SA vs IND: সেঞ্চুরিয়নে কোন ভুলের মাশুল দিল ভারত? সোজাসাপটা কারণ চিহ্নিত করে দিলেন গাভাসকর
SA vs IND: সেঞ্চুরিয়নে প্রথম টেস্ট শেষ হয়ে গিয়েছে তিন দিনেই। এই টেস্টটি ৫ দিন চললে শেষ হতো কাল। তবে এই পরাজয়ের পরেও ভারতের ছুটির মেজাজ বদলাচ্ছে না। সূত্রের খবর, বর্ষবরণের জন্য ২ দিনের ছুটি কাটাবে রোহিত শর্মার দল।
কেপ টাউনে নিউ ইয়ার টেস্ট শুরু ৩ জানুয়ারি থেকে। যা ভারতের কাছে ডু-অর-ডাই। সিরিজ পরাজয় রুখতে গেলে কোনওভাবেই টেস্টটি ড্র পর্যন্ত করতে দেওয়া চলবে না।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ইনিংসেই হতাশ করেছেন ভারতীয় ব্যাটাররা। লোকেশ রাহুল শতরান করেছেন, বিরাট কোহলি অর্ধশতরান পেয়েছেন। কিন্তু গতিময় পিচে ভারতের বেশিরভাগ ব্যাটারকেই নাকানিচোবানি খাইয়ে ছেড়েছেন প্রোটিয়া-পেসাররা। ভারতের বোলিংও নির্বিষ দেখিয়েছে অনভিজ্ঞতার কারণে।
ভারত অধিনায়ক রোহিত শর্মা বোলারদের আড়াল করার চেষ্টা চালান। তবে মেনে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারা এই পরাজয়ের অন্যতম কারণ। ঠিক একই কথা উঠে এসেছে সুনীল গাভাসকরের বক্তব্যেও। স্টার স্পোর্টসে নিজের মতামত জানাতে গিয়ে ভারতের রণকৌশলকে তুলোধনা করেছেন সানি।
প্রোটিয়াদের দেশে ভারত নেমেছিল ফাইনাল ফ্রন্টিয়ারে। ১৯৯২ সালে দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক ক্রিকেট আঙিনায় আসার পর তাদের দেশে গিয়ে ভারত কখনও সিরিজ জেতেনি। এবারও হলো না। এবারের টেস্ট সিরিজ শুরুর আগে ভারত প্রথম শ্রেণির কোনও প্রস্তুতি ম্যাচও খেলেনি। নিজেদের মধ্যে ভাগ হয়ে ইন্ট্রা-স্কোয়াড ম্যাচ খেলেছে। একে জোক বলে উল্লেখ করেছেন গাভাসকর।
গাভাসকর বলেছেন, ভারতের হারের সোজাসাপটা কারণ হলো দক্ষিণ আফ্রিকায় কোনও ম্যাচ না খেলা। বিদেশে পৌঁছেই টেস্ট খেলতে নেমে পড়ায় কোনও লাভ হয় না। এটা ঠিক, ভারতীয় এ দল পাঠানো হয়েছে। কিন্তু ভারতীয় দলের সফরের আরও আগেই ভারতের এ দলকে পাঠানো উচিত ছিল।
সানি মনে করেন, প্রস্তুতি ম্যাচ খেলা অবশ্যই প্রয়োজন ছিল। নিজেদের মধ্যে খেলা হলে বোলাররা ব্যাটারদের দিকে খুব জোরে বল করেন না, বাউন্সার দেন না। তার কারণ, চোট-আঘাত সম্পর্কে সজাগ থাকেন তাঁরা। ফলে ইন্ট্রা-স্কোয়াড ম্যাচ জোক ছাড়া কিছু নয়। দক্ষিণ আফ্রিকার এ দল বা কাউন্টি বা স্টেটের কোনও দলের বিরুদ্ধে ২-৩টি ম্যাচ খেলা উচিত ছিল ভারতের।
ভারতকে টেস্টে ভালো কিছু করতে হলে অভিধান থেকে ওয়ার্কলোডের কথাটি সরিয়ে দেওয়ার পক্ষে সওয়াল করেছেন সানি। তিনি বলেন, দুই, তিন বা চারটি ম্যাচে ব্যর্থ হলেও সিনিয়রদের কিছু হয় না। কিন্তু তরুণ প্লেয়ারদের জন্য প্রস্তুতি ম্যাচ কার্যকরী। সিয়িনররা টেস্ট শুরুর দিন দুই আগেও আসতে পারেন। কিন্তু অল্পবয়সিদের পক্ষে জরুরি বিদেশে গিয়ে পর্যাপ্ত প্রস্তুতি ম্যাচ পাওয়া।












Click it and Unblock the Notifications