Sitanshu Kotak: ইংল্যান্ড সিরিজ থেকেই ভারতীয় দলে ব্যাটিং কোচ, কলকাতাতেই নয়া দায়িত্ব শুরু সীতাংশু কোটাকের
Sitanshu Kotak: ভারতীয় দলে সাপোর্ট স্টাফের সংখ্যা বাড়ল। তা বেড়ে হলো পাঁচ। ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজ থেকেই ভারতীয় দলে ব্যাটিং কোচ হিসেবে থাকবেন সীতাংশু কোটাক।
২০১৯ সাল থেকে কোটাক ন্যাশনাল ক্রিকেট আকাদেমির দায়িত্বে। ভারতীয় এ দলের হেড কোচও। ভারতের সিনিয়র দলেও কাজ করেছেন সৌরাষ্ট্রের এই প্রাক্তন ক্রিকেটার।

গত ১১ জানুয়ারি বিসিসিআই পর্যালোচনা বৈঠক করেছিল হেড কোচ গৌতম গম্ভীর, অধিনায়ক রোহিত শর্মা ও প্রধান নির্বাচক অজিত আগরকরকে নিয়ে। সেই বৈঠকেই গম্ভীর দলে একজন ব্যাটিং কোচ দেওয়ার দাবি জানান বলে বিসিসিআই সূত্রে খবর।
সাপোর্ট স্টাফ নিয়োগের ক্ষেত্রে শুরু থেকেই গম্ভীরের মতামতকে গুরুত্ব দিয়েছে বিসিসিআই। বোলিং কোচ মর্নি মরকেল, সহকারী কোচ রায়ান টেন দুশখাতে ও অভিষেক নায়ার এবং ফিল্ডিং কোচ টি দিলীপ। তাঁদের সঙ্গেই এবার যুক্ত হলেন কোটাক।
প্রায় ২০ বছর সৌরাষ্ট্রের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেছেন কোটাক। তারপর থেকে কোচিং চালিয়ে যাচ্ছেন। ভারতীয় এ দলের কোচ হিসেবে একাধিক বিদেশ সফরে গিয়েছেন। ভিভিএস লক্ষ্মণ যখন হেড কোচ হিসেবে বিভিন্ন সিরিজে দল নিয়ে গিয়েছেন, তাতেও সহকারী কোচের ভূমিকায় দেখা গিয়েছে কোটাককে।
টি দিলীপ বাদে বাকি সব সাপোর্ট স্টাফই এসেছেন গম্ভীর-জমানায়। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হারের নেপথ্যে বড় কারণ হিসেবে উঠে এসেছে ব্যাটিং ব্যর্থতা। তাতেই প্রশ্ন উঠেছিল ভারতের সহকারী কোচদের ভূমিকা নিয়ে। অভিষেক নায়ার থাকা সত্ত্বেও কেন আলাদা করে ব্যাটিং কোচ গম্ভীর চাইলেন সেটাও জল্পনার বিষয়। কেন না, কেকেআরের পাশাপাশি মুম্বইয়ে ব্যক্তিগতভাবেও অভিষেক অনেককে ব্যাটিং টিপস দিয়েছেন, তাতে ইতিবাচক ফলও মিলেছে।
সীতাংশু কোটাক ১৩০টি প্রথম শ্রেণির ম্য়াচে ৮০৬১ রান করেছেন, ১৫টি শতরান ও ৫৫টি অর্ধশতরান রয়েছে। ৮৯টি লিস্ট এ বা ৫০ ওভারের ম্য়াচে ৩০৮৩ রান করেছেন। তিনটি শতরান ও ২৬টি অর্ধশতরান আছে। ৯টি টি২০ ম্যাচে ১৩৩ রান করেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ৭০ ও লিস্ট এ-তে ৫৪টি উইকেটও রয়েছে সীতাংশু কোটাকের। সৌরাষ্ট্রের অধিনায়কত্ব করেছেন। কোচও ছিলেন। আইপিএলে গুজরাত লায়ন্সের সহকারী কোচের দায়িত্বও সামলেছেন সীতাংশু।












Click it and Unblock the Notifications