জিমে ঋষভ, দ্রুত ফিট হওয়ার বার্তা ভারতীয় দলের তারকা ক্রিকেটারের
চোট কাটিয়ে সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ঋষভ পন্থের। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের ভক্ত ভক্তদের সুখবর দিলেন টিম ইন্ডিয়া তারকা উইকেটরক্ষক ব্যাটসম্যান। জিম করার একটি ছবি পোস্ট করেছেন পন্থ। এই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই কিছুটা স্বস্তিতে ভারতীয় টিম ম্যানেজমেন্টও।
এর আগে বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন ঋষভ। গত মাসে ঋষভ নিজেই পোস্ট করেছিলেন তাঁর সাঁতার কাটার ছবি। এবার পোস্ট করলেন জিম করার ছবি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এই ছবি থেকেই প্রমাণ হয় যে দুর্ঘটনার কবল থেকে মুক্ত হয়ে আবার আগের ছন্দে ফেরার চেষ্টা করছেন টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার।

সম্প্রতি ঋষভ একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে ভারতের এই তরুণ ক্রিকেটার জিমের মধ্যে নিজেকে ব্যস্ত রেখেছেন। নিজে যে খুব তাড়াতাড়ি চোট সারিয়ে উঠছেন তা পন্থ নিজেই বোঝাতে চাইলেন এই ছবির মধ্য দিয়ে।

গত বছরের শেষ দিকে, ভারতের এই তরুণ উইকেটরক্ষক উত্তরপ্রদেশের রুড়কির কাছে এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন। এরপর তাঁর অস্ত্রপচারও হয়। বর্তমানে ঋষভ ধীরে ধীরে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। যেভাবে দ্রুত সুস্থ হয়ে উঠছেন তাতে খুব শীঘ্রই রিহ্যাব-এর জন্য মাঠেও নামবেন পন্থ, এমনটাই আশা করা যায়। এবার জিমের ছবি পোস্ট করে তাঁর সুস্থতার বার্তা দিলেন ঋষভ।

যদিও পন্থকে নিয়ে খুব বেশি ঝুঁকি নিতে চাইছে না বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ডের এক অফিসিয়াল কয়েকদিন আগেই জানিয়েছিলেন, 'পন্থ দ্রুত সুস্থ হয়ে উঠছে। কিন্তু সম্পূর্ণ সুস্থ হয়ে ওর মাঠে ফিরতে এখনও ৭ মাস লাগবে। আমরা চাই ও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠে তারপরই পেশাদার ক্রিকেটে অংশগ্রহণ করুক। কেননা পন্থের ক্রিকেট কেরিয়ারে এখনও লম্বা সময় পড়ে আছে।'












Click it and Unblock the Notifications