নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত অধিনায়ক হচ্ছেন রোহিত, প্রথম টেস্টে বিশ্রামে বিরাট?
নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি ২০ সিরিজ ও দুই টেস্টের সিরিজের দল ঘোষণা হতে চলেছে ২৪ ঘণ্টার মধ্যেই। আইপিএলের পর সৈয়দ মুস্তাক আলি টি ২০-তে নজরকাড়া ঋতুরাজ গায়কোয়াড়, ভেঙ্কটেশ আইয়ারদের রাখা হতে পারে টি ২০ দলে। বিরাট কোহলি টি ২০ আন্তর্জাতিকের অধিনায়কত্ব ছাড়ার পর তাঁর স্থলাভিষিক্ত হতে চলেছেন রোহিত শর্মাই। এমনকী প্রথম টেস্টেও রোহিতই ভারতকে নেতৃত্ব দিতে পারেন।

বিসিসিআই সূত্রকে উল্লেখ করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, বিরাট কোহলি নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে বিশ্রাম নিতে চাইছেন। তবে মুম্বইয়ে অনুষ্ঠেয় সিরিজের দ্বিতীয় টেস্টে তিনিই অধিনায়কত্ব করবেন। টি ২০ দলের সহ অধিনায়ক হতে চলেছেন লোকেশ রাহুল। টেস্ট দলের সহ অধিনায়ক অজিঙ্ক রাহানেই থাকবেন। ১৭, ১৯ ও ২১ নভেম্বর তিনটি টি ২০ আন্তর্জাতিক হবে যথাক্রমে জয়পুর, রাঁচি ও কলকাতায়। প্রথম টেস্ট কানপুরে। যেহেতু আগামী ডিসেম্বর-জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সফরের আগে ভারতের কোনও একদিনের আন্তর্জাতিক নেই, তাই ওই সফরের আগে একদিনের দলের অধিনায়কত্ব নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। দক্ষিণ আফ্রিকা সফরে ভারত তিনটি করে টেস্ট ও ওয়ান ডে এবং চারটি টি ২০ আন্তর্জাতিক খেলবে। তারপর ভারতের ওয়ান ডে সিরিজ রয়েছে ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজে মহম্মদ শামি ও জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়া হতে পারে। টি ২০ বিশ্বকাপের দল থেকে বাদ পড়তে পারেন বরুণ চক্রবর্তী, তাঁর ফিটনেস নিয়ে সংশয় রয়েছে, বিশ্বকাপে উইকেট পাননি, গতকালের ম্যাচে প্রথম একাদশে ছিলেন না। ভারতের টি ২০ দলে সুযোগ পেতে পারেন আইপিএলে সর্বাধিক উইকেটশিকারী হর্ষল প্যাটেল। তাঁর মতোই বিশ্বকাপের চূড়ান্ত দলে সুযোগ না পাওয়া শ্রেয়স আইয়ারও কামব্যাক করতে চলেছেন জাতীয় দলে। বিরাট কোহলি নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম দিকে না খেললেও দ্বিতীয় টেস্ট খেলবেন, এমনকী টেস্টে তাঁর অধিনায়কত্বও আপাতত সুরক্ষিতই বলে বোর্ডসূত্রে খবর। তবে ওয়ান ডে-র অধিনায়ক তাঁকে নাও রাখা হতে পারে।

ঋষভ পন্থকে টেস্ট দলের পাকাপাকি উইকেটকিপার রাখার বিষয়েও দ্বিধায় রয়েছেন নির্বাচকরা। ফলে অভিজ্ঞ ঋদ্ধিমান সাহা, নাকি অন্ধ্রের কেএস ভরতকে দ্বিতীয় উইকেটকিপার হিসেবে রাখা হয় সেটাও দেখার বিষয়। রবি শাস্ত্রী, ভরত অরুণ, জসপ্রীত বুমরাহদের কথায় টি ২০ বিশ্বকাপে ব্যর্থতার কারণ হিসেবে উঠে এসেছে শারীরিক ও মানসিক ক্লান্তির বিষয়টি। ফলে যদি কোনও ক্রিকেটার টানা ক্রিকেট খেলার পর বিশ্রাম চান, তাঁকে জোর করে খেলানো যে হবে না সে ব্যাপারে সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন নির্বাচকরা।












Click it and Unblock the Notifications