Shakib Al Hasan: শাকিব বাংলাদেশে যেতে পারলেন না, কানপুরই হয়ে থাকল বিদায়ী টেস্ট
Shakib Al Hasan: শাকিব আল হাসানের মীরপুরে বিদায়ী টেস্ট খেলার স্বপ্নপূরণ হলো না। শাকিবকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের দলে রেখেছিলেন নির্বাচকরা।
কিন্তু গতকাল রাতের দিকেই পরিস্থিতি বদলাতে থাকে। শাকিবের আজ ঢাকা ফেরার বিমান ধরার কথা ছিল। কিন্তু শেষ অবধি তিনি ঢাকা ফিরতে পারলেন না।

ভারতে টেস্ট সিরিজ খেলেই শাকিব চলে গিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে। বাংলাদেশে ছাত্রদের আন্দোলনের সময় নিজের নীরবতার জন্য ক্ষমা প্রার্থনা করেন। রাজনীতিতে আসার কারণ জানিয়ে ফেসবুক পোস্ট করেছিলেন। কিন্তু তাতে শাকিব-বিরোধীদের মনোভাবের পরিবর্তন ঘটেনি।
প্রথম আলোর প্রতিবেদনে উল্লেখ, গত কয়েক দিন ধরেই মীরপুরের শের-এ-বাংলা স্টেডিয়ামে শাকিবের বিরুদ্ধে স্লোগান দেন অনেকে। মিছিল থেকে দেওয়াল লিখন কিছুই বাদ যায়নি। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাকিবের কুশপুতুল দাহ করা হয়। একটাই দাবি, কোনওভাবেই শাকিবকে টেস্টে খেলতে দেওয়া যাবে না।
বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ শাকিবের বিরুদ্ধে বিক্ষোভকে আবেগের বিষয় বলে অভিহিত করে বলেন, একজন ক্রিকেটার, যিনি বাংলাদেশের নাগরিক, তিনি খেলবেন। তাঁকে দেশে আসার ব্যাপারে বাধা দেওয়ার কারণ নেই। প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। ক্রিকেট দলেরও। সেটাই করা হবে।
শাকিব এদিন ইএসপিএনক্রিকইনফোর প্রতিনিধিকে জানিয়েছেন, তিনি ঢাকায় ফিরছেন না। এখন কোথায় যাবেন সেটাও ঠিক করেননি। যদিও জানা যাচ্ছে, দুবাই থেকে শাকিব মার্কিন যুক্তরাষ্ট্রেই ফিরে যাবেন। কেরিয়ারের শেষ টেস্ট খেলার জন্য তিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দুবাই হয়ে ঢাকা যাচ্ছিলেন।
আওয়ামি লিগের প্রাক্তন মন্ত্রী থেকে বিভিন্ন স্তরের নেতাদের গ্রেফতার করা হয়েছে। শাকিব চলতি বছরেই আওয়ামি লিগের সংসদ সদস্য হয়েছিলেন মাগুরা থেকে। গত ৫ অগাস্ট হাসিনা সরকারের পতন ঘটে। তারপর থেকে কোনও সংসদ সদস্যকে প্রকাশ্যে দেখা যায়নি।
শাকিব কানপুরে নিজের টেস্ট থেকে অবসরের কথা জানাতে গিয়ে বলেছিলেন, বাংলাদেশে নিরাপত্তা সুনিশ্চিত হলে তবেই তিনি ফিরবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে তিনি দুবাই পৌঁছে গিয়েছিলেন। আজ ঢাকা পৌঁছনোর কথা ছিল। কিন্তু বাংলাদেশে বিক্ষোভ শুরু হওয়ায় শাকিবকে দুবাইয়ে অপেক্ষা করতে বলা হয়।
যেহেতু শাকিবের বিমান বিকেলের দিকে ছিল, ফলে মনে করা হচ্ছিল পরিস্থিতি বদলাবে। শাকিব দেশে ফিরতে পারবেন। শাকিবের আর্জি ছিল, তিনি যাতে নিরাপদে টেস্ট খেলে বাংলাদেশ ছাড়তে পারেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে সবুজ সঙ্কেত মিলতেই তাঁকে দলে রাখা হয়। ফলে মনে করা হচ্ছে, সরকারি তরফেও নিরাপত্তা নিয়ে নিশ্চয়তা দেওয়া হয়েছিল। যদিও পরিবর্তিত পরিস্থিতিতে শাকিব ঢাকা ফিরতে পারলেন না।
মীরপুর ছাত্র জনতা নামে সংগঠনের তরফে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে হুঁশিয়ারি দিয়ে বলা হয় শাকিব স্টেডিয়ামে খেললে বিক্ষোভ প্রদর্শন করা হবে। শাকিব-বিরোধী বিক্ষোভ, প্রতিবাদের কারণেই আর ঝুঁকি নেওয়া হলো না। বাংলাদেশ প্রিমিয়ার লিগেও শাকিবের আর খেলা হবে না। তবে সরকারিভাবে এখনও বলা যাচ্ছে না, কানপুরই শাকিবের কেরিয়ারের শেষ টেস্ট। কিন্তু শাকিবই বলেছিলেন, মীরপুরে খেলেই টেস্টকে বিদায় জানাতে চান। শাকিব আপাতত দুবাই থেকে মার্কিন যুক্তরাষ্ট্রেই ফিরবেন বলে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications