শতরান হাঁকিয়ে ম্যাচ তথা সিরিজের সেরা রোহিত, হাফ সেঞ্চুরিতে স্বস্তি বিরাটেরও, অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারাল ভারত
সিডনিতে রো-কো শো। আর তার সৌজন্যেই অস্ট্রেলিয়ার কাছে ওডিআই সিরিজ হোয়াইটওয়াশ এড়াল ভারত। তৃতীয় একদিনের ম্যাচে অজিরা পরাস্ত ৬৯ বল বাকি থাকতে ৯ উইকেটে।
রোহিত শর্মা ওডিআই কেরিয়ারের ৩৩তম শতরান হাঁকিয়ে অপরাজিত থাকলেন। বিরাট কোহলি প্রথম দুটি ম্যাচে শূন্য করার পর এদিন হাফ সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত থেকে যান।

টস জিতে অস্ট্রেলিয়া ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ৩৩.৪ ওভারে ১৮৩ রানে পড়েছিল চতুর্থ উইকেট। সেখান থেকে মিচেল মার্শের দল ৪৬.৪ ওভারে ২৩৬ রানে গুটিয়ে যায়। সিডনির ব্যাটিং সহায়ক উইকেটে ভারতের বোলাররা যেভাবে প্রতিপক্ষকে এতটা কম রানে বেঁধে ফেলেন তা তারিফযোগ্য।
অধিনায়ক মার্শ ৪১, ট্রাভিস হেড ২৯, ম্যাথু শর্ট ৩০, ম্যাট রেনশ ৫৬, অ্যালেক্স ক্যারি ২৪, কুপার কনোলি ২৩, মিচেল আওয়েন ১, মিচেল স্টার্ক ২, নাথান এলিস ১৬ ও জশ হ্যাজলউড ০ রান করেন। ২ রানে অপরাজিত থাকেন অ্যাডাম জাম্পা। হর্ষিত রানা ৮.৪ ওভারে ৩৯ রান দিয়ে চার উইকেট নেন, যা তাঁর ওডিআই কেরিয়ারের সেরা বোলিং। ওয়াশিংটন সুন্দর ২টি এবং মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেল ১টি করে উইকেট দখল করেন।
জবাবে খেলতে নেমে ভারত ১০.২ ওভারে ৬৯ রানে একমাত্র উইকেটটি হারায়। অধিনায়ক শুভমান গিল ২৬ বলে ২৪ রান করে হ্যাজলউডের বলে কট বিহাইন্ড হন। এরপর সিডনিতে তাঁদের শেষ আন্তর্জাতিক ইনিংসে দলকে জিতিয়েই মাঠ ছাড়লেন রোহিত শর্মা ও বিরাট কোহলি।
রোহিত অ্যাডিলেডে শতরান মাঠে ফেলে এসেছিলেন। এদিন তিনি ১০৫ বলে শতরানে পৌঁছন। বিরাট অর্ধশতরানে পৌঁছন ৫৬ বলে। রান তাড়া করতে নেমে সবচেয়ে বেশিবার পঞ্চাশ করার নিরিখে কোহলি এদিন সচিন তেন্ডুলকরকে পিছনে ফেললেন। সেই সঙ্গে কুমার সঙ্গকারাকে টপকে ওডিআইয়ে সর্বাধিক রান সংগ্রহের নিরিখে কোহলি আজ থেকে শীর্ষে থাকা সচিনের ঠিক পরেই।
রোহিত ১৩টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ১২৫ বলে ১২১ রানে অপরাজিত থাকলেন। শতরানের পর রোহিত ব্যাট তুললেও বাড়তি উচ্ছ্বাস দেখাননি। কোহলি তাঁকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানান। ৩৯তম ওভারের তৃতীয় ওভারে দলকে জেতানোর পরও রোহিত ও কোহলি একে অপরকে জড়িয়ে ধরেন।
এই দুজনের ভবিষ্যৎ নিয়ে যে জল্পনা চলছিল, সেই আবহে সিডনির এই ইনিংস দুজনকেই স্বস্তি দিল অনেকটাই। দুজনেই ছিলেন চেনা ছন্দে, বুঝিয়ে দিলেন নির্বাচক প্রধান অজিত আগরকর বা হেড কোচ গৌতম গম্ভীর যা পরিকল্পনাই করুন না কেন, তাঁদের মধ্যে এখনও ক্রিকেট অবশিষ্ট আছে। বিরাট কোহলি অপরাজিত থাকেন ৮১ বলে ৭৪ রানে। মেরেছেন সাতটি চার। ম্যাচ তথা সিরিজের সেরার পুরস্কার পেলেন রোহিত শর্মা।
এদিকে, ৩৩.৪ ওভারে অ্যালেক্স ক্যারির ক্যাচ অনেকটা দৌড়ে দারুণভাবে তালুবন্দি করার পরেই পাঁজরে চোট পান শ্রেয়স আইয়ার। ভারতের সহ অধিনায়ক যন্ত্রণাকাতর অবস্থায় মাঠ ছাড়েন। আর ফিল্ডিং করতে পারেননি। ব্যাট করতেও নামতে হয়নি আর। চোট কতটা গুরুতর তা যাচাই করতে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।












Click it and Unblock the Notifications