Shreyas Iyer: অধিনায়ক হিসাবে আইপিএলে অনন্য কীর্তি শ্রেয়সের, পিছনে ফেললেন সবাইকে
আইপিএল ২০২৫ শেষ পর্বের দিকে এখন গোটা ক্রিকেট বিশ্ব তাকিয়ে রয়েছে। তার মধ্যেই একার হাতে মুম্বই ইন্ডিয়ান্সকে দ্বিতীয় কোয়ালিফায়ারে হারিয়ে পাঞ্জাব কিংসকে ফাইনালে তুলে এক অসাধারণ কীর্তি গড়ে শিরোনামে অধিনায়ক শ্রেয়স আইয়ার। তিনিই প্রথম ক্রিকেটার, যিনি আইপিএলে তিনটি ভিন্ন দলকে ফাইনালে নিয়ে যাওয়ার বিরল নজির গড়েছেন।
রবিবার মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে পাঞ্জাব কিংস আইপিএল ২০২৫ এর ফাইনালে নিজেদের জায়গা করে নিয়েছে। এর মূল কারিগর ছিলেন স্বয়ং শ্রেয়স আইয়ার। ৮৭ রানের এক অসাধারণ অপরাজিত অধিনায়কোচিত ইনিংস খেলে তিনি দলকে জয় এনে দেন। এই জয় শুধু পাঞ্জাব কিংসকে ফাইনালের টিকিটই এনে দেয়নি, বরং আইপিএল প্লে-অফে ২০০-এর বেশি রান তাড়া করে জেতার নতুন রেকর্ডও স্থাপন করেছে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তাঁদের ঘরের মাঠে এটিই ছিল প্রথমবার ২০০-র বেশি রান তাড়া করে জেতা।

শ্রেয়স আইয়ারের এই অধিনায়কত্বের যাত্রা শুরু হয়েছিল দিল্লি ক্যাপিটালস দিয়ে। ২০২০ সালে তিনি দিল্লিকে প্রথম আইপিএল ফাইনালে পৌঁছে দেন। এরপর ২০২৪ সালে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হিসেবে দলকে আইপিএল চ্যাম্পিয়ন করেন। এবং কেকেআরের দশ বছরের শিরোপা খরা কাটান। আর এবার, ২০২৫ সালে, তিনি পাঞ্জাব কিংসকে ১১ বছর পর ফাইনালে নিয়ে গেলেন। আইপিএলের ইতিহাসে আর কোনও অধিনায়ক এমনভাবে একাধিক দলকে ফাইনালে তুলতে বা নেতৃত্ব দিতে পারেননি।
এই আইপিএল সিজনে শ্রেয়স আইয়ার ব্যাট হাতেও দারুণ ছন্দে রয়েছেন। গ্রুপ লিগের ১৪ ম্যাচে ৫১৪ রান করে দলের জয়ে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তাঁর এই ফর্ম এবং অসাধারণ নেতৃত্ব তাঁকে জাতীয় দলে আরও বড় দায়িত্ব নেওয়ার জন্য আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। রবীন উথাপ্পার মতো প্রাক্তন ক্রিকেটাররাও মনে করছেন, শ্রেয়স ভবিষ্যতে ভারতের একাধিক ফরম্যাটে নেতৃত্ব দেবেন।
পাঞ্জাব কিংসের জন্য এবারের আইপিএল ফাইনাল বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, তাঁরা এর আগে মাত্র একবার ২০১৪ সালে ফাইনালে উঠেছিল এবং কলকাতার কাছে হেরে শিরোপা জিততে পারেনি। অন্যদিকে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও তাঁদের প্রথম আইপিএল শিরোপা জিততে চাইছে। অর্থাৎ, এবারের আইপিএল ফাইনাল নতুন এক চ্যাম্পিয়ন দল উপহার দেবে।












Click it and Unblock the Notifications