সুদীপ ঘরামির শতরানেও পুরো পয়েন্টের আশা কার্যত নেই, ত্রিপুরার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিতে মরিয়া বাংলা
আগরতলা থেকে অন্তত তিন পয়েন্ট নিয়ে ফিরতে মরিয়া লড়াই চালাতে হবে বাংলাকে। ত্রিপুরা এবার একটি ম্যাচেও জেতেনি। পয়েন্ট তালিকার সবার নীচে।
যদিও ফেভারিট বাংলার পথে বাধা হচ্ছে প্রকৃতি। আজও বৃষ্টির কারণে দেরিতে খেলা শুরু হয়। গতকাল প্রথম দিনে হয়েছিল ৬০ ওভার, আজ ৫৫ ওভার।

দ্বিতীয় দিনের শেষে বাংলার স্কোর ৯ উইকেটে ৩৩৬ রান। গতকাল ৬০ ওভারে স্কোর ছিল ১ উইকেটে ১৭১। আজও রান তোলার গতি বাড়াতে পারেনি বাংলা। তাহলে অন্তত দিনের শেষের দিকে ত্রিপুরাকে ব্যাট করতে নামিয়ে ১ বা ২টি উইকেট তুলে নিয়ে চাপে রাখা যেত। বাংলার রান রেট মাত্র ২.৯২।
শাকির হাবিব গান্ধী পাঁচ রানের জন্য শতরান হাতছাড়া করেন। ১২টি চার রয়েছে তাঁর ২২৮ বলে ৯৫ রানের ইনিংসে। সুদীপ কুমার ঘরামি প্রথম শ্রেণির কেরিয়ারের ষষ্ঠ শতরান হাঁকালেন এদিন। তিনি ২৫০ বল খেলে করেন ১০৮, ১৫টি চারের সাহায্যে।
অধিনায়ক অভিষেক পোড়েল ৩০ বলে ১১, সুমন্ত গুপ্ত ৯ বলে ৫, রাহুল প্রসাদ ৪৬ বলে ৩৫, মহম্মদ কাইফ ৪ বলে ০, মহম্মদ শামি ৯ বলে ৫ রান করেন। শাহবাজ আহমেদ ২টি চারের সাহায্যে ৮২ বলে ৪০ ও ঈশান পোড়েল ২ বলে শূন্য রানে অপরাজিত আছেন। রানা দত্ত তিনটি, অধিনায়ক মণিশংকর মুড়াসিং ও বিক্রমকুমার দাস ২টি করে এবং অভিজিৎ সরকার ও স্বপ্নিল সিং ১টি করে উইকেট পেয়েছেন।
এদিকে, মঙ্গলাপুরমে কেরলের বিরুদ্ধে দ্বিশতরান হাঁকিয়েছেন কর্ণাটকের করুণ নায়ার ও রবিচন্দ্রন স্মরণ। সৌরাষ্ট্রর বিরুদ্ধে প্রথম ম্যাচে করুণ ৭৩ ও ৮ রান করেছিলেন। গোয়ার বিরুদ্ধে করেন অপরাজিত ১৭৪। আজ তিনি আউট হলেন ২৩৩ রান করে। ৩৮৯ বল খেলে ২৫টি চার ও ২টি ছয় মারেন। স্মরণ ৩৯০ বলে ২২০ রানে অপরাজিত থাকেন, ১৬টি চার ও তিনটি ছয়ের সাহায্যে। নাগাল্যান্ডের বিরুদ্ধে দ্বিশতরান করেছেন ঝাড়খণ্ডের ওপেনার শিখর মোহন (৩০৩ বলে ২০৭)।












Click it and Unblock the Notifications