Rohit Sharma: চ্যাম্পিয়ন্স ট্রফি খেতাবই অক্সিজেন! ইংল্যান্ড সফরেও ভারতের নেতৃত্বে রোহিত
Rohit Sharma: চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ই রোহিত শর্মার আন্তর্জাতিক কেরিয়ারে অক্সিজেন জোগাল। আসন্ন ইংল্যান্ড সফরে পাঁচ টেস্টের সিরিজে তিনিই অধিনায়ক থাকছেন। দাবি সর্বভারতীয় সংবাদমাধ্যমের।
অস্ট্রেলিয়া সফরে বিপর্যয়, শেষ টেস্টে রোহিতের সরে দাঁড়ানো থেকে জল্পনা জোরালো হয়েছিল হিটম্যানের আন্তর্জাতিক কেরিয়ার নিয়ে। যদিও আপাতত স্বস্তিতেই রয়েছেন রোহিত।

ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে শতরান হাঁকানো, চ্যাম্পিয়ন্স ট্রফিতেও আগ্রাসী ও নিঃস্বার্থ ব্যাটিং, সর্বোপরি দুরন্ত অধিনায়কত্বে সব ম্যাচ জিতে চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব দখলে নেওয়া। এক বছরের মধ্যে দুটি আইসিসি খেতাব জয়। এ সবই রোহিতকে ফের ট্র্যাকে ফেরাল।
জুন থেকে অগাস্ট ইংল্যান্ডে পাঁচ টেস্টের সিরিজ রয়েছে। নিউজিল্যান্ডের কাছে দেশের মাটিতে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়া, অস্ট্রেলিয়ায় সিরিজে হার, আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড় থেকে ছিটকে যাওয়ার মতো বিষয়গুলি রোহিতের ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিল।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পরই রোহিত তাঁর কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নেবেন বলেও রটে। শেষ অবধি রোহিত ওডিআই খেলাও চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, উড়িয়ে দিয়েছেন গুজবকে। এবার যা পরিস্থিতি তাতে তিনিই ইংল্যান্ডে অধিনায়ক হিসেবে যাবেন।
সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, রোহিতকে অধিনায়ক রাখার বিষয়ে মনস্থির করে ফেলেছে বিসিসিআই ও নির্বাচকমণ্ডলী। বিসিসিআই সূত্রে বলা হচ্ছে, রোহিত কী পারেন তা করে দেখিয়েছেন। সকলেরই দৃঢ় বিশ্বাস ইংল্যান্ড সফরে অধিনায়কত্ব করার ব্যাপারে রোহিতই যোগ্যতম। রোহিতও লাল বলের ক্রিকেট চালিয়ে যাওয়ার আগ্রহের কথা জানিয়েছেন।
উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফি খেতাব জয়ের পর রোহিত জানিয়েছেন, ২০২৭ অনেক দূরে। সেই বিশ্বকাপ খেলার বিষয়ে নিশ্চয়তা এখনই দিতে পারছেন না। তবে বর্তমানে তিনি ভালো খেলছেন, খেলা উপভোগ করছেন, দলের জন্য যা করছেন তাতে সন্তুষ্ট। দলও তাঁর উপস্থিতি উপভোগ করছে বলেও দাবি করেন রোহিত। সেই সঙ্গে তিনি জানিয়েছিলেন, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সময় এখনই নয়।












Click it and Unblock the Notifications