Sandeep Lamichhane: ধর্ষণে দোষী সাব্যস্ত! কারাবাস হচ্ছেই আইপিএল খেলা নেপালের ক্রিকেটার সন্দীপের
Sandeep Lamichhane: অপ্রাপ্তবয়স্ককে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত হলেন নেপাল ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সন্দীপ লামিছানে। দীর্ঘ শুনানি প্রক্রিয়ার শেষে আজ এই রায় দিয়েছে কাঠমান্ডুর জেলা আদালত।
আদালত পরে জানিয়ে দেবে, কতদিন কারাবাস হচ্ছে আইপিএল খেলা নেপালের এই ক্রিকেটারের। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে সাজা ঘোষণার সম্ভাবনা।

গত বছরের অগাস্টে ১৭ বছরের কিশোরী অভিযোগ করেন, কাঠমান্ডুর হোটেলে তাঁকে ধর্ষণ করেছেন লামিছানে। যার ফলে শোরগোল পড়ে যায়। ২৩ বছরের লামিছানে নেপালের প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে খেলেছেন। ২০১৮ সালে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন এই লেগ-স্পিনার।
চূড়ান্ত পর্বের শুনানি শুরু হয়েছিল গত রবিবার। আজ বিচারক শিশির রাজ ঢাকাল লামিছানেকে দোষী সাব্যস্ত হিসেবে করেন। গত ১২ জানুয়ারি লামিছানেকে জামিন দিয়েছিল পাটান হাই কোর্ট। রিভিউ পিটিশন দাখিল করেছিলেন লামিছানে। বিচারপতি ধ্রুব রাজ নন্দ ও বিচারপতি রমেশ দাহালের বেঞ্চ ২০ লক্ষ টাকার বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেছিল।
এর আগে, ২০২২ সালের ৪ নভেম্বর কাঠমান্ডু জেলা আদালত ডিটেনশন হিয়ারিংয়ের পর লামিছানেকে সুন্ধরার সেন্ট্রাল জেলে পাঠিয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে গিয়েছিলেন লামিছানে। গত বছরের সেপ্টেম্বরে লামিছানের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন নির্যাতিতা, গৌশালার মেট্রোপলিটন পুলিশ সার্কেলে।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলে ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগো থেকে ফেরার পর গত বছরের অক্টোবরে লামিছানেকে গ্রেফতার করেছিল নেপাল পুলিশ। নির্যাতিতাকে শারীরিক ও মানসিক নিগ্রহের জন্য ক্ষতিপূরণ দাবি করা হয়েছিল ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসের চার্জশিটে। চার্জশিট জমা পড়ার পর লামিছানের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও সম্পত্তি ফ্রিজ করে দেওয়া হয়।
লামিছানের গুগলি ব্যাটারদের সমস্যায় ফেলার পক্ষে যথেষ্ট। যদিও ব্যক্তিগত জীবনে এবার বড় বিপাকে লামিছানে। আইপিএলের পাশাপাশি বিগ ব্যাশ লিগ, পাকিস্তান সুপার লিগ ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও খেলেছেন লামিছানে। বিশ্বের দ্বিতীয় দ্রুততম হিসেবে ওডিআইয়ে এবং বিশ্বের তৃতীয় দ্রুততম হিসেবে টি২০ আন্তর্জাতিকে তাঁর ৫০ উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে।
গত অগাস্টে দেশের হয়ে কেনিয়ায় তিনি শেষবার টি২০ আন্তর্জাতিক হয়েছেন। আজ ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর লামিছানে এবার কোন আইনি পদক্ষেপ গ্রহণ করেন তা নিয়ে চর্চা চলছে। ১০ জানুয়ারি সাজা ঘোষণা হতে পারে। সূত্রের খবর, আদালতের রায় ঘোষণার পর ফের গ্রেফতারও করা হয়েছে লামিছানেকে। গত সেপ্টেম্বরে তিনি এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে শেষ ওডিআই খেলেছেন।












Click it and Unblock the Notifications