Syed Mushtaq Ali Trophy: রজতের ব্যাটে ফাইনালে মধ্যপ্রদেশ, রাহানে-বেঙ্কটেশ দ্বৈরথের দিকে তাকিয়ে কেকেআর
Syed Mushtaq Ali Trophy: কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হওয়ার দৌড়ে রয়েছেন অজিঙ্ক রাহানে ও বেঙ্কটেশ আইয়ার। এবার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে পারস্পরিক দ্বৈরথে মুখোমুখি হবেন তাঁরা।
বেঙ্গালুরুতে সেমিফাইনালে দিল্লিকে হারিয়ে ফাইনালে উঠেছে মধ্যপ্রদেশ। কাল বিকেল সাড়ে চারটে থেকে সৈয়দ মুস্তাক আলি ট্রফির ফাইনাল।

রজত পাটীদারকে আইপিএল নিলামের আগেই ১১ কোটি টাকায় ধরে রেখেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাই গতকাল তাঁর বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ব্য়াটিংয়ের সময় আরসিবির নামে জয়ধ্বনি উঠল। আরসিবি ভক্তদের হতাশ করেননি রজত পাটীদার।
মধ্যপ্রদেশের সামনে জয়ের লক্ষ্যমাত্রা ছিল ১৪৭ রানের। ৬.১ ওভারে দলের স্কোর যখন ৩ উইকেটে ৪৬ রান, তখন মধ্যপ্রদেশ অধিনায়ক রজত পাটীদার ব্যাট করতে নামেন। এরপর মধ্যপ্রদেশ আর কোনও উইকেট হারায়নি। ১৫.৪ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফির প্রথম ম্যাচে পাটীদার ৫ রানে আউট হয়েছিলেন। এরপর মেঘালয়, পাঞ্জাব ও বাংলার বিরুদ্ধে পরপর অর্ধশতরান হাঁকিয়ে যথাক্রমে ৭৮, ৬২ ও ৬৮ রান করেন। রাজস্থানের বিরুদ্ধে ৪, হায়দরাবাদের বিরুদ্ধে ৩৬ ও সৌরাষ্ট্রের বিরুদ্ধে ২৮ রান করেন। গতকাল পেলেন চলতি টুর্নামেন্টে চতুর্থ অর্ধশতরান।
পাঁচে নামা রজত পাটীদার চারটি চার ও ৬টি ছয়ের সাহায্যে ২৯ বলে ৬৬ রানে অপরাজিত থাকেন। হরপ্রীত সিং ৩৮ বলে ৪৬ রান করে অপরাজিত থাকেন। তিনি চারটি চার ও ২টি ছয় মেরেছেন। ইশান্ত শর্মা ৩ ওভারে ১২ রান দিয়ে ২টি উইকেট নেন।
এর আগে, টস জিতে দিল্লিকে ব্যাট করতে পাঠিয়েছিল মধ্যপ্রদেশ। তিনটি চার ও একটি ছয়ের সাহায্যে ২৪ বলে সর্বাধিক ৩৩ রানে অপরাজিত থাকেন অনুজ রাওয়াত। প্রিয়াংশ আর্য ২৯, ময়াঙ্ক রাওয়াত ২৪ রান করেন। বেঙ্কটেশ আইয়ার ২ ওভার হাত ঘুরিয়ে ১২ রান খরচ করে ২টি উইকেট তুলে নেন। ত্রিপুরেশ সিং, আবেশ খান ও কুমার কার্তিকেয় পেলেন ১টি করে উইকেট।












Click it and Unblock the Notifications