রোহিত-সূর্যদের সংবর্ধনা দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, হিটম্যানের 'ফ্যাশন' নিয়ে বড় প্রশ্ন মোদীর
Rohit Sharma: টি২০ বিশ্বকাপজয়ী দলে ছিলেন মুম্বইয়ের চার ক্রিকেটার। বিধান ভবনে সংবর্ধনা জ্ঞাপনের আগে তাঁদের সংবর্ধিত করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে।
মুম্বইয়ের প্রথম ক্রিকেটার হিসেবে ভারতকে নেতৃত্ব দিয়ে বিশ্বকাপ জেতালেন রোহিত শর্মা। এ ছাড়াও ছিলেন সূর্যকুমার যাদব, শিবম দুবে ও যশস্বী জয়সওয়াল।

যশস্বী জয়সওয়াল অবশ্য সঞ্জু স্যামসন ও যুজবেন্দ্র চাহালের মতো টি২০ বিশ্বকাপের একটি ম্যাচেও সুযোগ পাননি। দক্ষিণ মুম্বইয়ে শিণ্ডের বাসভবন বর্ষা বাংলোয় রোহিতের নেতৃত্বে হাজির হন বিশ্বকাপজয়ী দলের আরও তিন মুম্বইকর।
শিণ্ডে সংবর্ধনা প্রদানের ফাঁকে সূর্যকুমার যাদবের অনবদ্য ক্যাচের বিশেষ প্রশংসা করেন। ক্রিকেটারদের শাল ও গণেশ মূর্তি উপহার দেওয়া হয়। পরে বিধান ভবনে মুম্বইয়ের চার ক্রিকেটারকে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্য রোহিত ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে, উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ ও অজিত পওয়ারকে। বিধান ভবনে অনুষ্ঠানে সূর্যকুমার যাদবের ক্যাচটি নিয়ে মজার কথা জানান রোহিত।
রোহিতের কথায়, ক্যাচ ধরে সূর্য আমাকে বলেন বল তাঁর হাতে বসে গিয়েছিল। ঈশ্বর সহায়, তাঁর হাতেই বল বসে গিয়েছিল। নাহলে তাঁকেই মাঠের বাইরে বসাতে হতো আমাকে। এরই মধ্যে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রোহিত শর্মার কথোপকথনের নানা বিষয়। বার্বাডোজের মাটির স্বাদ কেমন লেগেছিল? তা জানতে চেয়েছিলেন মোদী।
রোহিত বলেন, বার্বাডোজের কেনসিংটন ওভালে আমরা বিশ্বকাপ জিতেছি। আমি সেই মুহূর্তটি মনে রাখতে চেয়েছি। ওই পিচেই আমরা ফাইনাল ম্যাচ জিতে বিশ্বকাপের দখল নিয়েছি। আমরা সকলেই সেই মুহূর্তের অপেক্ষা করছিলাম। অনেকবার কাছাকাছি গিয়েও বিশ্বকাপ জিততে পারিনি।
রোহিতের কথায়, সেই বিশ্বকাপ আমরা যে পিচে জিতেছি সেটা আমার কাছে খুব স্পেশ্যাল। সে কারণেই আমি পিচের মাটি মুখে দিয়েছিলাম। এরপর রোহিতের কাছে প্রধানমন্ত্রী জানতে চান বিশ্বকাপের ট্রফি নেওয়ার আগে কেন রোহিত রিক ফ্লেয়ার স্টুর্ট অনুকরণ করেছিলেন?
রোহিত জানান, টি২০ বিশ্বকাপ জয় আমাদের সকলের কাছেই বড় মুহূর্ত ছিল। সকলেই দীর্ঘ সময় এর জন্য অপেক্ষা করছিলাম। ফলে অনেকেই আমাকে পরামর্শ দেন, সাধারণভাবে যেন ট্রফি নিতে না যাই। এরপরই প্রধানমন্ত্রী মজা করেই জানতে চান, এটা কি চাহালের আইডিয়া ছিল? রোহিত জানান, চাহালের সঙ্গে তাঁকে এ কথা কুলদীপ যাদবও বলেছিলেন।
এরপর সহাস্য মোদী কুলদীপের কাছে জানতে চান, অধিনায়ককে নাচানোর এত সাহস তিনি কীভাবে পেলেন? কুলদীপের উত্তর, আমি অধিনায়ককে নাচাইনি। আমি তাঁকে কিছুটা আলাদাভাবে করতে বলেছিলাম। যেমনভাবে বলেছিলাম তেমনটা অবশ্য রোহিত করেননি।












Click it and Unblock the Notifications