বিরাটের জয়, ভারতীয় ক্রিকেট দলের কোচ হচ্ছেন শাস্ত্রী, খবরের সত্যতা অস্বীকার বিসিসিআইয়ের
ভারতীয় ক্রিকেট দলের কোচ পদে রবি শাস্ত্রীকেই বেছে নিল ক্রিকেট পরামর্শদাতা কমিটি। এমন খবরই ছড়িয়েছে। তবে এই খবরের সত্যতা অস্বীকার করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
রবি শাস্ত্রী ও ভারতীয় ক্রিকেট দলের কোচ বাচা নিয়ে নাটক অব্যাহত। এদিন বিকেলে খবর রটে, সব জল্পনা সত্যি করে ভারতীয় ক্রিকেট দলের কোচ পদে রবি শাস্ত্রীকেই বেছে নিয়েছে ক্রিকেট পরামর্শদাতা কমিটি। আর তাতে সিলমোহর দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে কিছুক্ষণ যেতে না যেতেই বিবিসিআই সচিব অমিতাভ চৌধুরী জানিয়ে দেন, কোচ পদে কারও নাম চূড়ান্ত হয়নি। রবি শাস্ত্রী এখনও কোচ হননি। [আরও পড়ুন:কেন বাদ পড়েছেন ভারতীয় দল থেকে, নিজেই জানালেন ত্রিশতরানের মালিক করুণ নায়ার]
রবি শাস্ত্রী একেবারে প্রথম থেকেই অধিনায়ক কোহলির বিশেষ পছন্দের ছিলেন। গতবছরে শাস্ত্রীকে সরিয়ে অনিল কুম্বলের কোচ হওয়ার পর প্রতিক্রিয়া না দেখালেও ঘনিষ্ঠমহলে বারবার কোচ হিসাবে বিরাট চেয়ে এসেছেন শাস্ত্রীকে। এই অবস্থায় শাস্ত্রীই কোচ হবেন তা মোটামুটি সকলেই আন্দাজ করেছিলেন। তবে বোর্ড সচিবের নতুন বক্তব্যে জটিলতা বাড়ল।

কুম্বলের কোচের মেয়াদ শেষ হওয়া ও তাঁর সঙ্গে কোহলির বিবাদের এপিসোডের মধ্যেও বারবার শাস্ত্রীর নাম চলে আসছিল। ভারতীয় ক্রিকেটের অন্দরের খোঁজ রাখা অনেকেই জানিয়েছিলেন, এবার কোচ হিসাবে আর কাউকে নয়, শাস্ত্রীকেই বেছে নেবেন বিরাট।
সৌরভ, সচিন ও লক্ষ্মণের ক্রিকেট পরামর্শদাতা কমিটি কোচ পদে যাদের সাক্ষাৎকার নিয়েছে তাঁদের মধ্যে রবি শাস্ত্রী অন্যতম হেভিওয়েট ছিলেন। তবে যে দুটি জিনিস সবচেয়ে বেশি তাঁর পক্ষে গিয়েছে তা হল, এর আগে একবছর সাফল্যের সঙ্গে ভারতীয় দলের টিম ডিরেক্টরের পদ সামলানো, এবং দ্বিতীয়ত অবশ্যই অধিনায়ক বিরাটের পছন্দের প্রার্থী হওয়া।
এই দুই ফর্মুলা মিলে গিয়েই আগামী একবছর শুধু নয়, ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপ পর্যন্ত রবি শাস্ত্রীই থাকতে চলেছেন জাতীয় ক্রিকেট দলের হেডস্যার। এমন খবরই বিকেল থেকে সমস্ত জায়গায় ছড়িয়ে যায়। তবে ভারতীয় বোর্ড না নস্যাৎ করায় নাটক জারি রইল। সম্ভবত বিরাট ক্যারিবিয়ান সফর থেকে ফিরলেই কোচ কে হলেন তার উত্তর মিলবে।












Click it and Unblock the Notifications