IND vs AFG: বিরাটের রেকর্ড স্পর্শ শিবমের, ব্যাটে-বলে পারফরম্যান্স করে চাপ বাড়ালেন কার উপর?
হার্দিক পাণ্ডিয়া চোটের জন্য ছিটকে যাওয়ায় আফগানিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে টি২০ সিরিজে সুযোগ পেয়েছেন শিবম দুবে। প্রথম দুটি টি২০ ম্যাচে সুযোগটা ভালোভাবেই কাজে লাগালেন মুম্বইয়ের এই অলরাউন্ডার। ব্যাটিং-বোলিং উভয় বিভাগেই নিজের পারদর্শীদার ছাপ রাখলেন। সেইসঙ্গে বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার জন্য নিজেকে লড়াইয়েও রাখলেন শিবম।
আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচে ৪০ বলে ৬০ রানের ঝোড়ো ইনিংস খেলেন ভারতীয় দলের এই অলরাউন্ডার। ৫টি চার ও ২টি ছয় মারেন মোহালিতে। বোলিংয়ে ২ ওভারে ৯ রান দিয়ে নেন ১টি উইকেট। ইন্দোরে দ্বিতীয় ম্যাচেও শিবম কিন্তু অলরাউন্ড পারফরম্যান্স করলেন। একটি উইকেট নেওয়ার পাশাপাশি ৩২ বলে ৬৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন শিবম দুবে।

পর পর দুটি টি২০ ম্যাচে অর্ধশতরান এবং একটি করে উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন শিবম দুবেও। হার্দিক পাণ্ডিয়া, তিলক বর্মা, ওয়াশিংটন সুন্দর এবং অক্ষর প্যাটেলের এই কীর্তি আছে একবার করে। অর্থ্যাত টি২০ ফর্ম্যাটে অলকরাউন্ডার হিসাবে সুযোগ পেয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টায় প্রাথমিকভাবে অন্তত সফল হলেন শিবম।
ম্যাচ শেষে শিবম বলেছেন, ''মনে হয় অধিনায়ক আমার খেলায় খুশি হবে। আমি আর জয়সওয়াল(যশস্বী)- দু'জনই স্ট্রোক খেলতে ভালবাসি। আমরা ঠিক করেছিলাম, যত তাড়াতাড়ি সম্ভব ম্যাচ ফিনিশ করব। অতিরিক্ত কিছু লক্ষ্য সামনে রাখিনি।''
একইসঙ্গে শিবম নিজের ব্যাটিং প্রসঙ্গে বলেন, 'সাম্প্রতিক সময়ে নিজের ব্যাটিং নিয়ে অনেক পরিশ্রম করেছি। শুধু দক্ষতা নয়। আমার এখন লক্ষ্য থাকে কোনও বলে যেন মনঃসংযোগ নষ্ট না হয়।পাশাপাশি বোলিংয়ে উন্নতি করারও চেষ্টা করছি। আগের ম্যাচে বলও ভালই করেছিলাম। এখানে সেটা পারলাম না। ''
টি২০ বিশ্বকাপে হার্দিককে পাওয়া নিয়ে কোনও সবুজ সংকেত এখনও মেলেনি। তার আগে শিবম দুবের এমন মারকাটারি পারফরম্যান্সে চিন্তা কমেছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের। একইসঙ্গে চাপ কিন্তু বাড়ছে পাণ্ডি্য়ার উপর। চোটের কারণে বিশ্বকাপের মাঝপথ থেকেই ছিটকে গিয়েছিলেন পাণ্ডিয়া। এরপর থেকে আর ভারতীয় দলে ফেরা হয়নি তাঁর।












Click it and Unblock the Notifications