সুদীপের শতরান হাতছাড়া, সেঞ্চুরির দিকে এগিয়ে চলেছেন সুমন্ত, রঞ্জিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে লিড আদায় বাংলার
ইডেনে রঞ্জি ট্রফির ম্যাচে উত্তরাখণ্ডের বিরুদ্ধে জয়ের স্বপ্ন দেখছে বাংলা। ইতিমধ্যেই প্রথম ইনিংসে বাংলা আদায় করে নিয়েছে ৬১ রানের লিড, হাতে রয়েছে চার উইকেট।
গতকাল প্রথম দিনের শেষে উত্তরাখণ্ডের ২১৩ রানের জবাবে বাংলার স্কোর ছিল ১ উইকেটে ৮। আজ দ্বিতীয় দিনের শেষে বাংলার স্কোর ৯২.৫ ওভারে ৬ উইকেটে ২৭৪ রান।

বাংলা এদিন অন্তত তিন পয়েন্ট নিশ্চিত করে ফেলতে পারল পঞ্চম উইকেট জুটিতে সুদীপ চট্টোপাধ্যায় ও সুমন্ত গুপ্ত ১৫৬ রান যোগ করায়। সুদীপ কুমার ঘরামি ২৩ বলে ১৫ রান করে আউট হলে বাংলার দ্বিতীয় উইকেট পড়েছিল ২০ রানে। ৬৩ রানে তৃতীয় ও ৯৮ রানে চতুর্থ উইকেট হারায় বাংলা। অনুষ্টুপ মজুমদার ৫৭ বলে ৩৫ ও অভিষেক পোড়েল ৪০ বলে ২১ রানে আউট হন।
ওপেনার সুদীপ মাত্র ২ রানের জন্য শতরান পেলেন না। ১২টি চারের সাহায্যে ২৬৪ বলে ৯৮ রান করেন তিনি। বিশাল ভাটি ২৪ বলে ১৫ রান করে আউট হলেন এদিন খেলার শেষ লগ্নে। তাঁর আউটের পরই আজকের খেলায় যবনিকা পড়ে। সুমন্ত গুপ্ত সাতটি চারের সাহায্যে ১৪৯ বলে ৮২ রানে অপরাজিত আছেন। রামপুরহাটের সুমন্ত কাল প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম শতরানের দোরগোড়ায়। এরপর ব্যাট করতে নামবেন আকাশ দীপ,মহম্মদ শামি, সুরজ সিন্ধু জয়সওয়াল ও ঈশান পোড়েল।
দেবেন্দ্র সিং বোরা ২টি মেডেন-সহ ১৯ ওভারে ৬৫ রান খরচ করে চারটি উইকেট দখল করেছেন। রাজন কুমার ও অবনীশ সুধা পেয়েছেন একটি করে উইকেট।












Click it and Unblock the Notifications