Ranji Trophy: কুয়াশা কাটতেই সুরজে আলোকিত বাংলা, কল্যাণীতে রঞ্জি ম্যাচে চাপ বাড়ছে হরিয়ানার
Ranji Trophy: ঘন কুয়াশার কারণে দেরিতে শুরু হয়েছিল বাংলা-হরিয়ানা রঞ্জি দ্বৈরথ। দুই দলের ইনিংস মিলিয়ে সাকুল্যে সারা দিনে কল্যাণীতে আজ খেলা হলো ৪৯.৫ ওভার।
তার মধ্যেই পড়ল ১১ উইকেট। গ্রুপশীর্ষে থাকা হরিয়ানাকে চেপে ধরল বাংলা। তাও দারুণভাবে ম্য়াচে ফিরে।

বেঙ্গল ক্রিকেট আকাদেমির মাঠে টস জিতে বাংলা ফিল্ডিং নেয়। বাংলা দলের অঙ্কিত চট্টোপাধ্যায়েরই অভিষেক হলো এদিন। হরিয়ানার শুরুটা ভালোই হয়েছিল। ওপেনিং জুটি ভাঙতে বাংলার বোলারদের অপেক্ষা করতে হয় ১৯তম ওভার পর্যন্ত।
১৮.৫ ওভারে ৮১ রানে পড়ে প্রথম উইকেট। সেখান থেকে ৪৪.৫ ওভারে ১৫৭ রানেই শেষ হরিয়ানা। শেষ আটটি উইকেট পড়ল ৫৩ রানে। ৩৫তম ওভারে ১৩৮ রানে পড়ে পঞ্চম উইকেট। এরপর আর ১০ ওভারও পুরো টিকতে পারেনি হরিয়ানা।
অধিনায়ক অঙ্কিত কুমার ৫৬ বলে সর্বাধিক ৫৭ রান করেন, ১১টি চারের সাহায্যে। নিশান্ত সিন্ধু ২৪, উইকেটকিপার রোহিত শর্মা ২২ ও ওপেনার লক্ষ্য দালাল করেন ২১। বাকিরা কেউ দুই অঙ্কের রান পাননি।
বাংলার সফলতম বোলার সুরজ সিন্ধু জয়সওয়াল। তিনি ২টি মেডেন-সহ ১২.৫ ওভারে ৪৬ রান দিয়ে ৬ উইকেট পেলেন। ২টি মেডেন-সহ ১২ ওভারে ৫২ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন। মহম্মদ কাইফ ২টি মেডেন-সহ ১০ ওভারে ২৩ রান খরচ করে দুটি শিকার ঝুলিতে পুরেছেন।
প্রদীপ্ত প্রামাণিক ২ ওভারে ১০ এবং রোহিত কুমার চারটি মেডেন-সহ ৮ ওভারে ১৫ রান দিয়ে কোনও উইকেট পাননি। জবাবে প্রথম দিনের শেষে বাংলার স্কোর ৫ ওভারে ১ উইকেটে ১০ রান। ৯ বলে ১ রান করে আউট হয়েছেন ঋত্ত্বিক চট্টোপাধ্যায়। অঙ্কিত ২০ বলে ৫ ও রোহিত কুমার ১ বলে ০ রানে অপরাজিত রয়েছেন।
নক আউটের আশা জিইয়ে রাখতে বাংলাকে দুটি ম্যাচে জিততেই হবে। হরিয়ানার সঙ্গে বাংলার পয়েন্টের ব্যবধান ৬। দ্বিতীয় স্থানে কেরলের সঙ্গে এই ব্যবধান ৪। প্রথম দিনে ১১ উইকেট পড়ায় মনে করা হচ্ছে, এই ম্যাচের ফয়সালা হবে। বাংলার প্রথম লক্ষ্য থাকবে প্রথম ইনিংসে লিড আদায় করে নেওয়া।
অঙ্কিত, ঋত্ত্বিক ও রোহিত ছাড়াও বাংলা দলে রয়েছেন অভিষেক পোড়েল, ঋদ্ধিমান সাহা, সুদীপ কুমার ঘরামি, অধিনায়ক অনুষ্টুপ মজুমদার, প্রদীপ্ত প্রামাণিক, সুরজ, কাইফ ও মুকেশ। হরিয়ানার অংশুল কম্বোজ ২টি মেডেন-সহ ৩ ওভারে ৪ রান দিয়ে উইকেট পাননি। ২ ওভারে ২ রান খরচ করে সুমিত কুমার ১টি উইকেট পেয়েছেন।












Click it and Unblock the Notifications