Sourav Ganguly: লর্ডস টেস্টে অভিষেকের বর্ষপূর্তিতে আবেগাপ্লুত সৌরভ, প্রথম দিনেই নেন কোন দুই তারকার উইকেট?
Sourav Ganguly: সৌরভ গঙ্গোপাধ্যায় এখন রয়েছেন লন্ডনের বাড়িতে । মেয়ে সানা এখন কর্মরতা। সৌরভ ও ডোনা তাই মেয়ের কাছেই রয়েছেন। তারই মধ্যে এবার পড়ল ২০ জুন।
আজকের দিনেই ভারতীয় টেস্ট দলে অভিষেক হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায় ও রাহুল দ্রাবিড়ের। সৌরভ অভিষেক টেস্টে শতরান পেয়েছিলেন। তবে রাহুলের তা হাতছাড়া হয়েছিল মাত্র ৫ রানের জন্য।

অবশ্য আজকের দিনে সৌরভ কেরিয়ারের প্রথম টেস্ট শতরানটি পাননি। সেটি এসেছিল ২২ জুন, টেস্টের তৃতীয় দিনে। দ্বিতীয় দিনের শেষে মহারাজ অপরাজিত ছিলেন ২৬ রানে। সচিন তেন্ডুলকর ১৬ রানে অপরাজিত ছিলেন। টেস্টের তৃতীয় দিন সৌরভ ৩০১ বলে ১৩১ রান করে বোল্ড হন অ্যালান মুলালির বলে।
মহারাজকীয় সেই ইনিংস সাজানো ছিল ২০টি চারের সাহায্যে। ভারতের প্রথম উইকেট পড়েছিল ২৫ রানে। ৩২ বলে ১৫ রান করে বিক্রম রাঠোর আউট হওয়ার পর তিনে ব্যাট করতে নেমেছিলেন মহারাজ। তিনি আউট হয়েছিলেন দলের ২৯৬ রানের মাথায়।
ওই টেস্টে ভারত টস জিতে ফিল্ডিং নিয়েছিল। ইংল্যান্ড প্রথম ইনিংসে তোলে ৩৪৪। জবাবে ভারত করেছিল ৪২৯। দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২৭৮ তুলে ডিক্লেয়ার করে ইংল্যান্ড। শেষ অবধি টেস্টটি ড্র হয়ে গিয়েছিল। সৌরভ ব্যাট হাতে শতরান করার আগে ২টি মেডেন-সহ ১৫ ওভারে ৪৯ রান দিয়ে ২ উইকেট নেন।
টেস্টের প্রথম দিনেই অর্থাৎ আজকের দিনেই সৌরভ কেরিয়ারের প্রথম টেস্ট উইকেটটি তুলে নিয়েছিলেন নাসের হুসেনকে (১১০ বলে ৩৬) প্যাভিলিয়নে পাঠিয়ে। ৯৮ রানে প্রথম উইকেট পড়ে ইংল্যান্ডের। এরপর গ্রেম হিককে (৯ বলে ১) আউট করেন মহারাজ। ক্যাচ ধরেছিলেন জাভাগল শ্রীনাথ।
সৌরভ আজ ফেসবুকে লিখেছেন, ২৮ বছর আগে আজকের দিনেই আমার ক্রিকেটীয় সফর শুরু হয়েছিল। তারপর থেকে প্রতিটি মুহূর্তের জন্য আমি কৃতজ্ঞ। উল্লেখ্য, লর্ডস টেস্টে দ্বিতীয় ইনিংসে সৌরভ একটি উইকেট পেয়েছিলেন। তিন ওভার হাত ঘোরান। ৫ রান খরচ করে তিনি টেস্টের পঞ্চম দিনে তুলে নিয়েছিলেন জ্যাক রাসেলের উইকেট। রাসেল প্রথম ইনিংসে ১২৪ করার পর দ্বিতীয় ইনিংসে করেন ১৩৭ বলে ৩৮। তিনিই হন ম্যাচের সেরা।
সৌরভ সপরিবারে গিয়েছিলেন আমেরিকায়। তারপর ছুটি কাটাচ্ছেন লন্ডনে। সকালে এক্সারসাইজ সারছেন বাড়ির কাছেই টেমসের ধারে লন্ডন হুইল চত্ত্বরে। রাত ৯টায় সূর্যাস্তের মনোরম ছবিও পোস্ট করছেন মহারাজ। ইংল্যান্ডে সৌরভের কাকা থাকেন। তাঁর সঙ্গে এবং অন্যান্য পরিচিতদের সঙ্গে সাক্ষাৎ সারছেন দাদা। ডোনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে নৌকাবিহারেও ফুরফুরে মেজাজে রয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন। লন্ডনে গেলেন লর্ডসেও যান। এবারও কি তার ব্যতিক্রম হবে?












Click it and Unblock the Notifications