অভিমন্যু, শাকির ও শাহবাজের অর্ধশতরান, রঞ্জিতে অসমের বিরুদ্ধে জয়ের গন্ধ পাচ্ছে বাংলা, শামিকে ঘিরে উন্মাদনা
কল্যাণীতে রঞ্জি ট্রফির ম্যাচে অসমের বিরুদ্ধে জয়ের গন্ধ পাচ্ছে বাংলা। দ্বিতীয় দিনের শেষে বাংলা প্রথম ইনিংসে ৬৭ রানে এগিয়ে রয়েছে, হাতে রয়েছে ৬ উইকেট।
প্রথম ইনিংসে লিড পাওয়ায় ইতিমধ্যেই তিন পয়েন্টও নিশ্চিত হয়ে গিয়েছে অভিমন্যু ঈশ্বরনের নেতৃত্বাধীন দলের। এবার সরাসরি জয় ছিনিয়ে নেওয়াই লক্ষ্য চলতি রঞ্জি ট্রফিতে অপরাজেয় বাংলার।

অসমের প্রথম ইনিংসে ২০০ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে বাংলার স্কোর ৬৭ ওভারে ৪ উইকেটে ২৬৭ রান। শাহবাজ আহমেদ ৬টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৬৭ বলে ৬১ রানে অপরাজিত আছেন। তাঁর সঙ্গে ৪০ বলে ২৫ রানে ক্রিজে রয়েছেন সুমন্ত গুপ্ত, তিনি মেরেছেন চারটি চার।
বাংলার প্রথম উইকেট পড়েছিল দলগত ৭ রানে। সুদীপ কুমার ঘরামি ১২ বলে ২ রান করার পর রান আউট হন। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে ১২২ রান যোগ করেন অভিমন্যু ঈশ্বরন ও শাকির হাবিব গান্ধী। শাকির ৯টি চারের সাহায্যে ১০৬ বলে ৫৮ রান করে আম্পায়ারের 'বিতর্কিত' সিদ্ধান্তে কট বিহাইন্ড হয়ে সাজঘরে ফেরেন।
৮টি চারের সাহায্যে অভিমন্যু করেন ১১১ বলে ৬৬। অনুষ্টুপ মজুমদার ৬৯ বলে ৪৩ রান করেছেন, তাঁর ইনিংসে আছে পাঁচটি চার। অসমের হয়ে আকাশ সেনগুপ্ত দুটি ও মুখতার হুসেন একটি উইকেট দখল করেছেন।
বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ অর্ধশতরান পেলেও সন্তুষ্ট নন। বড় ইনিংস খেলতে না পারার আক্ষেপ রয়েছে জাতীয় দলে সুযোগের স্বপ্ন দেখা অভিমন্যু। তিনি জানালেন, আজ একটি উইকেট কম পড়লে ভালো হতো। কাল লাঞ্চ অবধি দেখেই পরবর্তী রণকৌশল ঠিক করবেন। তবে মনে করা হচ্ছে, বাংলা কোনওভাবেই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে চাইবে না, প্রতিপক্ষকে অল আউট করার পর্যাপ্ত সময় হাতে রেখেই।
এর আগে, এদিন ৮০.২ ওভারে ২০০ রানে শেষ হয় অসমের প্রথম ইনিংস। গতকাল প্রথম দিনের শেষে অসমের স্কোর ছিল ৭৭ ওভারে ৮ উইকেটে ১৯৪ রান। আজ সকালে স্কোরবোর্ডে ৩.২ ওভারে ৬ রান ওঠার ফাঁকে বাকি দুই উইকেট হারায় অসম। মুখতার হুসেন রান আউট হন ৯ রানে। অধিনায়ক সুমিত ঘাডিগাঁওকর ১৬৫ বলে ৫৩ রান করে মহম্মদ শামির শিকার হতেই অসমের ইনিংসে যবনিকা পতন ঘটে।
শামি চারটি মেডেন-সহ ২৩.২ ওভারে ৬৪ রান খরচ করে তিনটি উইকেট দখল করেন। সুরজ সিন্ধু জয়সওয়াল সাতটি মেডেন-সহ ২০ ওভারে ২৪ রানের বিনিময়ে তিনটি উইকেট পেয়েছেন। ২টি মেডেন-সহ ১১ ওভারে ৩০ রানের বিনিময়ে ২ উইকেট পান মহম্মদ কাইফ। ঈশান পোড়েল পেয়েছেন ১টি উইকেট।
এদিকে, শামিকে ঘিরে উন্মাদনা লক্ষ্য করা গেল কল্যাণীতে। ভালো উইকেটে ম্যাচ হচ্ছে। শামি এদিনও তিন উইকেট পেলেন। দর্শকদের উপস্থিতিও উল্লেখযোগ্য। নিশ্চিতভাবেই অনেকে এসেছেন শামিকেই দেখতেই। গতকালের পর আজও শামি খুদে ভক্তদের আবদার মেটালেন জার্সি, ব্যাটে সই করে।












Click it and Unblock the Notifications