিক রানের মালিক বাবর আজম। তাঁর রান ১২৩ ম্যাচে ১১৬ ইনিংসে ৪১১৫। বিরাট কোহলি দ্বিতীয় স্থানে, ১২১ ম্যাচে ১১৩ ইনিংসে কোহলি করেছেন ৪,০৬৬ রান। আর ৮০ রান করলেই টি২০ আন্তর্জাতিকে ফের সর্বাধিক রানের মালিক হবেন কোহলি। সেই সঙ্গে টি২০ আন্তর্জাতিকে সর্বাধিক পঞ্চাশোর্ধ্ব রানের নিরিখে বাবরকে স্পর্শ করবেন বিরাট।












Click it and Unblock the Notifications