ঘূর্ণি পিচ ফের ব্যুমেরাং ভারতের, ইডেন টেস্ট জেতায় সিরিজে আর হারবে না দক্ষিণ আফ্রিকা
ইডেন টেস্ট প্রত্যাশিতভাবেই শেষ হয়ে গেল তৃতীয় দিনে, চা বিরতির আগেই। ভারতের সামনে জয়ের লক্ষ্য ছিল ১২৪ রানের।
শুভমান গিল ঘাড়ের যন্ত্রণায় কাবু হয়ে হাসপাতালে ভর্তি থাকায় দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামেননি। ফলে ৯৪ রানে ভারতের নবম উইকেট পড়তেই প্রোটিয়ারা সিরিজে এগিয়ে গেল ১-০ ব্যবধানে।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘূর্ণি পিচ বানিয়ে ০-৩ ব্যবধানে সিরিজ হারতে হয়েছিল ভারতকে। এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘূর্ণি পিচ তৈরি করেও হারতে হলো। ফলে সমালোচনার মুখে পড়েছে হেড কোচ গৌতম গম্ভীরের রণকৌশল। ইডেনে স্পোর্টিং উইকেট তৈরি করছিলেন প্রধান কিউরেটর সুজন মুখোপাধ্যায়। কিন্তু বোর্ডের পিচ প্রতিনিধিদের রেখে টেস্টের আগে থেকে পিচে জল দেওয়া বন্ধ করতে বাধ্য করেছিলেন। নিট ফল যা হওয়ার তা-ই হলো।
দক্ষিণ আফ্রিকা আজ ৬৩ রানে এগিয়ে থেকে খেলা শুরু করেছিল। হাতে ছিল তিন উইকেট। জানা গিয়েছে, হেভি রোলার নেয়নি দক্ষিণ আফ্রিকা। ৫৪ ওভারে ১৫৩ রানে শেষ হয় দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস। করবিন বশ ২৫ রান করেন। বশ ও অধিনায়ক তেম্বা বাভুমা ৪৪ রানের পার্টনারশিপ গড়েন। এরপর সাইমন হার্মার (৭) ও কেশব মহারাজ (০)-কে ৫৪তম ওভারের তৃতীয় ও ষষ্ঠ বলে আউট করে দেন মহম্মদ সিরাজ।
এতেই যবনিকা পড়ে প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংসে। বাভুমা ১৩৬ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন। চারটি চারের সাহায্যে। এই টেস্টে তিনিই একমাত্র ব্যাটার, যিনি অর্ধশতরান হাঁকালেন। রবীন্দ্র জাদেজা চারটি, কুলদীপ যাদব ও মহম্মদ সিরাজ দুটি করে এবং জসপ্রীত বুমরাহ ও অক্ষর প্যাটেল ১টি করে উইকেট নেন।
জবাবে খেলতে নেমে ৩৫ ওভারে মাত্র ৯৩ রানেই শেষ ভারতের দ্বিতীয় ইনিংস। যশস্বী জয়সওয়াল ০, লোকেশ রাহুল ১, ওয়াশিংটন সুন্দর ৩১, ধ্রুব জুরেল ১৩, ঋষভ পন্থ ২, রবীন্দ্র জাদেজা ১৮, অক্ষর প্যাটেল ২৬, কুলদীপ যাদব ১ ও মহম্মদ সিরাজ ০ রানে আউট হন। বুমরাহ ০ রানে অপরাজিত থাকেন।
সাইমন হার্মার ৪টি মেডেন-সহ ১৪ ওভারে ২১ রান দিয়ে চারটি উইকেট নেন। মার্কো জানসেন তিনটি মেডেন-সহ ৭ ওভারে ১৫ রান দিয়ে পেলেন ২ উইকেট। কেশব মহারাজের ৯ ওভারে ১টি মেডেন, ৩৭ রান দিয়ে তিনি পেলেন ২ উইকেট। এইডেন মার্করাম ৩ ওভারে ৫ রান খরচ করে পেলেন ১ উইকেট। বশ ২ ওভারে ১৪ রান দেন, কোনও উইকেট পাননি। দুই ইনিংসে চারটি করে উইকেট নেওয়ায় ম্যাচের সেরা হার্মার।
ভারতে এই প্রথম কোনও টেস্টে চার ইনিংসেই কোনও দল ২০০ রান করতে পারেনি। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এমনটা হলো ১২ বার, ১৯৫৯ সালের পর এই প্রথম। ইডেনে ভারত ১৩ বছর পর কোনও টেস্টে পরাস্ত হলো। শেষবার হেরেছিল ২০১২ সালে, ইংল্যান্ডের কাছে ৭ উইকেটে। দক্ষিণ আফ্রিকা ভারতের মাটিতে শেষবার টেস্ট জিতেছিল ২০১০ সালে। নাগপুরে সেই টেস্টে দক্ষিণ আফ্রিকা জিতেছিল ইনিংস ও ৬ রানে। তারপর ইডেন টেস্টে ভারত ইনিংস ও ৫৭ রানে প্রোটিয়াদের হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছিল। এবার ভারতীয় দলকে সিরিজে সমতা ফেরাতে নামতে হবে গুয়াহাটিতে দ্বিতীয় তথা শেষ টেস্টে।
ইডেন টেস্টে জেতায় দক্ষিণ আফ্রিকা আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এলো। ভারত নেমে গেল চার নম্বরে। দক্ষিণ আফ্রিকা পাকিস্তানে সিরিজ ১-১ করে ভারতে এসেছিল। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বর্তমান খেতাবজয়ীরা এবার ভারতের মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের প্রত্যাশায়।












Click it and Unblock the Notifications