Syed Mushtaq Ali Trophy: সেমিফাইনালে দুরন্ত ইনিংস, রাহানের মারকাটারি ব্যাটিং বাড়তি স্বস্তি দিচ্ছে নাইটদের
সীমিত ওভারের ক্রিকেটের পাশাপাশি ভারতীয় টেস্ট দলেও ব্রাত্য হয়ে গিয়েছেন অজিঙ্কা রাহানে। কিন্ত বয়সের সংখ্যা বৃদ্ধি পেলেও টি২০ ক্রিকেটে এখনও যে সমানভাবে কার্যকর তিনি সেটা ফের একবার প্রমাণ করলেন অজিঙ্কা রাহানে।
নিলামের শেষ লগ্নে অজিঙ্কা রাহানেকে ১.৫ কোটি টাকা দিয়ে কিনেছে কেকেআর। নাইট ম্যানেজমেন্ট যে তাঁকে দলে নিয়ে খুব একটা ভুল করেননি তা ফের একবার প্রমাণ করে দিলেন রাহানে। শুক্রবার সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচে সেমিফাইনালে বরোদার বিরুদ্ধে বিধ্বংসী ইনিংস খেললেন রাহানে। ৫৬ বলে ৯৮ রান করলেন। ২ রানের শতরান হাতছাড়া হল তাঁর। কিন্তু তাঁর ইনিংস নাইট ম্যানেজমেন্টকে স্বস্তি দেবে।

বরোদা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৫৮ রান সংগ্রহ করে। ক্যাপ্টেন ক্রুণাল পান্ডিয়া ২৪ বলে ৩০ রান করেন। তিনি ৪টি চার মারেন। হার্দিক ৬ বলে ৫ রান করে আউট হন। তিনি ১টি চার মারেন। ব্যাট হাতে ব্যর্থ হন টিম ইন্ডিয়ার তারকা অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়া। রাহানের ইনিংসের সৌজন্যে ১৭.২ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় মুম্বই দল। উল্লেখ্য চলতি মুস্তাক আলি ট্রফিতে রাহানের রান ৩৬৬। তিনিই রয়েছেন ১ নম্বরে।
আসন্ন মরশুমে কেকেআর দলে তাঁর নেতৃত্ব পাওয়া নিয়ে প্রবল জল্পনা চলছে। বর্তমান রাহানে ছাড়া অধিনায়ক হতে পারেন এমন ভারতীয় মুখ তেমন দলে নেই। এর আগে কেকেআর দলে খেলেছেন রাহানে। ভারতীয় দলে দীর্ঘদিন খেলার অভিজ্ঞতা আছে রাহানের। একইসঙ্গে মুম্বই দলকে নেতৃত্ব দিয়ে সাফল্য এনে দিয়েছেন রাহানে। ফলে তাঁর হাতেই অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হতে পারে।
রাহানের নেতৃত্বে মুম্বই ৪২তম রঞ্জি ট্রফি জিতেছে, ইরানি কাপও জিতেছে। তবে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে তাঁকে নেতৃ্ত্ব থেকে বাদ দেওয়া হয়, তাঁর পরিবর্তে নেতা হয়েছেন শ্রেয়স আইয়ার। তবে নাইটদের অধিনায়ক হিসেবে রিঙ্কু সিং বা বেঙ্কটেশ আইয়ারদের নামও ঘোরাফেরা করছে। তবে এগিয়ে রাহানেই।












Click it and Unblock the Notifications