গণেশ চতুর্থীতেই বড় ঘোষণা! আইপিএল থেকে অবসর অশ্বিনের
গণেশ চতুর্থীর সকালেই বড় ঘোষণা। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর এবার আইপিএল থেকেও অবসর নিলেন রবিচন্দ্রন অশ্বিন। যদিও পাকাপাকিভাবে যে ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন না সেই বার্তাও দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

আইপিএলে অশ্বিন অবসর নিলেন পঞ্চম সর্বাধিক উইকেটশিকারী থাকা অবস্থায়। তিনি ৭.২ ইকনমিতে ১৮৭টি উইকেট নিয়েছেন। অশ্বিনের আইপিএল কেরিয়ার শুরু হয়েছিল চেন্নাই সুপার কিংসে। চলতি বছর আইপিএলের আগে নিলাম থেকে অশ্বিনকে সিএসকে দলে নিয়েছিল। ফলে নিজের শহরের দলের হয়েই আইপিএল কেরিয়ার শেষ করলেন অশ্বিন। রাইজিং পুনে সুপারজায়ান্ট, দিল্লি ক্যাপিটালস, কিংস ইলেভেন পাঞ্জাব ও রাজস্থান রয়্যালসের হয়েও আইপিএলে খেলেছেন অশ্বিন। পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজির হয়ে অধিনায়কত্বও করেছেন।
অশ্বিন এক্স হ্যান্ডলে লিখেছেন, বিশেষ দিনে বিশেষ কিছু শুরু হচ্ছে। সব শেষেই নতুন কিছুর সূচনা থাকে। আমার আইপিএল কেরিয়ার শেষ। তবে আজ থেকেই বিশ্বের বিভিন্ন লিগে খেলার অভিজ্ঞতালাভের প্রক্রিয়া শুরু হচ্ছে। বিসিসিআইয়ের পাশাপাশি সমস্ত ফ্র্যাঞ্চাইজির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অশ্বিন। ক্রিকেট মাঠেই আগামী দিনের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চাওয়ার বার্তাও রয়েছে অশ্বিনের পোস্টে।
উল্লেখ্য, গত ডিসেম্বরে বর্ডার-গাভাসকর ট্রফি চলাকালীনই টেস্ট থেকে অবসরের ঘোষণা করেছিলেন অশ্বিন। যার ফলে টেস্টে ভারতীয়দের মধ্যে দ্বিতীয় সর্বাধিক উইকেটশিকারীর আন্তর্জাতিক কেরিয়ারে যবনিকা পড়েছিল।












Click it and Unblock the Notifications