Sandeep Lamichhane: ধর্ষণের অভিযোগ থেকে মুক্ত নেপালের তারকা ক্রিকেটার, খেলতে পারবেন টি২০ বিশ্বকাপে?
বড় স্বস্তি পেলেন নেপালের জাতীয় দলের ক্রিকেটার সন্দীপ লামিছানে। নিন্ম আদালতে দোষী সাব্যস্ত হলেও হাইকোর্টে নির্দোষ প্রমাণিত হলেন নেপালের এই তারকা ক্রিকেটার। বুধবার ধর্ষণ মামলায় রায় দিয়েছে হাইকোর্ট। নির্দোষ প্রমাণিত হওয়ায় টি২০ বিশ্বকাপে খেলার সুযোগও থাকছে সন্দীপের সামনে।
২০২৩ সালে অগাস্ট মাসে এক মহিলা অভিযোগ করেন যে, কাঠমান্ডুর এক হোটেলে তাঁকে ধর্ষণ করেছেন সন্দীপ। জাতীয় দলের ক্রিকেটারের সঙ্গে ভক্ত হিসেবেই দেখা করেন। সে সময়ই জোর করে তাঁর শ্লীলতাহানি করেন সন্দীপ, এমনটাই অভিযোগ ছিল। অভিযোগের ভিত্তিতে লামিছানেকে গ্রেফতার করা হলেও জামিন পেয়ে যান তিনি। কিন্তু ২০২৩ সালের ২৯ ডিসেম্বর বিচারক শিশির রাজ ধাকালের একক বেঞ্চ লামিছানেকে দোষী সাব্যস্ত করে।

২৩ বছর বয়সী লামিছানেকে এক সময় নেপাল ক্রিকেটের পোস্টার বয় হিসেবে বিবেচনা করা হতো। এই লেগ স্পিনারের মাঠের সাফল্যে হিমালয়ের কোলের দেশটির খেলার মর্যাদাও তুলে ধরেছিল। এই মামলার জেরে লামিছানেকে ক্রিকেট থেকেও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। গত বছরের ৫ নভেম্বর নেপালের হয়ে শেষ বার খেলেছিলেন তারকা স্পিনার। তবে হাইকোর্ট তাঁকে নির্দোষ ঘোষণা করায় সন্দীপের কাছে টি২০ বিশ্বকাপে খেলার সুযোগ এখনও আছে।
আসন্ন টি২০ বিশ্বকাপে রোহিত পাউডেল নেতৃত্ব দেবেন নেপাল দলকে। ইতিমধ্যেই হয়ে গিয়েছে দল ঘোষণা। কিন্তু আইসিসি-র নিয়ম অনুযায়ী, ২৫ মে পর্যন্ত সব দলই তাদের স্কোয়াডে পরিবর্তন করতে পারে। সন্দীপ দলে অন্তর্ভুক্ত হলে নেপাল দলের শক্তি বৃদ্ধি হবে। নির্দোষ প্রমাণিত হয়ে মুক্ত হওয়ার পর বাবার সঙ্গে পশুপতি নাথ মন্দিরে পুজোও দেন সন্দীপ।
Sandeep Lamichhane at the Pasupatinath Temple after being declared innocent by the court. pic.twitter.com/RfCeJdiWE9
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 15, 2024
২৩ বছরের সন্দীপের বাইশ গজে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল ২০১৮ সালে। দেশের জার্সিতে সাদা বলের ক্রিকেটে দুই ফরম্য়াটেই খেলেছেন তিনি। ওডিআই ও টি২০আই মিলিয়ে ১০০-র উপর ম্যাচে তাঁর রয়েছে ২০০ উইকেট। পাশাপাশি আইপিএলে দুই মরসুম দিল্লি ক্যাপিটালসের হয়েও খেলেছেন নেপালি এই ক্রিকেটার।
সন্দীপ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আমি যে নির্দোষ সেটা নিয়ে আমার মনে কোনও সন্দেহ ছিল না, আমার বিচার ব্যবস্থার উপর আস্থা ছিল। অবশেষে সত্যি প্রকাশ্যে এল।












Click it and Unblock the Notifications