অশ্বিনের প্রশংসা করলেন বিরাট, প্রত্যয়ী রোহিতের গলায় অভিমানের সুর

টি ২০ বিশ্বকাপে সুপার টুয়েলভের গ্রুপ ২ থেকে শেষ চারে পৌঁছানোর দৌড় এখন জমজমাট। ভারত আফগানিস্তানকে হারিয়ে দেওয়ায় বিরাট কোহলিদের নেট রান রেট পজিটিভে চলে এসেছে। ভারত বাকি দুটি ম্যাচ খেলবে দুবাইয়ে। কাল নিউজিল্যান্ড নামিবিয়াকে হারিয়ে দিলে স্কটল্যান্ড ম্যাচের আগে চাপ বাড়বে ভারতের। সেক্ষেত্রে শেষ ম্যাচে আফগানিস্তান যদি নিউজিল্যান্ডকে হারাতে না পারে তাহলে ভারত ও আফগানিস্তানের অভিযান শেষ হয়ে যাবে। কিন্তু নামিবিয়াকে হারানোর পর যদি কিউয়িরা আফগানদের কাছে পরাস্ত হয় সেক্ষেত্রে নেট রান রেটই ঠিক করে দেবে কারা সেমিফাইনালে যাবে।

অশ্বিনের বিরাট-প্রশংসা

অশ্বিনের বিরাট-প্রশংসা

২০১৭ সালের পর ফের দেশের হয়ে টি ২০ আন্তর্জাতিক খেলতে নেমে রবিচন্দ্রন অশ্বিন ৪ ওভারে ১৪ রানে দুই উইকেট নেন। তিনি গত জুলাইয়ে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেললেও তারপর ইংল্যান্ডের বিরুদ্ধে চারটি টেস্টে প্রথম একাদশের বাইরে ছিলেন। আইপিএলে খেলার পর পাকিস্তান ও নিউজিল্যান্ড ম্যাচে তাঁকে বাইরে রেখে খেলানো হচ্ছিল বরুণ চক্রবর্তীকে, যিনি উইকেট পাননি দুটি ম্যাচে। তাই তাঁর কাফ মাসল ইনজুরির কারণ দেখিয়ে অশ্বিনকে আনতেই বাজিমাত। ম্যাচের পর ভারত অধিনায়ক বিরাট কোহলি বলেন, অশ্বিনের ফেরাটাই সবচেয়ে ইতিবাচক দিক। এটার জন্য অশ্বিন কঠোর পরিশ্রম করেছেন। তিনি তাঁর বোলিংয়ের নিয়ন্ত্রণ ও ছন্দ আইপিএলেও দেখিয়েছেন। অশ্বিন শুধু উইকেট তুলতেই পারদর্শী নন, একজন স্মার্ট বোলার।

জয়ের তৃপ্তি

জয়ের তৃপ্তি

আবু ধাবির উইকেটের প্রশংসার পাশাপাশি দলের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন বিরাট। বিশেষ করে ১৫ ওভার অবধি ওপেনিং জুটির টিকে থাকার। তিনি বলেন, আমাদের প্রথম তিন সেটলড। তবে আজকের মতো ম্যাচে পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং অর্ডারে কিছু রদবদল হয়েছে। আমরা টিম মিটিংয়ে আলোচনা করেছি সেমিফাইনালে ওঠার যে সামান্য সম্ভাবনাও রয়েছে সেটা নিশ্চিত করার লক্ষ্যে ইতিবাচক ও ফোকাসড থাকতে। দলের ক্রিকেটারদের দক্ষতার প্রতিও আস্থা অবিচল ছিল ভারত অধিনায়কের। প্রথম দুটি ম্যাচেই বিপক্ষ বোলাররা ভালো বোলিং করে ভারতীয় ব্যাটারদের কাজটা কঠিন করে দেন বলেও উপলব্ধি ক্যাপ্টেনের।

অভিমানী রোহিত

অভিমানী রোহিত

ভারতের জয়ের অন্যতম কারিগর, ম্যাচের সেরা তথা ভারতের সহ অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, (করোনা পরিস্থিতিতে জৈব সুরক্ষা বলয়ে) যেভাবে আমাদের এখন জীবনযাপন করতে হচ্ছে এবং তার মধ্যেই যে পরিমাণ ক্রিকেট আমরা খেলছি তাতে কখনও কখনও কঠিন পরিস্থিতি তৈরি হয়েই থাকে। সব মাঠে নেমে আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে হয়, সে কারণে মানসিকভাবেও ফ্রেশ থাকতে হয়। কখনও কখনও সিদ্ধান্ত নেওয়ায় ভুল হতে পারে। বেশি পরিমাণ ক্রিকেট খেললে এটাও অস্বাভাবিক নয়। তাই কখনও কখনও ক্রিকেট থেকে দূরে থেকে মানসিকভাবে চাঙ্গা থাকার চেষ্টা করতে হয়। বিশ্বকাপের সময় ফোকাস ক্রিকেটেই থাকা কাম্য। তবে প্রথম দুটি ম্যাচে সেটা আমরা ঠিকভাবে করতে পারিনি। কিন্তু তার মানে এটা নয় যে, আমরা খারাপ প্লেয়ার বা খারাপ দল হয়ে গেলাম। বছরের পর বছর আমরা ধারাবাহিক ভালো ক্রিকেট খেলে আসছি। কখনও কখনও ভুল শুধরে ঘুরে দাঁড়াতে হয়, যেটা আফগানিস্তান ম্যাচে হয়েছে।

ফাইনাল অনেক দূরে

ফাইনাল অনেক দূরে

রোহিত শর্মাও আফগানিস্তান ম্যাচে জয়ের পর বলেছেন, ফাইনাল এখনও অনেক দূরে। আফগানিস্তান-নিউজিল্যান্ড ম্যাচের ফলাফলের উপরই নির্ভর করবে আমরা কতটা এগোতে পারব। ওই ম্যাচটি অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ফলে ফাইনালে ওঠার সফর আমাদের কাছে এখনও অনেক দীর্ঘ। ওপেনিং পজিশন ফিরে পেয়ে খুশি রোহিত বলেন, পরের দিকের ব্যাটারদের সুবিধা করে দিতে ভালো ভিত গড়ার দরকার ছিল। ভালো শুরু ও সম্মানজক স্কোর দাঁড় করানো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আমাদের কাছে। আফগানিস্তান আগে সব ম্যাচেই প্রথমে ব্যাটিং করেছিল। আমরা প্রথমে ফিল্ডিংই করতে চেয়েছিলাম। তবে পিচ ভালো থাকায় ব্যাটিং করা সুবিধাজনক হয়ে যায়। লোকেশ রাহুলও দারুণ ব্যাটিং করেছেন। দলের প্রয়োজনমতো খেলতে পারাই তৃপ্তি দিচ্ছে ৪৭ বলে ৭৪ করা রোহিত শর্মাকে। তিনি বলেন, আফগানিস্তান ম্যাচে ঝোড়ো শুরুর দরকার ছিল। এমনিতে আমি প্রথমদিকে কিছু বল দেখে নিয়ে খেলতে থাকি, কিন্তু এদিন একটু অন্যরকম খেলতে হয়েছিল।

দ্রাবিড়কে নিয়ে

দ্রাবিড়কে নিয়ে

রাহুল দ্রাবিড়ের ভারতীয় কোচ হওয়ার প্রসঙ্গে রোহিত বলেন, যখন ঘোষণাটি হয় আমরা তখন ব্যাট করছিলাম। ফলে কোনও আইডিয়াই ছিল না। রাহুল দ্রাবিড় ভারতীয় ক্রিকেটের একজন কিংবদন্তি। তবে এবার ভারতীয় দলে অন্য ভূমিকায় আসার জন্য তাঁকে স্বাগত। আমরা তাঁর প্রশিক্ষণে খেলার জন্য মুখিয়ে রয়েছি। এটা একটা দারুণ অভিজ্ঞতাও হতে চলেছে। উল্লেখ্য, ভারতীয় দলের সীমিত ওভারের ক্যাপ্টেন্সি পাকাপাকিভাবেই আসতে চলেছে রোহিত শর্মার কাছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+