Ranji Trophy: যত কাণ্ড কল্যাণীতেই, পণ্ড হল বাংলা-বিহার ম্যাচের প্রথম দিনের খেলা, প্রশ্নের মুখে সিএবির ভূ্মিকা
লখনউয়ে উত্তরপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট ঘরে তুলেছিল বাংলা। ঘরের মাঠে দুর্বল বিহারের বিরুদ্ধে পুরো সাত পয়েন্টের লক্ষ্যেই ঝাঁপাতে চেয়েছিল বাংলা, কিন্তু প্রথম দিনেই বিধি বাম, একটা বল খেলাতো দূরের কথা। টস পর্যন্ত করা গেল না কল্যাণীতে।
বাংলার হোম ভেন্যু ইডেন। বিহার এবং কেরলের বিরুদ্ধে পর পর দুটি ম্যাচ ইডেনেই খেলার কথা ছিল বাংলার। কিন্তু ম্যাচের কয়েক দিন আগেই ভেন্যু পরিবর্তন হয়ে তা চলে যায় কল্যাণীতে। কিন্তু ইডেন থেকে ম্যাচ কল্যাণীতে গেল কেন? আসলে ইডেনে বোর্ডের মহিলাদের একটি টুর্নামেন্ট হচ্ছে, সেই ম্যাচ হতে হবে নৈশালোকে। ফলে ইডেন থেকে বাংলার রঞ্জি ম্যাচ সরিয়ে নিতে বাধ্য হয় সিএবি।

কিন্তু প্রশ্ন উঠছে সিএবির ভূমিকা নিয়েও কারণ। ইডেনে রয়েছে সেরা দেশের সেরা পরিকাঠামো। প্রবল বৃষ্টির পরও সফলভাবে ম্যাচ আয়োজন করে নজির সৃষ্টি করেছে টিম সুজন মুখোপাধ্যায়। কিন্তু কলকাতা থেকে কল্যাণী গেলেই বদলে গেল পরিস্থিতি। আগের সন্ধ্যায় বৃষ্টির কারণে গোটা দিন নষ্ট হয়ে গেল। রঞ্জি ট্রফির মতো গুরুত্বপূর্ণ ম্যাচ যেখানে হচ্ছে সেখানে কি আদৌও উন্নত পরিকাঠামো আছে? সেটা নিয়েও প্রশ্ন উঠছে।
দিনের শেষে বাংলা শিবির চূড়ান্ত হতাশ। কারণ ঘরের মাঠে দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে সাতের চেয়ে ১ পয়েন্ট কম পেলেই তা বাংলার জন্য ক্ষতি। তার মধ্যে ম্যাচের গুরুত্বপূর্ণ একটা দিন নষ্ট হয়ে গেল। শুক্রবার বৃষ্টি না হলে শনিবার খেলা শুরু হওয়ার সম্ভাবনা আছে। যদিও এই প্রতিবেদন প্রকাশ করা পর্যন্ত বিষয়টি নিয়ে সিএবির পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি। এই ম্যাচ থেকে অনুষ্টুপরা পুরো পয়েন্ট না পেলে তার দায় কিন্ত এড়াতে পারবেন না সিএবি কর্তারাও।
এদিকে এই ম্যাচটি ছিল প্রথম শ্রেণির ক্রিকেটে অভিমন্যু ঈশ্বরণের শততম ম্যাচ। প্রথম দিনে খেলা না হলেও ঈশ্বরণকে সিএবির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। মাঠে উপস্থিত ছিলেন সচিব নরেশ ওঝা। এমনকি দলের পক্ষ থেকে সবার সই করা একটি জার্সি তুলে দেওয়া হয় প্রিয় অভির হাতে। খেলা না হলেও ব্যাটিং প্র্যাক্টিস সেরে নেন ঈশ্বরণ।
দলীপ ট্রফি, ইরানি কাপ, রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে শতরান করেছেন ঈশ্বরণ। বর্ডার গাভাসকর ট্রফিতে তৃতীয় ওপেনার হিসেবে তাঁর নাম ভাসছে। কিন্ত ঈশ্বরণের ফোকাসে শুধু এখন বাংলা ম্যাচ। কল্যাণীতে প্রথম দিনের শেষে ঈশ্বরণ বলেন, 'আমাকে কোন সিরিজে বা কোন টুর্নামেন্টে সুযোগ দেওয়া হবে সেটা নিয়ে ভাবছি না। আপাতত আমার ফোকাস শুধুই বাংলা বনাম বিহার ম্যাচ।'












Click it and Unblock the Notifications