IPL 2025: সঞ্জু স্যামসনের আঙুলে অস্ত্রোপচার! আইপিএলে খেলতে পারবেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক?
IPL 2025: সঞ্জু স্যামসনের আঙুলে অস্ত্রোপচার। ভারতের এই উইকেটকিপার-ব্যাটার টি২০ দলে থাকলেও একদিনের আন্তর্জাতিক দলে জায়গা পাননি।
ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির মূল দল বা নন ট্রাভেলিং রিজার্ভদের তালিকাতেও তাঁর নাম নেই। এই পরিস্থিতিতে আরও মাসখানেক মাঠের বাইরেই থাকতে হবে সঞ্জু স্যামসনকে।

সঞ্জু ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজের পাঁচটি ম্যাচেই খেলেছেন। তার আগে খেলেছেন সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও। ইংল্যান্ডের বিরুদ্ধে ব্য়াট হাতে রান না পেলেও দক্ষিণ আফ্রিকায় যে ছন্দে ছিলেন তাতে তিনিই ভারতের টি২০ দলে বর্তমানে ১ নম্বর উইকেটকিপার।
ইংল্যান্ড সিরিজে পেসারদের বিরুদ্ধে তাঁর দুর্বলতা প্রকট হয়েছে। শর্ট বল খেলতে গিয়েও সমস্যায় পড়ছেন। ইডেনে সঞ্জু করেছিলেন ২৬ রান। এরপর চেন্নাইয়ে ৫, রাজকোটে তিন, পুণেতে ১ ও মুম্বইয়ে ১৬ রানের বেশি করতে পারেননি। তারই মধ্যে চোট পান।
গতকালই সঞ্জুর আঙুলে অস্ত্রোপচার হয়েছে। আইপিএল শুরু হবে ২১ মার্চ। এখনও দিনক্ষণ ঘোষণা হয়নি। সঞ্জুর অপারেশন হওয়ায় স্বাভাবিকভাবেই চিন্তায় রাজস্থান রয়্যালসের সমর্থকরা। কেন না, সঞ্জুর নেতৃত্বেই আইপিএল খেলবে রাহুল দ্রাবিড়ের প্রশিক্ষণাধীন দল।
স্বস্তির খবর একটাই। মনে করা হচ্ছে, আইপিএলের আগে ফিট হওয়ার জন্য পর্যাপ্ত সময় হাতে রয়েছে সঞ্জুর। তিনি পুরোপুরি ফিট হয়ে প্রথম থেকেই আইপিএল খেলতে পারবেন বলে আশা করা হচ্ছে। জোফ্রা আর্চারের বলে পঞ্চম টি২০ আন্তর্জাতিক চলাকালীনই আঙুলে চোট লাগে সঞ্জুর।
সঞ্জু ওই ম্যাচে ৭ বলে ১৬ রান করেছিলেন। তবে তাঁর পরিবর্তে উইকেটকিপিং করেছিলেন ধ্রুব জুরেল। এই চোটের কারণে সঞ্জু জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে কেরলের হয়ে রঞ্জি কোয়ার্টার ফাইনালেও খেলতে পারেননি।
সঞ্জু ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ একদিনের আন্তর্জাতিক খেলেছেন। শতরানও করেছিলেন। গত বছর ভারত মাত্র তিনটি ওডিআই খেলে। তবে তাতে সঞ্জু দলে ছিলেন না। শিবিরে যোগ না দেওয়ায় কেরল বিজয় হাজারে ট্রফির দলে রাখেনি সঞ্জুকে। আপাতত তিনি টি২০ দলেই থাকছেন। গত বছর সঞ্জুর নেতৃত্বে রাজস্থান রয়্যালস আইপিএলের প্লে-অফে গিয়েছিল। কিন্তু দ্বিতীয় কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দরাবাদের কাছে পরাস্ত হয়।












Click it and Unblock the Notifications