T20 World Cup 2024: আইসিসির নিয়মের জাঁতাকলে আটকাল বাংলাদেশের জয়? আম্পায়ারের ভূমিকা নিয়ে বিতর্ক
T20 World Cup 2024: টি২০ আন্তর্জাতিকে বাংলাদেশ কখনও হারাতে পারেনি দক্ষিণ আফ্রিকাকে। গতকাল নিউ ইয়র্কে সেই সুযোগ ছিল। ১১৪ রানের টার্গেট তাড়া করতে নেমে বাংলাদেশের হার ৪ রানে।
যদিও এই ৪ রান বাংলাদেশ শিবিরকে দিচ্ছে অন্য এক খোঁচা। আইসিসির নিয়ম, আম্পায়ারের তড়িঘড়ি দেওয়া ভুল সিদ্ধান্তের শিকার হয়েছে বাংলাদেশ।

আইসিসির ডেড বল সংক্রান্ত নিয়মের অপব্যবহারের আশঙ্কা এর আগে প্রকাশ করেছিলেন সুনীল গাভাসকর। গতকাল বাংলাদেশকে ভোগাল সেই ডেড বলের নিয়মই। আম্পায়ার স্যাম নোগাজস্কি তাঁর সিদ্ধান্ত নিতে কয়েক সেকেন্ড দেরি করলেই অন্য খেলা হতো, আক্ষেপ বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের।
১৬ ওভারের শেষে বাংলাদেশের জেতার জন্য দরকার ছিল ২৪ বলে ২৭ রান। ১৭তম ওভার করতে যান অটনিয়েল বার্টম্যান। প্রথম বলে এক রান নেন তৌহিদ হৃদয়। দ্বিতীয় বলে মাহমুদুল্লাহর বিরুদ্ধে লেগ বিফোরের জোরালো আবেদনে সাড়া দিয়ে আউট দেন আম্পায়ার।
দ্রুত রিভিউ নেন মাহমুদুল্লাহ। রিপ্লেতে দেখা গিয়েছে বল লেগ স্টাম্পের বাইরে যাচ্ছে। ফলে তৃতীয় আম্পায়ারের নির্দেশে সিদ্ধান্ত বদলাতে হয় অন-ফিল্ড আম্পায়ারকে। আর বাংলাদেশের হতাশা এখানেই। মাহমুদুল্লাহর প্যাডে বল লেগে তা পেরিয়ে গিয়েছিল বাউন্ডারি লাইন। যদিও বাংলাদেশের খাতায় সেই রান যোগ হয়নি।
বাংলাদেশ শেষ অবধি ম্যাচটি হেরেছে ৪ রানে। অবশ্য ওই ৪ রান যদি বাংলাদেশের স্কোরকার্ডে যুক্ত হতো, তাহলে ম্যাচের মোমেন্টামও বদলে যেতে পারতো। কিন্তু তা তো হয়নি, উল্টে চলতি টি২০ বিশ্বকাপে জয়ের হ্যাটট্রিক আর টি২০ আন্তর্জাতিকে বাংলাদেশের বিরুদ্ধে দ্বৈরথে ৯-০ করে সুপার এইটে চলে যায় প্রোটিয়ারা।
প্রশ্ন উঠেছে, বল বাউন্ডারি লাইন পেরিয়ে যাওয়ার পরেও কেন বাংলাদেশকে ৪ রান দেওয়া হলো না? এমনকী ম্যাচ সম্প্রচারের দায়িত্বে থাকা সংস্থাও বাংলাদেশের স্কোরে ৪ রান যোগ করে দিয়েছিল। পরে সেই ভুল সংশোধন করে নেয়। রান যোগ না হওয়ার কারণ ডেড বল নিয়ম।
আইসিসির নিয়মে বলা আছে, যদি আম্পায়ার আউট দেন এবং রিভিউ নেওয়ায় পর যদি সেই সিদ্ধান্ত বদলাতেও হয়, তাহলেও বলটি ডেড বল হিসেবে গণ্য হবে। সেক্ষেত্রে কোনও অতিরিক্ত রান লেগ বাই বা বাই হিসেবে যুক্ত হবে না। তবে যদি আম্পায়ার নট আউট দিয়ে থাকেন এবং রিভিউয়ের পরেও যদি ব্যাটারকে আউট দিতে না হয়, সেক্ষেত্রে অতিরিক্ত রান যোগ হবে। এ ক্ষেত্রে আম্পায়ার ভুল সিদ্ধান্ত দিয়েছিলেন। পরে সেই সিদ্ধান্ত বদলালেও বড় মাশুল দিতে হলো বাংলাদেশকে।
এই অবস্থায়, আইসিসিকে এই নিয়মের পুনর্বিবেচনা করার অনুরোধ করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। আম্পায়ারও যদি ভেবেচিন্তে কিছুটা সময় নিয়ে নিজের সিদ্ধান্ত নিতেন, তাহলে এমন গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে কোনও দলকে দুর্ভাগ্যের শিকার হতে হয় না বলেই সিংহভাগ ক্রিকেটপ্রেমী ও বিশেষজ্ঞদের অভিমত।












Click it and Unblock the Notifications