Sourav Ganguly: মহাপঞ্চমীতে মহারাজ সময় কাটালেন অনাথ শিশুদের সঙ্গে, বড় ঘোষণাও করলেন সৌরভ
Sourav Ganguly: মহাপঞ্চমীতে আজ অন্যরকম মেজাজে পাওয়া গেল সৌরভ গঙ্গোপাধ্যায়কে। দক্ষিণ গোবিন্দপুরের আপনজন নামক এক অনাথ আশ্রমের পুজোর আসরে।
এই দুর্গাপুজোর আয়োজন করে থাকে অনাথ আশ্রমের প্রায় ২০০ শিশু। তাদের পাশে থাকারও বার্তা দিলেন সৌরভ।

কোভিডের সময় হোক বা নানা প্রাকৃতিক দুর্যোগ। সৌরভ গঙ্গোপাধ্যায় নীরবেই পাশে থাকেন বহু মানুষের। সাম্প্রতিককালে জেলায় জেলায় বন্যা পরিস্থিতিতে সৌরভ ত্রিপল, শুকনো খাবার-সহ রেশন সামগ্রী পাঠিয়েছিলেন নিজের ফাউন্ডেশনের মাধ্যমে। দুঃস্থ ক্যানসার রোগীদের চিকিৎসা করানোর ক্ষেত্রেও বিশেষ উদ্যোগ নিয়েছেন।
দুর্গাপুজোয় আনুষ্ঠানিকভাবে পুজোর উদ্বোধন করেন না সৌরভ। তবে আমন্ত্রণ রক্ষায় যেতে হয় অনেক জায়গায়। হাওড়ার একটি পুজোর পাশাপাশি সৌরভ বড়িশা প্লেয়ার্স কর্নারের পুজোর আনুষ্ঠানিক সূচনায় উপস্থিত ছিলেন। আজ তিনি গিয়েছিলেন আপনজন অনাথ আশ্রমে।
সৌরভের সঙ্গে ছিলেন আপ্ত সহায়ক তানিয়া ভট্টাচার্য, স্পোর্টস প্রোমোটার শতদ্রু দত্ত। শতদ্রুর প্রশংসা করেন সৌরভ। গতকাল কলকাতার একটি দুর্গাপুজোয় মিলস অন হুইলসের মাধ্যমে দুঃস্থ, অনাথ শিশুদের অন্নসংস্থানের বন্দোবস্ত হয়েছে। সেই উদ্যোগের সঙ্গেও যুক্ত সৌরভের ফাউন্ডেশন।
শতদ্রুর পাশাপাশি আপনজন অনাথ আশ্রমের কর্ণধারদের প্রশংসা করে সৌরভ বলেন, সকলেই যদি নিজেদের সাধ্যমতো এগিয়ে আসেন, তাহলে অনেক ছোট ছোট প্রয়াসের মাধ্যমে সামগ্রিকভাবে বহু মানুষ উপকৃত হন। সৌরভ নিজেও এদিন জানিয়ে দেন, অনাথ আশ্রমের শিশুদের পড়াশোনা-সহ যাবতীয় খরচের দায়িত্ব তিনি বছরভর নিচ্ছেন। এ জন্য কত পরিমাণ অর্থ প্রতি বছর প্রয়োজন তা তাঁকে জানাতেও বলেন।
এই অনাথ আশ্রমে এমন কয়েকজন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু রয়েছে, যাদের কাউকে হাওড়া বা পার্ক সার্কাস স্টেশনে ছেড়ে দিয়ে গিয়েছে বাড়ির লোক। অনাথ আশ্রমে বাকি শিশুদের সঙ্গে তারাও বড় হচ্ছে। আগেও এই অনাথ আশ্রমে গিয়েছেন সৌরভ। আজ মহাপঞ্চমীতে সেই শিশুদের পাশে থাকার বার্তা দিলেন। এদিন সৌরভ এখানকার শিশুদের হাতে পুজোর নতুন জামা, চকোলেট, খাতা, বই, পেন, পেন্সিলও উপহার দেন। আপনজনের শিশুদের কাছে দেশের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক হয়ে উঠলেন আরও আপনজন।












Click it and Unblock the Notifications