SA vs IND: আইসিসি ও ম্যাচ রেফারিদের চোখ-কান খোলা থাকুক! পিচ রেটিং নিয়ে দ্বিচারিতার প্রশ্নে সরব রোহিত
SA vs IND: কেপ টাউন টেস্ট শেষ হতে পাঁচটি সেশনও পুরো লাগেনি। নিউল্যান্ডসে নিউ ইয়ার টেস্ট চিহ্নিত থাকল টেস্ট ক্রিকেটের সংক্ষিপ্ততম টেস্ট হিসেবেই। সবচেয়ে কম বলেই হলো ফয়সালা।
ভারত সিরিজে সমতা ফিরিয়েছে। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষস্থানও দখলে নিয়েছে। কিন্তু কেপ টাউনের পিচ নিয়ে এবার সরব হলেন রোহিত শর্মা। পিচের রেটিং নিয়ে যে দ্বিচারিতা চলে, তা বুঝিয়ে দেন রোহিত।

রোহিত আজ ম্যাচের শেষে বলেন, আমরা সকলেই দেখেছি এই টেস্টে পিচ কেমন আচরণ করল। এই ধরনের পিচে খেলতে আমার অসুবিধা নেই। তবে তা ততক্ষণ পর্যন্ত ঠিক যতক্ষণ ভারতের পিচ নিয়ে নানারকম কথা বলা থেকে বাকিরা বিরত থাকবেন। ভারতের পিচ নিয়ে সমালোচনার পাল্টা দেওয়ার সুযোগ এদিন হাতছাড়া করেননি হিটম্যান।
ভারত অধিনায়কের কথায়, টেস্ট ক্রিকেটে নিজেদের শক্তি যাচাই করা লক্ষ্য থাকে ক্রিকেটারদের। এই ধরনের পিচ বিপজ্জনক, চ্যালেঞ্জিং। যখন কোনও দল ভারতে খেলতে যায় তখনও তা চ্যালেঞ্জিং থাকে। কিন্তু বিদেশে যখন আমরা খেলতে যাই তখন টেস্ট ক্রিকেটই সেরা ফরম্যাট, আল্টিমেট প্রাইজ ইত্যাদি নানা কথা বলা হয়। একই বিষয় অন্য সময় বাকিদের মেনে চলা উচিত।
রোহিত বলেন, চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। কিন্তু ভারতে যদি প্রথম দিন থেকে বল ঘোরে তখন অনেকেই সরব হন পিচ থেকে ধুলো উড়তে দেখে। কিন্তু এখানেও পিচে ফাটল ছিল। কিন্তু তা দেখা হচ্ছে না। ম্যাচ রেফারিদের বিশেষ করে পিচের রেটিং ঠিক করার সময় চোখ খোলা রাখা উচিত। নিরপেক্ষ থাকা উচিত। সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশ্বকাপের পিচ নিয়ে সমালোচনা বা পিচের রেটিং তাঁর যে পছন্দ হয়নি তা স্পষ্ট করে রোহিত বলেন, বিশ্বকাপ ফাইনালের পিচ গড়পড়তার চেয়ে খারাপ (বিলো অ্যাভারেজ) ছিল তা বিশ্বাস করি না। ফাইনালে একজন শতরান করেছেন। সেটা কীভাবে খারাপ পিচ হতে পারে? এই বিষয়গুলিতে আইসিসি, ম্যাচ রেফারিদের গুরুত্ব দেওয়া উচিত। নিজেরা যা দেখছেন তা অনুযায়ী পিচের রেটিং হওয়া উচিত, দেশ দেখে নয়।
চ্যালেঞ্জিং পিচে ভালো খেলতে তাঁরা যে প্রস্তুত তা স্পষ্ট করে দিয়ে রোহিত আশা প্রকাশ করেন, আগামী দিনে পিচের রেটিংয়ের সময় সকলে চোখ-কান খোলা রাখবেন, নিরপেক্ষ থাকবেন। কীভাবে পিচের রেটিং হয় তা দেখতে আগ্রহী রোহিত। তাঁর সাফ কথা, যদি প্রথম বল থেকে বল সিম করা ঠিক হয়, তাহলে প্রথম থেকেই বল ঘুরলে আপত্তি জানানো উচিত নয়।
রোহিতের কথায়, কোনও পিচে যদি শুরু থেকে বল সিম করে, কিন্তু ঘোরে না, সেই ধরনের পিচও কাম্য নয়। নিরপেক্ষ থেকে পিচ যাচাই করে খারাপ বলে চিহ্নিত করা হোক। পিচের রেটিংয়ের ক্ষেত্রে আইসিসি এবং ম্য়াচ রেফারিদের একাংশ যে নিরপেক্ষ নন, সেটা বারবারই উঠে এসেছে রোহিতের কথায়। ইংল্যান্ড সিরিজে স্পিন সহায়ক উইকেটেই ভারত যে বাজিমাত করতে চাইছে, সেটাও বোঝা গিয়েছে ভারত অধিনায়কের বক্তব্যে।












Click it and Unblock the Notifications