রিচার অপরাজিত ৯১, টি ২০ বিশ্বকাপের আগে ভারতের মহিলা দলের স্বস্তির জয় বাংলাদেশের বিরুদ্ধে
মহিলাদের টি ২০ বিশ্বকাপের আগে আজই শেষ প্রস্তুতি ম্য়াচ খেলল ভারত। প্রথম প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাটিং ভরাডুবিতে হারতে হয়েছিল। আজ রিচার দুরন্ত ব্যাটিংয়ে বাংলাদেশ বধ সারলেন হরমনপ্রীতরা।
মহিলাদের টি ২০ বিশ্বকাপে রবিবার হরমনপ্রীত কৌরের ভারত অভিযান শুরু করবে পাকিস্তান ম্যাচ দিয়ে। তার আগে আজ শেষ প্রস্তুতি ম্যাচ খেলল ভারতের প্রমীলা বাহিনী। দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজে অপরাজেয় থেকে ফাইনালে উঠেও হেরে গিয়েছিল ভারত। এরপর প্রস্তুতি ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের জেরে পরাজয়ের সম্মুখীন হতে হয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।

যদিও এদিন স্টেলেনবশে বাংলাদেশের মহিলা দলের বিরুদ্ধে ৫২ রানে হরমনপ্রীত কৌরের ভারতের জয় নিঃসন্দেহে কিছুটা স্বস্তি দেবে। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। ওপেন করতে নামেন যস্তিকা ভাটিয়া ও শেফালি ভার্মা। ভাটিয়া ১০ ও শেফালি ৯ রানে আউট হন। হরলীন দেওল ১০-এর বেশি করতে পারেননি। ৬ ওভারে ৩ উইকেটে ৩৫ রান, এই অবস্থা থেকে দলকে লড়াইয়ে ফেরান রিচা ঘোষ ও জেমাইমা রডরিগেজ। ৬টি চার ও একটি ছয়ের সাহায্যে জেমাইমা ২৭ বলে ৪১ রান করেন। রিচা ৩টি চার ও ৯টি ছয়ের সাহায্যে ৫৬ বলে ৯১ রান করে অপরাজিত থাকেন।
ভারত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৩ রান করেছিল। জবাবে নিগার সুলতানার নেতৃত্বাধীন বাংলাদেশের মহিলা দল ৮ উইকেটে ১৩১ রান তোলে। সুলতানা ৩৬ বলে সর্বাধিক ৪০ রান করেন। দেবিকা বৈদ্য ৩ ওভারে ২১ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন। রাজেশ্বরী গায়কোয়াড়, অঞ্জলি সর্বাণী, দীপ্তি শর্মা, রাধা যাদব ও শেফালি ভার্মা ১টি করে উইকেট দখল করেন। দীপ্তি ৩ ওভারে ১৫ রান খরচ করে একটি উইকেট পান। একটি রান আউটও করেন বাংলার এই ক্রিকেটার।
আইসিসি মহিলা টি ২০ বিশ্বকাপে ভারত বি গ্রুপের ম্যাচে কেপ টাউনে খেলবে পাকিস্তানের বিরুদ্ধে। রবিবার রয়েছে সেই ম্যাচটি। এরপর ১৫ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ, ১৮ ফেব্রুয়ারি ইংল্যান্ড ও ২০ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলবেন হরমনপ্রীত কৌররা। বিশ্বকাপে গ্রুপ পর্বে ভারতের সব কটি ম্যাচই শুরু সন্ধ্যা সাড়ে ৬টা থেকে। ভারতের প্রথম দুটি ম্যাচ হবে কেপ টাউনে। পরের দুটি ম্যাচ গকেবেরহা বা পূর্বতন পোর্ট এলিজাবেথে।












Click it and Unblock the Notifications