Ravindra Jadeja: রবীন্দ্র জাদেজা যোগ দিলেন বিজেপিতে, ছবি শেয়ার করলেন বিধায়ক-স্ত্রী রিভাবা
Ravindra Jadeja: রবীন্দ্র জাদেজা যোগ দিলেন বিজেপিতে। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করে এ কথা জানিয়েছেন ভারতের নির্ভরযোগ্য অলরাউন্ডারের স্ত্রী রিভাবা জাদেজা।
টি২০ বিশ্বকাপের পরই টি২০ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন জাদেজা। তবে একদিনের আন্তর্জাতিক ও টেস্টে খেলা চালিয়ে যাবেন। তারই মধ্যে তিনি পা রাখলেন রাজনীতির আঙিনায়।

জাদেজা কোনও পার্টি অফিসে গিয়ে বিজেপির পতাকা ধরে যোগদান করেননি। জাদেজার স্ত্রী গুজরাতের বিধায়ক। ২ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে বিজেপির সদস্যতা অভিযান। রিভাবা জাদেজা এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন দুটি ছবি। যার একটি তাঁর ও অপরটি রবীন্দ্র জাদেজার মেম্বারশিপ কার্ড। মেম্বারশিপ কার্ডের নম্বরও দেওয়া রয়েছে।
রিভাবার পোস্টটি ৩ সেপ্টেম্বরের। তবে ভাইরাল হয়েছে আজ। জানা গিয়েছে, বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে নিজের মেম্বারশিপ পুনর্নবীকরণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অভিযান শুরুর সময়ই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা মোদীর মেম্বারশিপ রিনিউ করিয়েছেন।
🪷 #SadasyataAbhiyaan2024 pic.twitter.com/he0QhsimNK
— Rivaba Ravindrasinh Jadeja (@Rivaba4BJP) September 2, 2024
রিভাবা জাদেজা বিজেপিতে যোগ দেন ২০১৯ সালে। তিনি ২০২২ সালে জামনগর কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন। হারিয়েছিলেন আম আদমি পার্টির প্রার্থী কর্ষণভাই কারমুরকে। জাদেজা সেই সময় স্ত্রী-র সমর্থনে ভোট প্রচারে সামিল হয়েছিলেন। যদিও জাদেজার বাবা ও বোন কংগ্রেসের হয়ে প্রচার করেছিলেন। তবে রিভাবা জিতেছিলেন ৫০ হাজারের বেশি ভোটে।
ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর বিজেপি করেন। তিনি বিজেপির প্রাক্তন সাংসদ। তবে ভারতীয় দলের অন্য কোনও ক্রিকেটার সক্রিয় রাজনীতিতে যোগ দেননি। অনেকেই ভারতীয় দলে কেরিয়ার শেষ করার পর রাজনীতিতে এসেছেন। সেক্ষেত্রে জাদেজা হয়ে রইলেন কিছুটা ব্যতিক্রমীই।
বিজেপির ন্যাশনাল জেনারেল সেক্রেটারি বিনোদ তাওড়ে জানিয়েছেন, বিজেপির সদস্যতা অভিযান ঘিরে ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। এই অভিযান শুরুর দিন তিনেকের মধ্যে ১ কোটি নাগরিক বিজেপির সদস্য হয়েছেন। লালকৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশীদের পার্টি মেম্বারশিপ রিনিউ হয়েছে আজ।












Click it and Unblock the Notifications