T20 World Cup 2024: হার্দিকের অর্ধশতরান, ছন্দে ফিরলেন বিরাট, বাংলাদেশকে ১৯৭ রানের টার্গেট দিল ভারত
T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপে বাংলাদেশের সামনে ১৯৭ রানের টার্গেট দিল ভারত। রোহিত শর্মার দলের প্রথম একাদশ অপরিবর্তিত ছিল। টপ ও মিডল অর্ডার রান পাওয়ায় স্বস্তি মিলল।
বিশেষ করে বিরাট কোহলি এদিন চেনা ছন্দে ছিলেন। হার্দিক পাণ্ডিয়ার পর তাঁর রানই সবচেয়ে বেশি। সূর্যকুমার যাদব এদিন বড় রান পাননি। বাকি সকলেই ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন।

টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল বাংলাদেশ। ওপেনিং জুটিতে ওঠে ৩.৪ ওভারে ৩৯। রোহিত শর্মা তিনটি চার ও একটি ছয়ের সাহায্যে ১০ বলে ২৩ রান করেন। রোহিতকে আউট করে টি২০ বিশ্বকাপে প্রথম বোলার হিসেবে ৫০টি উইকেট নেওয়ার নজির গড়েন শাকিব আল হাসান।
বিরাট কোহলিও এবারের টি২০ বিশ্বকাপে ব্যক্তিগত সর্বাধিক রান করলেন। তানজিম হাসান সাকিবের বলে বোল্ড হলেন ২৮ বলে ৩৭ রান করে। একটি চার ও তিনটি ছয় মারেন তিনি। বিরাট আউট হওয়ার পর নেমে প্রথম বলেই ছক্কা মারেন সূ্যকুমার যাদব। তার পরের বলেই তিনি কট বিহাইন্ড।
৭১ রানে দ্বিতীয় ও ৭৭ রানে তৃতীয় উইকেট পড়ে। ভারতের রান একশো পার করে দেন ঋষভ পন্থ, ১১.২ ওভারে। তিনি রিশাদ হোসেনের বলে স্যুইচ হিট মারতে গিয়ে ক্যাচ দেন তানজিম হাসান সাকিবের হাতে। পন্থ চারটি চার ও ২টি ছয়ের সাহায্যে করেন ২৪ বলে ৩৬। তিনি আউট হলে স্কোর দাঁড়ায় ১১.৪ ওভারে ৪ উইকেটে ১০৮।
শিবম দুবে শুরুতে নড়বড়ে ছিলেন, বেশ কিছু বল নষ্ট করেন। কিছু পরে ছন্দ ফিরে পান দুবে। হার্দিক ও দুবের জুটি ১৬.৪ ওভারে ভারতকে দেড়শো পার করিয়ে দেয়। তিনটি ছয়ের সাহায্যে দুবে ২৪ বলে ৩৪ করে রিশাদ হোসেনের বলে বোল্ড হন। ভারতের পঞ্চম উইকেট পড়ে ১৬১ রানে।
ভারত ২০ ওভারে ৫ উইকেটে ১৯৬ রান তুলল। হার্দিক চারটি চার ও তিনটি ছয়ের সাহায্যে ২৭ বলে ৫০ রানে অপরাজিত থাকেন। শেষ বলে চার মেরে অর্ধশতরানে পৌঁছন। পাঁচ বলে তিন রানে অপরাজিত থাকেন অক্ষর প্যাটেল। অক্ষরকে এদিন রবীন্দ্র জাদেজার আগে পাঠানো হয়েছিল।
তানজিম হাসান সাকিব ৪ ওভারে ৩২ ও রিশাদ হোসেন ৩ ওভারে ৪৩ রান দিয়ে দুটি করে উইকেট নেন। শাকিব ৩ ওভারে ৩৭ রান দিয়ে নেন ১ উইকেট। মুস্তাফিজুর রহমান চার ওভারে ৪৮, মাহেদি হাসান ৪ ওভারে ২৮ ও মাহমুদুল্লাহ ২ ওভারে ৮ রান খরচ করে কোনও উইকেট নিতে পারেননি।
বাংলাদেশ এদিন দুই প্রান্ত থেকে স্পিনারদের দিয়ে বোলিং শুরু করেছিল। তবে শাকিব আল হাসান হতাশ করলেন। তাসকিন আহমেদের মতো জোরে বোলারকে না খেলিয়ে জাকের আলিকে খেলানোর যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠেছে বাংলাদেশের ক্রিকেট মহলে। টাইগাররা বিদায় নিলে দল গঠন নিয়েও জোরালো বিতর্ক হতে পারে।












Click it and Unblock the Notifications