চরম লজ্জা! টেস্টে সবচেয়ে বড় ব্যবধানে হার ভারতের, গুয়াহাটিতে হোয়াইটওয়াশ নিশ্চিত করল দক্ষিণ আফ্রিকা
ভারতীয় টেস্ট ক্রিকেটে চরম লজ্জার দিন। গুয়াহাটি টেস্ট জিতে ভারতকে সিরিজ হোয়াইটওয়াশের লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা।
ভারত হারল ৪০৮ রানে। যা রানের নিরিখে সবচেয়ে বড় ব্যবধানে ভারতের টেস্ট হার। গৌতম গম্ভীর হেড কোচ হওয়ার পর নিউজিল্যান্ড ভারতে এসে সিরিজ হোয়াইটওয়াশ নিশ্চিত করেছিল। এরপর দুর্বল ওয়েস্ট ইন্ডিজকে হারালেও বর্তমানে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাবজয়ীদের বিরুদ্ধেও ০-২ ব্যবধানে সিরিজে পরাস্ত ভারত।

ভারতের মাটিতে সিরিজ জেতা যেখানে কঠিন, সেখানে গম্ভীর-জমানায় নিউজিল্যান্ডের পর প্রোটিয়াদের কাছে সিরিজে হোয়াইটওয়াশ হওয়া নিঃসন্দেহে চিন্তার। শুধু তাই নয়, এর ফলে চলতি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত আদৌ পৌঁছতে পারবে কিনা তা নিয়ে তৈরি হচ্ছে বড়সড় প্রশ্নচিহ্ন। বর্ষাপাড়া স্টেডিয়ামের যে পিচে দক্ষিণ আফ্রিকা রানের পাহাড় গড়়েছে সেখানে দুই ইনিংসে ভারতের স্কোর যথাক্রমে ২০১ ও ১৪০।
এই টেস্টে হার বাঁচাতে ভারতের পুঁজি ছিল ৮ উইকেট। টেস্ট শেষ হয়ে গেল দ্বিতীয় সেশনেই। চলতি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত ৯টি টেস্ট খেলে চতুর্থ পরাজয়ের সম্মুখীন হলো। তাদের অবস্থান পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে। দক্ষিণ আফ্রিকা পাকিস্তানে সিরিজ ড্র করার পর ভারতে এসে জিতল ২-০ ব্যবধানে, ফলে তারা রয়েছে পয়েন্ট তালিকার দুইয়ে।
ভারত দ্বিতীয় ইনিংসে ৬৩.৫ ওভারে ১৪০ রানেই গুটিয়ে গেল। আজ দলগত ৪০ রানের মাথায় নাইটওয়াচম্যান কুলদীপ যাদবের উইকেট হারায় ভারত। সাইমন হার্মারের বলে কুলদীপ বোল্ড হন ৩৮ বলে ৫ রান করে। ওই ওভারেই ধ্রুব জুরেল (৩ বলে ২)-কেও ফেরান হার্মার।
১৬ বলে ১৩ রান করে এই টেস্টের অধিনায়ক ঋষভ পন্থ আউট হলে ভারতের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ৫৮। মাঝে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন রবীন্দ্র জাদেজা ও বি সাই সুদর্শন। সুদর্শন আউট হন দলের ৯৫ রানের মাথায়।
তিনে নামা সুদর্শন ১৩৯ বল খেলে ১৪ রান করেন। ভারতের শেষ চারটি উইকেট পড়ে ১০ রানের মধ্যে। রবীন্দ্র জাদেজা ৮৭ বলে ৫৪, ওয়াশিংটন সুন্দর ৪৪ বলে ১৬, নীতীশ কুমার রেড্ডি ৩ বলে ০ ও মহম্মদ সিরাজ ৪ বলে ০ রানে আউট হন। ২ বলে ১ রানে অপরাজিত থাকেন জসপ্রীত বুমরাহ।
সাইমন হার্মার ৬টি মেডেন-সহ ২৩ ওভারে ৩৭ রান দিয়ে ৬ উইকেট তুলে নিলেন। কেশব মহারাজ ২টি এবং মার্কো জানসেন ও সেনুরান মুথুসামী পেলেন একটি করে উইকেট। ২০০০ সালে হ্যান্সি ক্রোনিয়ের নেতৃত্বে ভারতে এসে ২-০ ব্যবধানে দুই টেস্টের সিরিজ জিতেছিল প্রোটিয়ারা। ২৫ বছর পর তার পুনরাবৃত্তি ঘটালেন বাভুমারা। এই টেস্টে ৯টি ক্যাচ ধরেন এইডেন মার্করাম। কোনও টেস্টে ফিল্ডার হিসেবে সবচেয়ে বেশি ক্যাচ ধরার নিরিখে তিনি পিছনে ফেললেন অজিঙ্ক রাহানেকে। গল টেস্টে ২০১৫ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে রাহানে ৮টি ক্যাচ ধরেছিলেন।
২০০৪ সালে নাগপুরে ভারতকে ৩৪২ রানে হারিয়েছিল অস্ট্রেলিয়া। সেটিই ছিল টেস্ট ক্রিকেটে এতদিন অবধি রানের নিরিখে সবচেয়ে বড় পরাজয়। যা ছাপিয়ে গেল আজ। গৌতম গম্ভীর হেড কোচ হওয়ার পর দেশের মাটিতে শেষ ৭টি টেস্টে ভারতের এটি পঞ্চম পরাজয়।












Click it and Unblock the Notifications