Ranji Trophy: ৬৮ বলে শতরান হাঁকিয়ে রঞ্জিতে নজির রজত পাটীদারের, দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি কার দখলে?
Ranji Trophy: রঞ্জি ট্রফিতে দুরন্ত ইনিংস উপহার দিলেন রজত পাটীদার। যদিও নিজেদের মাঠে হরিয়ানার তিন পয়েন্ট দখল আটকাতে পারল না মধ্যপ্রদেশ।
রঞ্জি ট্রফির ইতিহাসে পঞ্চম দ্রুততম শতরানটি এলো রজত পাটীদারের ব্য়াট থেকে। রজতকে আইপিএল নিলামের আগে ধরে রাখতে পারে রয়্য়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

ইন্দোরের হোলকার স্টেডিয়ামে হরিয়ানার বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে মধ্যপ্রদেশ করে ৩০৮। জবাবে ৪৪০ রানে শেষ হয় হরিয়ানার প্রথম ইনিংস। এরপর মধ্যপ্রদেশ ৪ উইকেটে ৩০৮ তুলে ইনিংস ডিক্লেয়ার করে। জয়ের জন্য ১৭৭ রানের টার্গেট তাড়া করতে নেমে হরিয়ানা ৩৮ ওভারে ৩ উইকেটে ১১৫ তোলে।
রজত পাটীদার প্রথম ইনিংসে হর্ষল প্যাটেলের বলে ব্যক্তিগত ১৫ রানে কট বিহাইন্ড হয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে তিনি ১৩টি চার ও ৭টি ছয়ের সাহায্যে ১০২ বলে ১৫৯ রান করলেন। ফিরলেন ফর্মে। তিনি শতরান পূর্ণ করেন ৬৮ বলে, যা রঞ্জিতে পঞ্চম দ্রুততম।
মধ্যপ্রদেশের হয়ে ২০১৫ সালে কর্ণাটকের বিরুদ্ধে নমন ওঝা সেঞ্চুরি করেছিলেন ৬৯ বলে। সেই নজির ছাপিয়ে মধ্যপ্রদেশের হয়ে দ্রুততম রঞ্জি শতরানের রেকর্ডটি নিজের দখলে নিলেন রজত। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তাঁর ত্রয়োদশ শতরান। দলীপ ট্রফির ব্যর্থতার পর এই ইনিংস তাঁর আত্মবিশ্বাস বাড়াবে।
২০১৬ সালে ঝাড়খণ্ডের বিরুদ্ধে ঋষভ পন্থ ৪৮ বলে রঞ্জি শতরান পূর্ণ করেছিলেন। রঞ্জিতে সেটিই দ্রুততম শতরানের রেকর্ড। তবে ১৯৯০ সালে হরিয়ানার বিরুদ্ধে শক্তি সিং ৪৫ বলে সেঞ্চুরি করলেও যথোপযুক্ত তথ্য না থাকায় সেই নজির সরকারিভাবে স্বীকৃতি পায়নি।
১৯৮৭-৮৮ মরশুমে অসমের রাজেশ বোরা ৫৬ বলে শতরান করেছিলেন রঞ্জিতে। রঞ্জিতে দ্রুততম শতরানকারীদের তালিকায় তিনে রয়েছেন রিয়ান পরাগ। গত মরশুমে অসমের রিয়ান ছত্তিশগড়ের বিরুদ্ধে রঞ্জি ম্যাচে ৫৬ বলে সেঞ্চুরি করেছিলেন। ১৯৯৫-৯৬ মরশুমে তামিলনাড়ুর রেউবেন প্যাটেল গোয়ার বিরুদ্ধে রঞ্জিতে শতরান হাঁকান ৬০ বলে। তাঁর পরেই ঠাঁই করে নিলেন রজত।
হরিয়ানা এলিট গ্রুপ সি-র শীর্ষে। ৩ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে। কেরল ও কর্ণাটকের রয়েছে ৮ পয়েন্ট করে। বাংলার ৩ ম্যাচে ৫ পয়েন্ট। উত্তরপ্রদেশেরও তাই। পাঞ্জাবের রয়েছে ৩ ম্যাচে ৪ পয়েন্ট। মধ্যপ্রদেশের ৩ ম্যাচে ২ পয়েন্ট। বাংলার পরবর্তী ম্যাচ কর্ণাটকের বিরুদ্ধে, তারপর প্রতিপক্ষ মধ্যপ্রদেশ। বিহার ৩ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে সকলের নীচে রয়েছে।












Click it and Unblock the Notifications