সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআইয়ের সভাপতিত্ব ছাড়ছেন, স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে এগিয়ে কে?
বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা ১৮ অক্টোবর। ওইদিনের সভায় নির্বাচন এড়ানো যাবে কিনা তা এখনও স্পষ্ট নয়। ১২ অক্টোবর নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। তার আগে বৃহস্পতিবার দিল্লিতে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা নিয়ে হাইভোল্টেজ দুটি সভা হয়ে গেল দাবি দৈনিক জাগরণের। তাতেই বোর্ড প্রশাসনের আগামী দিনের রূপরেখা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। কে কোন পদে বসতে চলেছেন তাও কার্যত চূড়ান্তই হয়ে গিয়েছে বলে দাবি একটি সংবাদমাধ্যমের।

সৌরভ সরছেন
ওই সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআইয়ের এজিএমে সিএবির প্রতিনিধিত্ব করলেও তিনি বোর্ড সভাপতি পদের জন্য লড়বেন না। আর এই সিদ্ধান্তেই স্পষ্ট, সৌরভই হতে চলেছেন আইসিসির পরবর্তী চেয়ারম্যান। সৌরভ গঙ্গোপাধ্যায় ছাড়াও গতকাল দিল্লির বৈঠকে ছিলেন বোর্ড সচিব জয় শাহ, সহ সভাপতি রাজীব শুক্লা, প্রাক্তন বোর্ড সভাপতি এন শ্রীনিবাসন, বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুণ সিং ধুমল।

দিল্লিতে মহা-বৈঠক
জানা যাচ্ছে, বিসিসিআই প্রশাসনে কারা আসবেন তা নিয়ে আলোচনা করতে যে দুটি বৈঠক গতকাল হয়েছে তার একটিতে ছিলেন কেন্দ্রীয় সরকারের এক মন্ত্রীও। দিল্লির একটি হোটেলে সেই বৈঠকেই ঠিক হয় সৌরভ বিসিসিআই সভাপতি পদে লড়বেন না। জয় শাহ ফের সচিব পদের জন্যই লড়বেন। উল্লেখ্য, সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়গায় বোর্ড সভাপতি হওয়ার বিষয়ে ফেভারিট ছিলেন জয়। কিন্তু বোর্ড সচিব হিসেবে দায়িত্ব পালন করেই কুলিং অফে যেতে হবে অমিত শাহ-র পুত্রকে।

বিনি পরবর্তী সভাপতি
রজার বিনি বিসিসিআইয়ের পরবর্তী সভাপতি হতে চলেছেন বলেই মনে করা হচ্ছে। কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি হিসেবে তাঁর নামই পাঠানো হয়েছে। এমনকী বর্তমান আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেলের নাম নেই ইলেক্টোরাল রোলসে। বিনি কেএসসিএ সভাপতি। তিনি এবার বোর্ডের শীর্ষপদে বসবেন বলেই রাজধানীর বৈঠকে স্থির হয়েছে বলে জানা যাচ্ছে। বিসিসিআই সভাপতি ও আইপিএল চেয়ারম্যান হওয়ার দৌড়ে নাম ভাসছে রজার বিনি ও রাজীব শুক্লার। ১৯৮৩-র বিশ্বকাপজয়ী দলের অলরাউন্ডার তথা প্রাক্তন নির্বাচক বিনি সভাপতি হলে রাজীব ফের আইপিএল চেয়ারম্যান হতেই পারেন।

কে কোন পদে?
বিসিসিআইয়ের প্রাক্তন কোষাধ্যক্ষ অনিরুদ্ধ চৌধুরী বিসিসিআইয়ের এজিএমে হরিয়ানার প্রতিনিধিত্ব করবেন। কিন্তু কোষাধ্যক্ষ পদের জন্য কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের ভাই অরুণ সিং ধুমল-ই পুনর্নির্বাচিত হতে চলেছেন। অরুণ জেটলির পুত্র রোহন জেটলি, ওডিশা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঞ্জয় বেহরা, হরিয়ানার অনিরুদ্ধ চৌধুরী বোর্ডের বিভিন্ন পদে বসতে পারেন। বিসিসিআইয়ের যুগ্ম সচিব জয়েশ জর্জ এবং আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্য়াটেল নির্বাচনে লড়বেন না।












Click it and Unblock the Notifications