Ranji Trophy: গ্রিন টপে হতাশ করলেন শামি, রঞ্জি দ্বৈরথে মধ্যপ্রদেশ অস্বস্তি বাড়াচ্ছে বাংলার
Ranji Trophy: রঞ্জি ট্রফিতে মধ্যপ্রদেশের বিরুদ্ধে প্রথম দিনে হতাশ করলেন মহম্মদ শামি। গত বছর বিশ্বকাপের পর এই প্রথম প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলেন।
ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ম্যাচটি হচ্ছে গ্রিন টপে। বাংলা ২২৮ রানে গুটিয়ে যায়। কিন্তু শামি ১০ ওভার হাত ঘুরিয়েও এখনও কোনও উইকেট পাননি।

মধ্যপ্রদেশ ৩০ ওভারে ১ উইকেট হারিয়ে ১০৩ রান তুলেছে। ষোড়শ ওভারের প্রথম বলে ৫১ রানের মাথায় একমাত্র উইকেটটি হারায় মধ্যপ্রদেশ। ওপেন করতে নেমে উইকেটকিপার হিমাংশু মন্ত্রী ২৪ বলে ১৩ রান করে শামির ভাই মহম্মদ কাইফের শিকার হন।
ওপেনার শুভ্রাংশু সেনাপতি ১০৩ বলে ৪৪ ও তিনে নামা রজত পাটীদার ৫৫ বলে ৪১ রানে অপরাজিত রয়েছেন। প্রথম দিনের শেষে মধ্যপ্রদেশ বাংলার প্রথম ইনিংসের রানের চেয়ে ১২৫ রানে পিছিয়ে রয়েছে। হাতে ৯ উইকেট। সবুজ উইকেটে শুধু শামিই নন, হতাশ করলেন বাকিরাও।
শামির দিকে নজর রাখতে ন্যাশনাল ক্রিকেট আকাদেমির ফিজিও ও ট্রেনার হাজির রয়েছেন ইন্দোরে। শামি বারবারই বলছিলেন তিনি ম্যাচ খেলতে প্রস্তুত। তবে তাঁর গোড়ালি নিয়ে অস্বস্তি ধরা পড়ছিল বোলিংয়ের সময়। প্রথম স্পেলে চার ওভারের বেশি করেননি শামি।
— Apurv Nigudkar (@ApurvNigudkar_) November 13, 2024
প্রথম স্পেলে শামি ৪ ওভার বল করেছেন। ১৬ রান দিয়েছেন, কোনও উইকেট পাননি। এর মধ্যে তিনটি চার পেয়েছে মধ্যপ্রদেশ। ২টি কভার ও ১টি পয়েন্ট অঞ্চল দিয়ে। দ্বিতীয় স্পেলে শামি ৬ ওভার করেন। ১টি মেডেন-সহ ১০ ওভারে ৩০ রান দিয়ে তিনি উইকেট পাননি।
শামির ভাই কাইফ প্রথম চেঞ্জ বোলার হিসেবে এসেছিলেন। ৮ ওভারে ৩১ রান খরচ করে তিনি একটি উইকেট পেয়েছেন। সুরজ সিন্ধু জয়সওয়াল ৫ ওভারে ২০, রোহিত কুমার ১টি মেডেন-সহ ৬ ওভারে ১১ ও শাহবাজ আহমেদ ১ ওভারে ৫ রান দিয়ে উইকেট পাননি।
মধ্যপ্রদেশ প্রথম ইনিংসে এগিয়ে গেলে বাংলাকে সরাসরি জয় ছিনিয়ে নিতেই হবে। না হলে ইন্দোরেই জলাঞ্জলি দিতে হবে নক-আউটে যাওয়ার স্বপ্নের। ঈশান পোড়েল ও ঋষভ বিবেক চোটের কারণে খেলতে পারছেন না এই ম্যাচে। তবে শামির উপস্থিতিতেও বাংলার চাপ কাটল না।
এদিন টস জিতে ফিল্ডিং নিয়েছিল মধ্যপ্রদেশ। বাংলা ৫১.২ ওভারে ২২৮ রানেই গুটিয়ে যায়। শাহবাজ আহমেদ ৯২, অধিনায়ক অনুষ্টুপ মজুমদার ৪৪, ঋত্ত্বিক চট্টোপাধ্যায় ও সুরজ সিন্ধু জয়সওয়াল- দুজনেই ১৯ রান করেন। সুদীপ চট্টোপাধ্য়ায় ১৫, ঋদ্ধিমান সাহা ১০, সুদীপ ঘরামি ১০ রানে আউট হন। শামি ব্যাট হাতেও ২ রানের বেশি করতে পারেননি। আরিয়ান পাণ্ডে ও কুলবন্ত খেজরোলিয়া চারটি করে উইকেট দখল করেন।












Click it and Unblock the Notifications