হরমনের সঙ্গেই অনুষ্ঠানে যোগ দিলেন স্মৃতি, মুখ খুললেন জীবনের সবচেয়ে বড় ভালোবাসা নিয়েও
পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ে ভেঙে যাওয়ার পর ইতিমধ্যেই অনুশীলনে ফিরেছেন। এবার ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌরের সঙ্গে দিল্লিতে একটি অনুষ্ঠানেও দেখা গেল স্মৃতি মান্ধানাকে।
ভারতীয় দলের সহ অধিনায়ক স্মৃতি সেখানেই জানিয়ে দিলেন, তাঁর জীবনের সবচেয়ে বড় ভালোবাসা ক্রিকেটই।

অ্যামাজন সম্ভব সামিটে স্মৃতি মান্ধানা বলেছেন, "আমার মনে হয় না ক্রিকেট ছাড়া আমি আর কিছুকে এত ভালোবাসি। ভারতীয় জার্সি পরাটাই আমাদের অনুপ্রাণিত করে। সব সমস্যা একপাশে সরিয়ে রাখলে, শুধু এই ভাবনাটাই জীবনে মনোযোগ দিতে সাহায্য করে।"
তিনি আরও বলেন, "ছোটবেলা থেকেই ব্যাটিংয়ের প্রতি একটা উন্মাদনা ছিল। কেউ হয়তো তা বুঝত না, কিন্তু মনে মনে আমি সব সময় বিশ্ব চ্যাম্পিয়ন হতে চেয়েছিলাম।"
ভারতীয় সহ-অধিনায়ক আরও উল্লেখ করেন, "বিশ্বকাপ জেতাটা বছরের পর বছর ধরে আমাদের লড়াইয়ের পুরস্কার ছিল। আমরা এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। আমি ১২ বছরেরও বেশি সময় ধরে খেলছি এবং অনেক সময় জিনিসগুলো আমাদের পক্ষে যায়নি।"
তিনি যোগ করেন, "ফাইনালের আগে আমরা এটাকে কল্পনা করতাম, আর যখন অবশেষে পর্দায় এটা দেখলাম, আমাদের সবার গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। এটা আমাদের সবার জন্য একটি বিশেষ মুহূর্ত ছিল।"
পলাশের সঙ্গে বিয়ে ভেঙে যাওয়া নিয়ে মান্ধানা সম্প্রতি ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, "গত কয়েক সপ্তাহ ধরে আমার জীবন নিয়ে অনেক জল্পনা চলছে এবং এই মুহূর্তে আমার মুখ খোলা জরুরি বলে আমি মনে করি। আমি খুবই ব্যক্তিগত একজন মানুষ এবং আমি সেটা এভাবেই রাখতে চাই, তবে আমাকে স্পষ্ট করতে হবে যে বিয়ে বাতিল হয়েছে। আমি এখানেই এই বিষয়টি শেষ করতে চাই এবং আপনাদের সবাইকে একই কাজ করার জন্য অনুরোধ জানাই। এই সময়ে উভয় পরিবারের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান জানানোর জন্য এবং আমাদের নিজেদের গতিতে বিষয়টা সামলে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ দেওয়ার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি।"
ভারতীয় তারকা ক্রিকেটার দেশের হয়ে সর্বোচ্চ স্তরে খেলার লক্ষ্যে তাঁর উৎসর্গ পুনরুল্লেখ করেছেন। তিনি বলেন, "আমি বিশ্বাস করি, আমাদের সবাইকে চালিত করার একটি উচ্চতর উদ্দেশ্য আছে এবং আমার জন্য তা সবসময়ই দেশের সর্বোচ্চ স্তরে প্রতিনিধিত্ব করা। আমি আশা করি, যতদিন সম্ভব ভারতের হয়ে খেলা চালিয়ে যাব এবং ট্রফি জিতব, আর এখানেই আমার মনোযোগ চিরকাল থাকবে। আপনাদের সব সমর্থনের জন্য ধন্যবাদ। এখন সামনে এগোনোর সময়।"












Click it and Unblock the Notifications