২৭৭/২ থেকে ৩২৩-এ শেষ ভারত, কাজে এল না বিরাট, শিখরের শতরান
ক্যানবেরা, ২০ জানুয়ারি : সবাই যখন ধরে নিয়েছেন হোয়াইট ওয়াশ হওয়া আটকানো গিয়েছে ভালোভাবেই, ঠিক তখনই ছন্দপতন। ২৭৭ রানের মাথায় দ্বিতীয় উইকেট পড়ল শিখর ধাওয়ানের (১২৬)। তখন কে জানত এই লজ্জা অপেক্ষা করে রয়েছে ভারতের জন্য।
আহত অজিঙ্ক রাহানের জায়গায় ব্যাট করতে নামলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে তিনি চূড়ান্ত ব্যর্থ হয়ে শূন্য রানে ফিরতেই ম্যাচের সবচেয়ে বড় ধাক্কাটা খেল ভারত। কেন রিচার্ডসনের বলে স্টিভ স্মিথের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন বিরাট কোহলি (১০৬)।

এরপরের ব্যাটসম্যানেরা সব 'আয়ারাম আর গয়ারাম'। নবাগত গুরকিরত সিংকে (৫) দেখে মনে হল কেউ জোর করে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নামিয়ে দিয়েছে। আর এক নবাগত ঋষি ধাওয়ান (৯) জানেন না কোন বলটা মারতে হবে, কোনটা নয়।
যারা বেঁচে ছিলেন তাদের কথা না বললেই নয়। ভুবনেশ্বর কুমার (২), ইশান্ত শর্মারা (০) ব্যাটটাই ধরতে জানেন বলে মনে হয়নি। তবে সবচেয়ে বিরক্তির উদ্রেক করলেন উমেশ যাদব। অন্য প্রান্তে দাঁত কামড়ে পড়ে থাকা রবীন্দ্র জাদেজাকে (২৪ অপরাজিত) কোনও স্ট্রাইক না দিয়ে বলকে বাউন্ডারির বাইরে নামার খেলায় মেতেছিলেন উমেশ।
একটি দুটি নয়, ঝাড়া ১১টি বল নষ্ট করে উমেশ যাদব যখন দুই রান করে ফিরলেন, ম্যাচ সেখানেই শেষ হয়ে গিয়েছে। এরপর বাকি ছিল ইশান্ত শর্মার উইকেট। তিনি কি করেছেন সেটা আগেই বলা হয়ে গিয়েছে।
এদিন টসে জিতে অস্ট্রেলিয়া ব্যাটিং নিয়ে নির্ধারিত ৫০ ওভারে ৩৪৮/৮ রান করেছিল। বদলে এদিন ভারত শেষ হয়ে গেল ৩২৩ রানে। কোহলিরা জেতা ম্যাচ হারলেন ২৫ রানের ব্যবধানে।
ফলে সবমিলিয়ে যা হল, তাতে হতাশা চেপে রাখতে পারেননি ধোনি। নিজের আউট হওয়াকেও ম্য়াচ হারার জন্য দায়ী করেছেন তিনি। তবে এসবের মধ্যেই অস্ট্রেলিয়া টানা ১৯টি একদিনের ম্যাচ জিতে বিশ্বরেকর্ড করে ফেলল। আর একটি জিতলে ভারতকেও হোয়াইট ওয়াশ করার স্বপ্ন পূর্ণ হয়ে যাবে স্মিথ বাহিনীর।












Click it and Unblock the Notifications