Shikhar Dhawan: অবসর ঘোষণার ২ দিনের মধ্যেই ২২ গজে ফেরার সিদ্ধান্ত, কোন টুর্নামেন্টে খেলবেন ধাওয়ান?
মাত্র দুই দিন আগেই পেশাদার ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেন শিখর ধাওয়ান। তবে অবসর নেওয়ার দুই দিনের মধ্যেই ফের ক্রিকেট মাঠে ফেরার কথা ঘোষণা করলেন গব্বর। সেপ্টেম্বরে মাঠে নামবেন সদ্য প্রাক্তন হওয়া ভারতীয় ক্রিকেটার। কোন টুর্নামেন্টে খেলবেন ধাওয়ান? সোমবার নিজেই জানিয়েছেন সেই কথা।
ভারতের হয়ে বা আইপিএলে খেলবেন না, এমনকি ধাওয়ানকে দেখা যাবে না ঘরোয়া ক্রিকেটের মঞ্চেও। তবে ধাওয়ান শীঘ্রই লেজেন্ডস লিগ ক্রিকেটে মাঠে নামতে চলেছে। যুবরাজ, রায়না, হরভজনদের পর লেজেন্ডস লিগ ক্রিকেটে ভারতীয় খেলোয়াড়দের তালিকায় যোগ দিচ্ছেন গব্বরও। সচিন তেন্ডুলকর, গৌতম গম্ভীর থেকে শুরু করে ইরফান পাঠান, রবিন উথাপ্পাদের দেখা গিয়েছে এই প্রতিযোগিতায়।

সেপ্টেম্বরে লেজেন্ডস লিগ ক্রিকেটে অভিষেক হবে ধাওয়ানের। এই প্রসঙ্গে ধাওয়ান সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, "আমার শরীর এখনও খেলার মতো জায়গায় আছে। তাই এই লিগে খেলার সিদ্ধান্ত নিয়েছি। ক্রিকেট আমার জীবনে র অবিচ্ছেদ্য অঙ্গ, আমি এর বাইরে যেতে পারব না। আমি সব সময়ই ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকতে চাই।। আমি আমার ভক্তদের খেলার মাধ্যমে আরও মনোরঞ্জন দিতে চাই।" গত শনিবার অবসর ঘোষণা করেন ধাওয়ান।
আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে প্রথমবার ভারতের জার্সি গায়ে মাঠে নামেন শিখর। ১৬৭টি ওয়ান ডে ম্যাচে ৪৪.১১-র গড় ও ৯১.৩৫ স্ট্রাইক রেটে তিনি মোট ৬৭৯৩ রান করেছেন। ভারতের হয়ে তিন ফর্ম্য়াট মিলিয়ে মোট ২৬৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন শিখর ধবন। হাঁকিয়েছেন ২৪টি শতরান। ঘরোয়া ক্রিকেটেও তিনি ২০০৭-০৮ সালে দিল্লির রঞ্জি ট্রফিজয়ী দলের সদস্য ছিলেন। ২০২২ সালের পর থেকে আর জাতীয় দলের হয়ে খেলেননি। অবশেষে কেরিয়ারে ইতি টেনে দিয়েছেন শিখর।
শনিবার সমাজমাধ্যমে তাঁর অবসরের সিদ্ধান্ত ঘোষণা করে ধাওয়ান লিখেছিলেন, 'আমার ক্রিকেট-যাত্রা শেষ হল। সঙ্গে থেকে গেল অসংখ্য স্মৃতি এবং কৃতজ্ঞতা। যে ভালবাসা এবং সমর্থন পেয়েছি, তার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।'আমার একটাই লক্ষ্য ছিল দেশের হয়ে খেলা। সেই লক্ষ্য পূরণ হয়েছে।'












Click it and Unblock the Notifications