T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপে বৃষ্টিতে ক্ষতি ইংল্যান্ডের, নেপালকে হারাল নেদারল্যান্ডস
T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের পর এবার প্রথম রাউন্ডের খেলাগুলিতেও বৃষ্টির থাবা। ব্রিজটাউনে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে গেল ইংল্যান্ড বনাম স্কটল্যান্ড ম্যাচ।
ডালাসেও বৃষ্টিতে ব্যাহত হয়েছিল নেদারল্যান্ডস বনাম নেপাল দ্বৈরথ। যদিও লো স্কোরিং ম্যাচে জয় পেল ডাচরা।

গ্রুপ বি-তে ইংল্যান্ড, স্কটল্যান্ডের পাশাপাশি রয়েছে অস্ট্রেলিয়া, ওমান ও অস্ট্রেলিয়া। অঘটন না ঘটলে এই গ্রুপ থেকে ২০২১-এর চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবং ২০১০ ও ২০২২ সালের টি২০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ডেরই সুপার এইটে যাওয়ার কথা।
আজ স্কটল্যান্ড টস জিতে ব্যাটিং নিয়েছিল। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু করা যায়নি। খেলা চলাকালীনও বৃষ্টি ব্যাঘাত ঘটায়। ১০ ওভারে বিনা উইকেটে স্কটল্যান্ড ৯০ রান তোলার পর সেই যে বৃষ্টিতে খেলা বন্ধ হয়, আর শুরুই করা যায়নি।
জর্জ মুন্সে ৩১ বলে ৪১ ও মাইকেল জোন্স ৩০ বলে অপরাজিত থাকেন ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিরুদ্ধে। মার্ক উড ২ ওভারে ১১, জোফ্রা আর্চার ২ ওভারে ১২, মঈন আলি ২ ওভারে ১৫, ক্রিস জর্ডন ২ ওভারে ২৪ ও আদিল রশিদ ২ ওভারে ২৬ রান দিয়ে কোনও উইকেট ফেলতে পারেননি।
ডালাসে সকালে বৃষ্টি হওয়ায় আউটফিল্ড ভিজে ছিল। সে কারণে গ্রুপ ডি-র নেদারল্যান্ডস বনাম নেপাল ম্যাচের টস কিছুটা দেরিতে হয়। নেদারল্যান্ডস টস জিতে ফিল্ডিং নেয়। নেপাল ১৯.২ ওভারে ১০৬ রানে অল আউট হয়ে যায়। অধিনায়ক রোহিত পাউডেল ৩৭ বলে সর্বাধিক ৩৫ রান করেন।
টিম প্রিঙ্গল ৪ ওভারে ২০ ও লোগান ভ্যান বিক ৩.২ ওভারে ১৮ রান দিয়ে তিনটি করে উইকেট নেন। ২টি করে উইকেট পেয়েছেন পল ভ্যান মিকেরেন ও বাস ডি লিড। জবাবে খেলতে নেমে ১৮.৪ ওভারে টার্গেট পার করে নেদারল্যান্ডস। ৮ বল বাকি থাকতে জয় ৬ উইকেটে।
ওপেনার ম্যাক ও'ডাউড ৪৮ বলে ৫৪ রানে অপরাজিত থাকেন। বিক্রমজিৎ সিং ২২ ও সিব্রান্ড এঙ্গেলব্রেখট ১৪ রান করেন। ১০ বলে ১১ রানে অপরাজিত থাকেন বাস ডি লিড। সোমপাল কামি, দীপেন্দ্র সিং আইরি ও অবিনাশ বোহরা ১টি করে উইকেট দখল করেন। এই গ্রুপের বাকি দলগুলি হলো দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও বাংলাদেশ। নেদারল্যান্ডস পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে। তাদের মতো দক্ষিণ আফ্রিকারও ২ পয়েন্ট, কিন্তু এগিয়ে নেট রান রেটে।












Click it and Unblock the Notifications