Ranji Trophy: মুকেশ-সুরজের বিধ্বংসী বোলিংয়ে ৯৫ রানেই শেষ বিহার, ইডেনে প্রথম দিনেই এগিয়ে বাংলা
Ranji Trophy: ইডেনে রঞ্জি ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচ বিহারের বিরুদ্ধে খেলছে বাংলা। দুই দলেরই আর নক আউট পর্বে যাওয়ার আশা নেই। বাংলা চাইছে মনোজ তিওয়ারির বিদায়ী ম্যাচে জয় ছিনিয়ে নিতে।
সেই লক্ষ্যপূরণের দিকে অনেকটাই এগিয়ে গেল বাংলা। প্রথম দিনেই প্রথম ইনিংসে লিড নিশ্চিত করে ফেলেছে।

রাজকোট টেস্টের একাদশে রাখা হয়নি মুকেশ কুমারকে। তাঁকে রঞ্জি ম্যাচ খেলতে পাঠিয়ে দেওয়া হয়েছে। বাংলা দলে আকাশ দীপের জায়গায় এসেছেন মুকেশ। টস জিতে বিহারকে ব্যাট করতে পাঠিয়েছিলেন অধিনায়ক মনোজ তিওয়ারি। বাংলার পেসারদের দাপটে ৪৬.৪ ওভারে ৯৫ রানেই শেষ বিহার।
২০ রানের মধ্যে তিনটি উইকেট পড়ে দিয়েছিল। ৫৩ রান ওঠার ফাঁকে অর্ধেক ব্যাটিং লাইন আপকে সাজঘরে পাঠিয়ে দেন বাংলার বোলাররা। ঋষভ রাজ ২৬, রঘুবেন্দ্র প্রতাপ সিং ২৩ ও সাকিবুল গনির ১৪ ছাড়া কারও রান দুই অঙ্কের ঘরে পৌঁছয়নি। মুকেশ কুমার পাঁচটি মেডেন-সহ ১৪ ওভারে ১৮ রান খরচ করে চারটি উইকেট দখল করেন।
চলতি মরশুমে বাংলার সফলতম পেসার সুরজ সিন্ধু জয়সওয়াল ১৮.৪ ওভারে ৯টি মেডেন-সহ ৪৭ রানের বিনিময়ে চারটি উইকেট নেন। তিনটি মেডেন-সহ ১১ ওভারে ১৯ রান দিয়ে ১ উইকেট মহম্মদ কাইফের। একটি রান আউটও করেন তিনি। শাহবাজ আহমেদ ৩ ওভারে ৭ রান দিয়ে কোনও উইকেট পাননি।
জবাবে দিনের শেষে বাংলার স্কোর ৩৩ ওভারে ২ উইকেটে ১১১। রণজ্যোৎ সিং খাইরার পরিবর্তে অভিমন্যু ঈশ্বরণের সঙ্গে ওপেন করতে পাঠানো হয়েছিল শাকির হাবিব গান্ধীকে। তিনি ৫৭ বলে ১৯ রান করেন। ওপেনিং জুটি ভাঙে ১৩ ওভারে ৩৫ রানে।
২৫.১ ওভারে পড়ে দ্বিতীয় উইকেট। করণ লাল ৩৯ বলে ২৮ রান করেন। অভিমন্যু ঈশ্বরণ ৬টি চারের সাহায্যে ৬৯ বলে ৪৮ এবং অনুষ্টুপ মজুমদার ৩৪ বলে ১৩ রানে অপরাজিত রয়েছেন। রণজ্যোৎ সিং খাইরা দলে জায়গা ধরে রাখলেও ব্যাট করবেন মিডল অর্ডারেই। সুদীপ ঘরামি, অঙ্কিত মিশ্রকে দলে রাখা হয়নি।
একটা সময় বাংলার হয়ে খেলা বীর প্রতাপ সিং এখন খেলছেন বিহারের হয়ে। তিনি হাবিবের উইকেটটি দখল করেছেন। রবি শংকর সাজঘরে ফেরান করণ লালকে। খেলা যেভাবে এগিয়ে চলেছে তাতে এই ম্যাচে ফয়সালা তিন দিনেই হয়ে যেতে পারে। মনোজ তিওয়ারি কালই সম্ভবত শেষবারের জন্য ব্যাট করতে নামবেন। কেন না, দ্বিতীয় ইনিংসে বাংলাকে ব্যাট করার দরকার পড়বে না। ম্যাচের শেষে মনোজকে সংবর্ধনা দেবে সিএবি।












Click it and Unblock the Notifications