T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপের মধ্যেই অঘটন, হোটেলের সুইমিং পুলে ডুবে মৃত্যু ইরফান পাঠানের সঙ্গীর
T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপে আজ ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথ। তার আগেই বড় অঘটনের সম্মুখীন হলেন ইরফান পাঠান। হোটেলের সুইমিং পুলের জলে ডুবে মৃত পাঠানের মেক-আপ আর্টিস্ট।
ইরফান এখন ধারাভাষ্যের কাজে ওয়েস্ট ইন্ডিজে। সেখানেই এই ঘটনা ঘটেছে। মেক-আপ আর্টিস্টের দেহ ফেরাতে উদ্যোগ নিয়েছেন পাঠান।

বিজনরের নাগিনা তেহসিলের মহল্লা কাজী সরণিতে বাড়ি রয়েছে ফৈয়াজ আনসারির। পেশার তাগিদে ২২ বছর আগে তিনি মুম্বই যান। মুম্বইয়ে স্যালোঁ খোলেন তিনি। সেখানেই পরিচয় ও ঘনিষ্ঠতা বাড়ে ইরফান পাঠানের সঙ্গে। পাঠান মেক-আপের জন্য স্যালোঁতে প্রায়ই যেতেন।
এরপর আনসারিকে ব্যক্তিগত মেক-আপ আর্টিস্ট হিসেবে নিয়োগ করেন পাঠান। দেশে-বিদেশে বিভিন্ন জায়গায় তাঁকে নিয়ে যেতেন ভারতের প্রাক্তন অলরাউন্ডার। ব্যতিক্রম হয়নি এবারের টি২০ বিশ্বকাপেও। জানা গিয়েছে, ওয়েস্ট ইন্ডিজের স্থানীয় সময় অনুসারে গত শুক্রবার মারা গিয়েছেন আনসারি।
হোটেলের সুইমিং পুলে স্নান করতে নেমেই আনসারি ডুবে যান বলে তাঁর পরিবারকে জানানো হয়। স্বাভাবিকভাবেই পরিবারের সকলের মাথায় আকাশ ভেঙে পড়ে এই খবর শুনে। পরিবার সূত্রে জানা গিয়েছে, মাস দুয়েক আগে বিয়ে হয়েছিল আনসারির। ৮ দিন আগে তিনি বিজনর থেকে মুম্বই গিয়েছিলেন।
ওয়েস্ট ইন্ডিজ থেকে ফৈয়াজ আনসারির দেহ পাঠানোর উদ্যোগ নিয়ে সবরকম ব্যবস্থা করেছেন ইরফান পাঠান নিজেই। দিল্লিতে দেহ এসে পৌঁছবে তিন-চার দিনের মধ্যেই।
উল্লেখ্য, পাঠান পরিবারের সময়টা মোটেই মসৃণভাবে চলছে না। ইউসুফ পাঠান তৃণমূল কংগ্রেসের টিকিটে সাংসদ হওয়ার পরই জমি দখলের অভিযোগে নোটিশ পেয়েছেন। সেই নোটিশ চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে গিয়েছেন তৃণমূলের ক্রিকেটার-সাংসদ। দাদা ইউসুফের নির্বাচনী প্রচারে বহরমপুরেও এসেছিলেন ইরফান। এবার টি২০ বিশ্বকাপ চলাকালীন তাঁর সঙ্গীর প্রয়াণ বড় ধাক্কা দিল ইরফানকে।












Click it and Unblock the Notifications