Gavaskar On Kohli: কোহলির জন্যই অহেতুক চাপে সতীর্থরা! তোপ সানির, বড় বদলেও অবাক হবেন না
Gavaskar On Kohli: মেলবোর্ন টেস্টে স্যাম কনস্টাসকে কাঁধ দিয়ে ধাক্কা দেওয়া, কিংবা সিডনিতে দর্শকদের দিকে ইশারা করে স্যান্ডপেপার কাণ্ডের কটাক্ষ। অস্ট্রেলিয়া সফরে চর্চার কেন্দ্রবিন্দুতে বিরাট কোহলি।
যদিও মাঠের ভিতর কোহলির কিছু আচরণ, অঙ্গভঙ্গি যে ঠিক নয়, তেমনটাই সোজাভাবে জানিয়ে দিলেন সুনীল গাভাসকর। বিরাটের জন্য দলের উপর চাপ বাড়ছে বলেও মনে করেন তিনি।

সিডনি টেস্টে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে ধাক্কা দিলেও শেষ অবধি জয় পায়নি ভারত। প্রসিদ্ধ কৃষ্ণ দুরন্ত বোলিং করছিলেন। জসপ্রীত বুমরাহর অনুপস্থিতিতে বিরাট কোহলি নেতৃত্ব দিচ্ছিলেন। স্টিভ স্মিথ আউট হওয়ার পর কোহলি মনে করালেন স্যান্ডপেপার কাণ্ড।
প্যান্টের দুই পকেট খালি বলে দেখিয়ে বিরাট দর্শকদের বোঝান যে, ভারতীয় বোলারদের প্রতিপক্ষের উইকেট তোলার দক্ষতা রয়েছে। স্যান্ডপেপার দিয়ে বলের ঔজ্জ্বল্য বাড়ানোর দরকার পড়ে না। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়।
কোহলির এই আচরণ নিয়ে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে সুনীল গাভাসকর লিখেছেন, কোহলির বোঝা উচিত তিনি দর্শকদের উদ্দেশ করে যে অঙ্গভঙ্গি করেন বা কোনও বার্তা দেন তা তাঁর সতীর্থদের উপরই চাপ বাড়ায়। ভারতীয় দলের ক্রিকেটাররাই দর্শকদের টার্গেট হয়ে দাঁড়ান।
গাভাসকর আরও লিখেছেন, কোহলি কাঁধ দিয়ে যে ধাক্কা দিয়েছিলেন তা মোটেই ক্রিকেটীয় নয়। প্ররোচনা দিলে ভারতীয়রা পাল্টা দিতে প্রস্তুত। কিন্তু এ ক্ষেত্রে কোনও প্ররোচনা ছিল না। ফলে এই ধরনের ঘটনা ঘটানো অর্থহীন। দর্শকরা ভালো সময় কাটাতে খেলার মাঠে আসেন। কখনও নিজেদের মধ্যে মজা করতে তাঁরা ক্রিকেটারদের বিদ্রুপও করেন। কিন্তু তা ব্যক্তিগত আক্রমণ নয়। কিন্তু তার পাল্টা দিতে গেলে প্লেয়ারের লাভের চেয়ে ক্ষতিই হয় বেশি।
বিরাট কোহলির বারবার অফ স্টাম্পের বাইরের বল তাড়া করা থেকে রোহিত শর্মার টেস্ট কেরিয়ার নিয়ে প্রশ্ন ওঠার কথাও ঠাঁই পেয়েছে গাভাসকরের লেখায়। জুনে ভারতের ইংল্যান্ড সফর। তাতে ভারতীয় দলে বড়সড় রদবদল এলেও অবাক হবেন না গাভাসকর।
গাভাসকরের বক্তব্য, ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে পারেনি। পরের সংস্করণ শুরু জুনের মাঝামাঝি ইংল্যান্ড সফরে। ২০২৭ সালে যে ফাইনাল হবে তাতে ভারত যাতে উঠতে পারে সেই পরিকল্পনা নিয়ে নির্বাচকরা যদি কিছু সাহসী সিদ্ধান্ত নেন তাতে অবাক হওয়ার কিছু নেই। তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়ার দিকেই ইঙ্গিত করেছেন সানি।












Click it and Unblock the Notifications