Sachin Tendulkar: ভূস্বর্গে প্রিয় ভক্তকে দর্শন দিলেন ক্রিকেট ঈশ্বর, ‘হিরো’ আমির সচিনের থেকে পেলেন উপহারও
বিগত কয়েক দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় কাশ্মীর সফরের একের পর এক ভিডিও পোস্ট করছেন সচিন তেন্ডুলকর। মাস্টার ব্লাস্টারের কাশ্মীর ডায়েরি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি সময় লাগছে না। শনিবার কাশ্মীর সিরিজের আরও একটি ভিডিও প্রকাশ্যে আনলেন ক্রিকেট ঈশ্বর। কাশ্মীরের প্যারা ক্রিকেটার আমির হোসেন লোনের সঙ্গে সাক্ষাৎ করেছেন সচিন।
কয়েক সপ্তাহ আগেই বিশেষভাবে সক্ষম কাশ্মীরি এই ক্রিকেটারের কাহিনি প্রকাশ্যে এসেছিল। কাশ্মীরের প্যারা ক্রিকেট দলের অধিনায়ক আমির হোসেনের চ্যালেঞ্জটা আরও কঠিন। কারণ তাঁর দুটি হাতই নেই। কাঁধ দিয়ে ব্যাট চেপে ধরেই খেলেন তিনি। একইসঙ্গে এটাও জানা যায় আমির সচিনের বড় ভক্ত। ভূস্বর্গে গিয়ে ভক্তকে শুধু দেখাই দিলেন না একইসঙ্গে একটি মূল্যবান উপহারও দিলেন।

শনিবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন সচিন। তাতে দেখা যাচ্ছে, বিশেষ ভাবে সক্ষম ক্রিকেটার আমিরকে জড়িয়ে ধরেছেন সচিন। নিজের আইকনকে সামনে তখন চোখ ছলছল করছে আমিরের। সচিন লিখেছেন, 'তুমি সত্যিকারের হিরো। এ ভাবেই প্রেরণা দিয়ে যাও। তোমার সঙ্গে দেখা করে সত্যিই ভালো লেগেছে।' এরপর সচিন আমিরকে একটি ব্যাট উপহার দিয়ে সেখানে লিখে দেন, 'আমির দ্য রিয়েল হিরো'।
এরপর সচিন জিজ্ঞাসা করেন কেমন কাটছে দিন? এর আমিরের উত্তর, "ক্রিকেট খেলছি স্যর। আজ খুব খুশি। জীবনে কোনও দিন আশা হারাইনি। সেটাই আমাকে এগিয়ে নিয়ে গিয়েছে। দুর্ঘটনার পরেও আমি আশা হারাইনি এবং কঠোর পরিশ্রম করেছি। নিজেই সব কাজ করতে পারি। কারও উপরে নির্ভর করি না।'
একইসঙ্গে আমির বলেন, '২০১৩ সালে জম্মু এবং কাশ্মীরের প্যারা ক্রিকেট দলে সুযোগ পাই। আপনি আমার অনুপ্রেরণা। ২০১৩ সালে দিল্লিতে জাতীয় পর্যায়ে খেলেছি। ২০১৮-য় বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক ম্যাচেও খেলেছি। '
To Amir, the real hero. Keep inspiring!
— Sachin Tendulkar (@sachin_rt) February 24, 2024
It was a pleasure meeting you. pic.twitter.com/oouk55lDkw
প্যারা ক্রিকেটে আমরা অনেক প্রতিবদ্ধকতা বা প্রতিকূলতাকে জয় করেই মাঠে নামতে দেখি বিশেষভাবে সক্ষম ক্রিকেটারদের। কোন ক্রিকেটারের দৃষ্টিশক্তি থাকে না, আবার কেউ পা ছাড়াই হুইল চেয়ারে বসেই খেলেন ক্রিকেট। কিন্তু আমিরের চ্যালেঞ্জটা অনেক বেশি।শুধু কাঁধ দিয়ে ব্যাটিং নয় একইসঙ্গে পা দিয়েই বোলিংও করেন কাশ্মীরের এই প্যারা ক্রিকেটার। আমির হোসেন লোন বর্তমানে জম্মু ও কাশ্মীরের প্যারা ক্রিকেট দলের অধিনায়ক। সচিনের আমিরের সাক্ষাতের এই ভিডিও ভাইরাল হতে বেশি সময় লাগেনি।












Click it and Unblock the Notifications